পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে মামদানির অভিষেক: নতুন বছরে কোরান হাতে শপথ নিউইয়র্কের মেয়র মামদানির

ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মামদানির দায়িত্ব গ্রহণের প্রথম দিনের সূচিতে প্রতিফলিত হয়েছে তাঁর রাজনীতি ও অগ্রাধিকার।

Published on: Jan 01, 2026 12:17 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নতুন বছরের শুরুতেই ম্যানহাটনে পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে ১০০ বছরের পুরনো কোরান হাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে শপথগ্রহণ করলেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। ৩৪ বছর বয়সি মামদানি নিজেকে একজন ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী হিসেবে পরিচয় দেন এবং তিনি নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হওয়ার গৌরব অর্জন করেছেন। ৮০ লক্ষ মানুষের এই শহরে কেউ আশা নিয়ে, কেউ শঙ্কা নিয়ে তাকিয়ে আছেন এই ‘ক্যারিশম্যাটিক’ নেতার দিকে, যাকে অনেকেই ভবিষ্যৎ নিউইয়র্কের জন্য ‘ব্যবস্থা ভাঙার’ মেয়র হিসেবে দেখছেন।

পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে মামদানির অভিষেক (via REUTERS)
পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে মামদানির অভিষেক (via REUTERS)

ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মামদানির দায়িত্ব গ্রহণের প্রথম দিনের সূচিতে প্রতিফলিত হয়েছে তাঁর রাজনীতি ও অগ্রাধিকার। তবে একই সঙ্গে আগের মেয়রদের রীতি থেকেও খুব একটা বিচ্যুতি নেই। বৃহস্পতিবার রাত ১২টায় একটি সংক্ষিপ্ত ও আনুষ্ঠানিক শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন বছরের প্রাক্কালে মধ্যরাতে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস সাবওয়ে স্টেশনে নতুন মেয়রকে শপথ বাক্য পাঠ করান। তিনি মামদানির বন্ধু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধী হিসেবে পরিচিত। মামদানি বলেন, ‘এটা সত্যিই আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও সৌভাগ্য।’ এরপরে বৃহস্পতিবার বিকেলে সিটি হলের সিঁড়িতে ফের জনসমক্ষে শপথ নেবেন মামদানি। সেখানে তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন ভারমন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স। অনুষ্ঠান শেষে ব্রডওয়েতে ব্লক পার্টিরও আয়োজন করা হয়েছে। নিউইয়র্কের আইন অনুযায়ী, নির্বাচনের পরবর্তী বছরের ১ জানুয়ারি থেকেই মেয়রের চার বছরের মেয়াদ শুরু হয়। শহরের ক্ষমতা হস্তান্তর নিয়ে যেন কোনও ধরনের বিভ্রান্তি না থাকে, সে জন্যই মধ্যরাতে ছোট পরিসরে শপথ নেওয়ার রীতি চালু রয়েছে।

মামদানি মধ্যরাতের শপথের স্থান হিসেবে বেছে নিয়েছেন ‘ওল্ড সিটি হল’ সাবওয়ে স্টেশন। গত শতাব্দীর মাঝামাঝি সময়ে বন্ধ হয়ে যাওয়া এই স্টেশনটি বছরে মাত্র কয়েকবার গাইডেড ট্যুরের মাধ্যমে সাধারণ মানুষের জন্য খোলা হয়। ১৯০৪ সালে মেট্রো চালু হয়েছিল নিউ ইয়র্কে। সেই সময়ে ২৮টি স্টেশন তৈরি হয়। তার মধ্যে সিটি হল সাবওয়ে স্টেশনও একটি। দেওয়াল জুড়ে সবুজ আর নীল রঙের মোজাইক টাইলস। গম্বুজের মতো ছাদ। সব মিলিয়ে স্টেশনের গায়ে আজও পুরনো ঐতিহ্য লেগে রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে শহরের জনসংখ্যা বেড়েছে। ছোট স্টেশনে লোক কুলিয়ে ওঠাই দায়। তাই ১৯৪৫ সালে স্টেশনটি পাকাপাকি ভাবে বন্ধ করে দেওয়া হয়। ‘৫ নম্বর’ মেট্রো ঘোরানোর জন্যই এই স্টেশন ব্যবহার করা হয় এখন। মামদানির ট্রানজিশন টিমের ভাষায়, 'এই সাবওয়ে স্টেশন নির্বাচন তার সেই শ্রমজীবী মানুষদের প্রতি অঙ্গীকারের প্রতিফলন, যারা প্রতিদিন আমাদের শহর সচল রাখেন।' নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন মামদানি। তাঁর ঝুলিতে গিয়েছে ৫০ শতাংশের বেশি ভোট। মামদানির বিপরীতে দাঁড়িয়েছিলেন প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া। দু’জনের কেউই ৫০ শতাংশের গণ্ডি টপকাতে পারেননি। প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো পেয়েছেন ৪১ শতাংশ ভোট। স্লিওয়া আরও কম, মাত্র ১০ শতাংশ। মামদানিই এখন নিউ ইয়র্কের কনিষ্ঠতম মেয়র।