'প্রধানমন্ত্রীর পর সবচেয়ে...,' ভারতীয় ক্রিকেটে গৃহযুদ্ধ? শশীর বার্তায় বিস্ফোরক জবাব গম্ভীরের
কোনও আবেগ বা ব্যাখ্যায় না গিয়ে, সংযত ভাষাতেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন গৌতম গম্ভীর।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ জয়ের উচ্ছ্বাস ছাপিয়ে রাতের অন্ধকারে ভারতীয় ক্রিকেটে ছড়িয়ে পড়ল তীব্র অস্বস্তির সুর। জয়ের আনন্দের মধ্যেই আচমকা বিস্ফোরক বার্তা দিলেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। এক গভীর রাতের পোস্টে তিনি কার্যত প্রশ্ন তুলে দিলেন, ভারতীয় ক্রিকেটে কী সত্যিই চলছে ‘গৃহযুদ্ধ’? আর সেই লড়াইয়ে কী তাঁকেই দাঁড় করানো হচ্ছে নিজের লোকেদের বিরুদ্ধে?

বুধবার নাগপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে জয়ের পরই এই বিতর্কের সূত্রপাত। ভারতের কোচ হিসেবে নিজের ভূমিকা ও ক্ষমতা নিয়ে যে আলোচনা চলছে, তা যে বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না, সেই ইঙ্গিতই দিলেন গৌতম গম্ভীর। তবে এই প্রসঙ্গের সূত্রপাত হয়েছিল কংগ্রেস সাংসদ শশী থারুরের একটি পোস্ট থেকে। নাগপুরে নতুন ভিডিসিএ স্টেডিয়ামে গম্ভীরের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করেন শশী থারুর। সেখানে তিনি লেখেন, ‘নাগপুরে আমার পুরনো বন্ধু গৌতম গম্ভীরের সঙ্গে খোলামেলা আলোচনা হল। প্রধানমন্ত্রীর পর ভারতে সবচেয়ে কঠিন কাজটা বোধহয় ওরই।’ পরে তিনি জুড়ে দেন, গম্ভীর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন, সমালোচনা আর বিচার সহ্য করেও শান্ত থাকেন। শত চাপ সামলেও নির্বিকারভাবে নিজের কাজ করে চলেছেন শুভমান গিলদের হেডস্যার।
কী বললেন গৌতম গম্ভীর?
কংগ্রেস সাংসদের সেই পোস্ট শেয়ার করে গম্ভীর এক্সে লেখেন,‘ধন্যবাদ, ড. শশী থারুর।সময়ের সঙ্গে সঙ্গে কোচের তথাকথিত 'অসীম ক্ষমতা' নিয়ে সত্য আর যুক্তি পরিষ্কার হবে। ততদিন আমি নিজের লোকদের বিরুদ্ধেই আমাকে দাঁড় করানোর এই নাটকটা উপভোগ করছি।’ কোনও আবেগ বা ব্যাখ্যায় না গিয়ে, সংযত ভাষাতেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন গম্ভীর। তবে এই বক্তব্যেই স্পষ্ট ইঙ্গিত, দলের অন্দরে মহারথীদের সঙ্গে তাঁর সংঘাত চলছে, এমন প্রচার বা ধারণা তাঁকে ব্যথিত করছে। গম্ভীরের মতে, সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভারতীয় ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’-এর ছবি তুলে ধরা হচ্ছে, তা বাস্তবের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। বরং এই ধরনের বয়ান অযথা বিভ্রান্তি তৈরি করছে। তবে বাস্তবতা আরও কঠিন। কোচ হিসেবে এই মুহূর্তে গম্ভীর অগ্নিপরীক্ষার মধ্যেই রয়েছেন। টেস্ট ক্রিকেটে তাঁর কোচিংয়ে ভারতের রেকর্ড আশাব্যঞ্জক নয়, ওয়ানডেতেও সাফল্য সীমিত। একমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটেই দল কিছুটা ছন্দে রয়েছে, আর সামনে সেই ফরম্যাটের বিশ্বকাপ। তার আগেই নিজের অবস্থান ও দায়িত্ব নিয়ে চাপের কথা যেন পরোক্ষভাবে স্বীকার করে নিলেন ভারতীয় দলের কোচ।
E-Paper











