Kolkata Metro: বেকার যুবক-যুবতীদের সরকারি চাকরির টোপ দিয়ে টাকা হাতানোর এক বড়সড় চক্র সক্রিয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কলকাতা মেট্রো রেলে ‘মেগা রিক্রুটমেন্ট ২০২৬’ নামে একটি ভুয়ো নিয়োগপত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় তুমুল চর্চা ছড়িয়েছে। এই আবহে চাকরিপ্রার্থীদের টার্গেট করে কলকাতা মেট্রোয় নিয়োগের নামে ভুয়ো বিজ্ঞাপন ছড়িয়ে প্রতারণার চেষ্টা চলছে বলে সতর্ক করল মেট্রো রেল কর্তৃপক্ষ।
মেট্রোরেলে চাকরির নামে বড় পাতা বড় ফাঁদ
মেট্রো সূত্রের খবর, গত ২৭ এপ্রিল থেকে ইন্টারনেটে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি নোটিশ ঘুরছে। সেখানে দাবি করা হয়েছে যে, কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে। এমনকী আবেদনের জন্য একটি লিঙ্কেও ক্লিক করতে বলা হচ্ছে। মেট্রো রেল প্রশাসন স্পষ্ট জানিয়েছে, এই ধরণের কোনও নিয়োগের বিজ্ঞপ্তি তারা জারি করেনি। এটি সম্পূর্ণ একটি প্রতারণার জাল।
মেট্রো কর্তৃপক্ষের সতর্কতা
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, গত ২৭ এপ্রিল থেকে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় ‘কলকাতা মেট্রো-মেগা রিক্রুটমেন্ট ২০২৬’ শিরোনামে একটি ভুয়ো নিয়োগ বিজ্ঞপ্তি ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি মেট্রো রেল কর্তৃপক্ষের নজরে এসেছে। মেট্রো রেলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, 'এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো ও প্রতারণামূলক। সরকারি চাকরির সন্ধানে থাকা তরুণ-তরুণীদের প্রলুব্ধ করাই হল এই বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য। নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, এ ধরনের কোনও ‘লিঙ্ক’-এ ক্লিক করার সময় তাঁরা যেন অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন। কারণ, এই লিঙ্কগুলো ব্যবহার করে কেবল আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ারই অপচেষ্টা চালানো হয়। এছাড়া, কেউ যদি আপনাদের কাছে কোনও ওটিপি বা পাসওয়ার্ড জানতে চায়, তবে কোনও অবস্থাতেই তা কারো সঙ্গে শেয়ার করবেন না। এই বিষয়ে অবিলম্বে পুলিশ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর জন্যও নাগরিকদের অনুরোধ করা হচ্ছে।'
মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, 'সরকারের অধীনে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রচারিত এ ধরনের যে কোনও বিজ্ঞপ্তির সঙ্গে মেট্রো রেল প্রশাসনের কোনও সম্পর্ক নেই। নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, এ বিষয়ে তাঁরা যেন যথাযথ সতর্কতা ও যাচাই-বাছাই করেন এবং তথ্যের সত্যতা নিশ্চিত করতে কেবল অফিশিয়াল বা সরকারি ওয়েবসাইটই অনুসরণ করেন।' মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এ ধরনের বিজ্ঞাপন সম্পর্কে সতর্ক থাকুন। এটি একটি প্রতারণা হতে পারে।
Home/Bengal/Kolkata Metro: পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ! মেট্রোরেলে চাকরির নামে বড় পাতা বড় ফাঁদ, সতর্কতা কর্তৃপক্ষের