Bhilangana Lake: দুধগঙ্গা হিমবাহ গলে ক্রমেই বড় হচ্ছে ভিলাঙ্গনা হ্রদ, আশঙ্কা ভয়াবহ বিপর্যয়ের
দুধগঙ্গা হিমবাহ গলে যাওয়ার ফলে গঠিত ভিলাঙ্গনা হ্রদের আকার ক্রমাগত বাড়ছে। ১৯৮০ সালের দিকে তৈরি হয়েছিল এই হ্রদটি। আর মাত্র ৪৫ বছরের মধ্যে এটি ১.২০৪ কিলোমিটার লম্বা এবং ৫২৮ মিটার প্রশস্ত হয়ে গিয়েছে।
উত্তরাখণ্ডে কেদারনাথের মতো আরেকটি দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ওয়াদিয়া ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সম্প্রতি একটি সমীক্ষা চালিয়ে দেখেছেন যে তেহরির হিমালয় অঞ্চলে ঘানশালিতে দুধগঙ্গা হিমবাহ গলে যাওয়ার ফলে গঠিত ভিলাঙ্গনা হ্রদের আকার ক্রমাগত বাড়ছে। ১৯৮০ সালের দিকে তৈরি হয়েছিল এই হ্রদটি। আর মাত্র ৪৫ বছরের মধ্যে এটি ১.২০৪ কিলোমিটার লম্বা এবং ৫২৮ মিটার প্রশস্ত হয়ে গিয়েছে। বিজ্ঞানীরা অনুমান করেছেন যে হ্রদটিতে ১০ মিলিয়ন ঘনমিটার জল রয়েছে। ৪৭৫০ মিটার উচ্চতায় অবস্থিত হ্রদটিকে 'সবচেয়ে বিপজ্জনক বিভাগে' অন্তর্ভুক্ত করেছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। হ্রদটি ক্ষতিগ্রস্ত হলে নিম্নাঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
দুধগঙ্গা হিমবাহ গলে যাওয়ার ফলে গঠিত ভিলাঙ্গনা হ্রদের আকার ক্রমাগত বাড়ছে। (AFP)
ওয়াদিয়া ইন্সটিটিউট অফ হিমালয়ান জিওলজির বিজ্ঞানীরা দেশের চারটি প্রধান প্রতিষ্ঠানের সঙ্গে মিলে এই অঞ্চলে হিমবাহ গলে যাওয়ার গতি নিয়ে গবেষণা করছে। সেই গবেষণার সময়ই ভিলাঙ্গনা হ্রদ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ১৯৬৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত তথ্যের একটি সমীক্ষায় দেখা গেছে যে এই অঞ্চলের হিমবাহগুলি প্রতি বছর ০.৭ মিটার হারে গলে যাচ্ছে। হিমবাহের গলে যাওয়ার গতি বৃদ্ধির সাথে সাথে হ্রদও বড় হচ্ছে। এই হ্রদের লক্ষাধিক ঘনমিটার জল নিচু এলাকায় এক নিমিষেই ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে।
ভিলাঙ্গনা হ্রদের বেসিনে ৩৬টি ছোট এবং বড় হিমবাহ রয়েছে, যার মোট আয়তন ৭৮ বর্গ কিলোমিটার। বেসিনে আরও ১১টি হিমবাহ হ্রদ রয়েছে, যার মোট আয়তন ০.৬১ বর্গ কিলোমিটার। হিমবাহ গলে যাওয়ার জেরে ২০০০ থেকে ২০২০ সালের মধ্যে হ্রদের সংখ্যা ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজির সিনিয়র বিজ্ঞানী অমিত কুমার বলেছেন যে এই হ্রদে যদি কোনও বিপর্যয় ঘটে, তাহলে প্রতি সেকেন্ডে ৩০ মিটার গতিতে ৩৬৪৫ ঘনমিটার জল নেমে আসতে পারে সেটি থেকে।
News/News/Bhilangana Lake: দুধগঙ্গা হিমবাহ গলে ক্রমেই বড় হচ্ছে ভিলাঙ্গনা হ্রদ, আশঙ্কা ভয়াবহ বিপর্যয়ের