তথ্যের সুরক্ষা সংশয়! 2025 সালে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ড কী? আপনিও কী ব্যবহার করেন?
দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা সহজেই অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে বিপদে ফেলতে পারে।
আজকালকার যুগে ব্যাঙ্কিং থেকে শুরু করে শপিং-সব কিছুই অনলাইনে হয়ে যাচ্ছে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো রয়েছেই। তাই ডিজিটাল তথ্য সুরক্ষিত রাখা গুরুত্বপূর্ণ। আর তার জন্য মানুষ ব্যবহার করেন পাসওয়ার্ড। পাসওয়ার্ড-ই আমাদের অনলাইন সুরক্ষার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাচীর। ভারত-সহ গোটা বিশ্বে সবথেকে বেশি কোন পাসওয়ার্ড ব্যবহার করে জানেন? সদ্য প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ২০২৫ সালে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ডগুলি হল 'qwerty', '123456', 'admin', 'password' এবং 'India@123'। কিন্তু আশ্চর্যের বিষয় হল লক্ষ লক্ষ মানুষ এখনও এমন পাসওয়ার্ড ব্যবহার করছেন যা হ্যাকাররা মুহূর্তের মধ্যে ভেঙে ফেলতে পারে।

ব্রিটেনের সংস্থা কম্পারিটেকের গবেষকরা ২ বিলিয়নেরও বেশি অ্যাকাউন্ট পরীক্ষা করেছেন যাদের পাসওয়ার্ড ডেটা লঙ্ঘনের মতো ঘটনা ঘটেছে। পাসওয়ার্ডের জন্য নম্বরকে যেখানে মানুষ সর্বাধিক গুরুত্ব দেন, ঠিক সেখানেই আবার কিছু মানুষ পাসওয়ার্ড হিসেবে নির্দিষ্ট কিছু জায়গার নাম ব্যবহার করতেই পছন্দ করেন। ইন্টারনেট ব্যবহারকারীরা তা সে যে দেশেরই হোক না কেন, তাঁরা দেশ বা শহরের নাম অনুসন্ধান করেন। ভারতও তার ব্যতিক্রম নয়। সর্বাধিক জনপ্রিয় পাসওয়ার্ডের তালিকায় রয়েছে 'admin', 'Aa123456', '123', '1234567890' এবং 'password'। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে ৭৬,০০০ এরও বেশি মানুষ '123456' পাসওয়ার্ড ব্যবহার করছেন। সেখানে 'admin' রয়েছে ১৯ লক্ষেরও বেশি মানুষের পাসওয়ার্ড। গবেষকরা আরও বলেছেন, দেশের নাম ব্যবহার করে সর্বাধিক ব্যবহৃত পাসওয়ার্ডের তালিকায় ‘India@123’ ৫৩তম স্থানে রয়েছে।
সর্বাধিক জনপ্রিয় ১০টি পাসওয়ার্ড
123456
12345678
123456789
admin
1234
Aa123456
12345
password
123
1234567890
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মানুষ গুরুত্ব না দেওয়ার কারণে পাসওয়ার্ড অনুমান করা 'ABC' এবং '123'-এর মতোই সহজ হয়ে গিয়েছে।
কীভাবে পাসওয়ার্ড সুরক্ষিত রাখা যায়?
দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা সহজেই অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে বিপদে ফেলতে পারে। তাই অনলাইনে সুরক্ষিত থাকতে ইমেল, সোশ্যাল মিডিয়া-সহ গুরুত্বর্পূর্ণ ডিজিটাল অ্যাকাউন্টগুলিতে অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। তার সঙ্গে পাসওয়ার্ডের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকা দরকার। মাইক্রোসফটের মতে, অ্যাকাউন্টের নিরাপত্তা জন্য কমপক্ষে ১২ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডে অবশ্যই ছোট-বড় অক্ষরের পাশাপাশি একাধিক সংখ্যা ও চিহ্ন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে নিজের প্রিয়জন বা পছন্দের জীবজন্তু, বস্তুর নামের সমন্বয়ে পাসওয়ার্ড দেওয়া যাবে না।
বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত লুভর মিউজিয়ামে ১০ কোটি ২০ লক্ষ ডলার মূল্যের গয়না চুরির ঘটনায় আন্তর্জাতিক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ তদন্তে জানা গেছে, লুভরের নজরদারি ব্যবস্থার পাসওয়ার্ড ছিল অত্যন্ত সহজ শুধুমাত্র ‘Louvre।’ বিশ্বের অন্যতম প্রধান সাংস্কৃতিক ঐতিহ্যের স্থানে এমন দুর্বল সাইবার নিরাপত্তার বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা ও ক্ষোভ।












