Calcutta High Court: ২০৫ বিএড কলেজে ভর্তি বন্ধ, নিয়োগেও প্রভাব! রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে ৫৭ কলেজ

Calcutta High Court: আগেই উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, শিক্ষাকে কোনওভাবেই পণ্য করতে দেওয়া হবে না এবং শিক্ষার গুণমান বজায় রাখতে হবে। সেই মতো উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দফতর যৌথভাবে বিএএড, আইটিআই, পলিটেকনিক এবং ফার্মা কলেজগুলিতে কঠোর পরিদর্শন ড্রাইভ চালায়।

Published on: Nov 9, 2026, 17:39:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Calcutta High Court: রাজ্যে একসঙ্গে ২০৫টি বিএড কলেজে (BEd colleges) নতুন ভর্তি বন্ধ হয়েছে। তার জেরে থমকে গিয়েছে ওই কলেজগুলিতে নিয়োগ প্রক্রিয়াও। এবার পশ্চিমবঙ্গের ২০৫টি বিএড কলেজের অনুমোদন নবীকরণ না করার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠান। উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ ছাড়াই প্রতিষ্ঠানগুলি বন্ধের মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। মঙ্গলবার এই সংক্রান্ত শুনানির সম্ভাবনা রয়েছে।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট

সম্প্রতি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি (Baba Saheb Ambedkar Education University – BSAEU) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য অনুমোদন নবীকরণের অযোগ্য কলেজগুলির একটি তালিকা প্রকাশ করে। বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, তালিকায় থাকা কলেজগুলি নির্ধারিত সরকারি ও প্রশাসনিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। যার ফলে তাদের অ্যাফিলিয়েশন নবীকরণ বাতিল করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, চিহ্নিত কলেজগুলি ২০২৬-২০২৮ সেশনে বি এড কোর্সে কোনও নতুন ছাত্রছাত্রী ভর্তি নিতে পারবে না। তবে কর্তৃপক্ষ বিএড কলেজগুলিকে দ্রুত পরিকাঠামোগত ও শিক্ষক সংক্রান্ত ঘাটতি মিটিয়ে ফেলার সুযোগ দিয়েছে, যাতে তারা পরবর্তী ২০২৭-২০২৯ সেশনের ভর্তির জন্য নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে।

এই নিয়ে আগেই উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, শিক্ষাকে কোনওভাবেই পণ্য করতে দেওয়া হবে না এবং শিক্ষার গুণমান বজায় রাখতে হবে। সেই মতো উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা দফতর যৌথভাবে বিএএড, আইটিআই, পলিটেকনিক এবং ফার্মা কলেজগুলিতে কঠোর পরিদর্শন ড্রাইভ চালায়। প্রথম দফার পরিদর্শনের পর ১৫৬টি বিএড কলেজকে ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষে সরাসরি ভর্তির অনুমতি দেওয়া হয়েছিল। মানদণ্ড পূরণ করতে না পারায় ৪১৫টি বি এড কলেজকে পরিকাঠামো উন্নতির জন্য ২১ দিনের শো-কজ বা নোটিশ পাঠানো হয়। এর মধ্যে ৯টি কলেজ কোনও জবাব দেয়নি। বাকি কলেজগুলির ক্ষেত্রে প্রথম দফার পরিদর্শকদের বদলে সম্পূর্ণ নতুন ইন্সপেক্টর পাঠিয়ে দ্বিতীয় দফার পরীক্ষা চালানো হয়। দ্বিতীয় দফার পরিদর্শনের পর ২৩৭টি বি এড কলেজ প্রয়োজনীয় মানদণ্ড অতিক্রম করায় ৪ নভেম্বর থেকে তাদের ২০২৬-২৮ সেশনে ভর্তি নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত পর্যালোচনায় দেখা গেছে যে, অবশিষ্টাংশ ২০৫টি বি এড কলেজ গুণমান পূরণ করতে ব্যর্থ হয়েছে। ফলে ২০২৬-২৮ শিক্ষাবর্ষের জন্য তাদের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলাকারী কলেজগুলির দাবি, পরিদর্শনের প্রক্রিয়ায় স্বচ্ছতা নেই। কী ঘাটতি রয়েছে, তা বিস্তারিতভাবে না জানিয়ে একতরফাভাবে ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা সমস্যায় পড়বেন।