T20I World Cup: তর্জন-গর্জন নাটক শেষ! পাকিস্তান নতিস্বীকার করতেই হুঙ্কার BCCI-র, রাজীব শুক্লা বললেন...

অবশেষে নতিস্বীকার করে পাকিস্তান এবং আগামী ১৫ ফেব্রুয়ারি তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়।

Published on: Feb 10, 2026 2:48 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অনেক তর্জন, অনেক গর্জন, অনেক হুঙ্কার, অনেক নাটক। শেষমেশ পাকিস্তানের বয়কট-হুঁশিয়ারির নির্যাস-মাঠে নাম বাধ্য হওয়া। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যে নাটক গত কয়েক সপ্তাহ ধরে চলছিল, তার ইতি টেনেছে পিসিবি-ই। শেষপর্যন্ত আইসিসি-র কাছে নতিস্বীকার করতেই হল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। যাবতীয় জল্পনা কাটিয়ে পাকিস্তান শেষ পর্যন্ত জানিয়েছে যে তারা ভারতের বিরুদ্ধে খেলতে প্রস্তুত। এরমধ্যে আইসিসি জানিয়েছে, ‘বর্তমান বিষয়ের পরিপ্রেক্ষিতে (বিশ্বকাপ বয়কট) বিসিবির উপর কোনও আর্থিক, ক্রীড়া বা প্রশাসনিক জরিমানা বা শাস্তি আরোপ করা হবে না।' এই আবহে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে বড়সড় বিবৃতি সামনে এল।

রাজীব শুক্লা। (ফাইল ছবি, সংসদ টিভি)
রাজীব শুক্লা। (ফাইল ছবি, সংসদ টিভি)

পাকিস্তান ক্রিকেট বোর্ড গত ১ ফেব্রুয়ারি ঘোষণা করেছিল যে তারা ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। এই পরিস্থিতিতে আইসিসি হুঁশিয়ারি দিয়েছিল, এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড, বিসিবি এবং আইসিসি-র মধ্যে একাধিকবার বৈঠক হয়। অবশেষে নতিস্বীকার করে পাকিস্তান এবং আগামী ১৫ ফেব্রুয়ারি তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে রাজি হয়। পাকিস্তান সরকারের পক্ষ থেকে গত ৯ ফেব্রুয়ারি রাতে এই মর্মে একটি ঘোষণাও করা হয়েছে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে এবার বিসিসিআই-এর একটি বক্তব্য প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা বলেন, ‘আমি খুবই আনন্দিত যে আইসিসি উদ্যোগ নিয়ে লাহোরে বিসিবি ও পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করে একটি চমৎকার সমাধান বের করেছে। এটি একটি বন্ধুত্বপূর্ণ সমাধান, যেখানে ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুরো কৃতিত্ব আইসিসির। তারা সবাইকে আলোচনার টেবিলে এনে বিষয়টির সুরাহা করেছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে খেলা হবে-আমাদের সবার জন্য এটিই সবচেয়ে বড় সুসংবাদ।’ রাজীব শুক্লা বলেন যে ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য এখন বোঝাপড়া স্পষ্ট হওয়ায়, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ একটি সাফল্যের গল্প হিসেবে আবির্ভূত হবে। ৭ ফেব্রুয়ারি পাকিস্তান এবং নেদারল্যান্ডসের মধ্যে উদ্বোধনী ম্যাচ দিয়ে এই টুর্নামেন্টটি শুরু হয়েছিল। বিসিসিআই-র সহ সভাপতি জানান, 'এটা আমাদের সকলের জন্য সুখবর, এবং ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হবে। পাকিস্তানও খেলবে। ফলে এই বিশ্বকাপও বড় সাফল্যের গল্প হবে। এই আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের অনুভূতিও মূল্যায়ন করা হয়েছে, তাদের বোর্ডকে কিছুটা স্বস্তি দেওয়া হয়েছে, এবং তারাও খুশি।'

পয়লা ফেব্রুয়ারি থেকে যখন এই ঝামেলা শুরু হয়, তখন থেকেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই ব্যাপারে কুলুপ এঁটেছিল। কোনও মন্তব্য বোর্ডের তরফ থেকে করা হয়নি। ওই সময়ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়েছিলেন, এই ব্যাপারটা সম্পূর্ণভাবে আইসিসি-র এক্তিয়ারভুক্ত। ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলই ব্যাপারটা মেটাবে। বিসিসিআই শুধুমাত্র নিজেদের ব্যাপারেই কথা বলেছিল। অন্য ক্রিকেট বোর্ডের মতো বিসিসিআই অবশ্য মুখের কথায় খুব বেশি বিশ্বাসী নয়। খুব ভেবেচিন্তে তারা এই ব্যাপারে নিজেদের মতামত দিয়েছিল। আপাতত এই আইসিসি টুর্নামেন্টকে সফল করার জন্য বোর্ড সর্বোতভাবে চেষ্টা করে যাচ্ছে।