Biman Basu's health condition: বসেছে পেসমেকার, কেমন আছেন প্রবীণ বাম নেতা বিমান বসু? হাসপাতালে ভর্তি বুদ্ধদেবজায়া
Biman Basu-Meera Bhattacharya's health condition: বিমান বসুর শরীরে পেসমেকার বসানো হয়েছে। সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে।
Biman Basu-Meera Bhattacharya's health condition: দিল্লি এইমস-এ চিকিৎসাধীন বর্ষীয়ান নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। শুক্রবার এই খবর প্রকাশ্যে আসতে উদ্বেগ ছড়ায়। ওই দিনই জানা গিয়েছিল যে, সিপিআইএম-এর প্রবীণ এই নেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে, আলিমুদ্দিন স্ট্রিট-এর কোনও নেতাই বামফ্রন্ট চেয়ারম্যানের অসুস্থতা নিয়ে মুখ খোলেননি। কিন্তু, শনিবার বিমান বসুর শারীরিক অবস্থা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অন্যদিকে, আচমকা অসুস্থ হয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায়ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য (Meera Bhattacharya)। পেটে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

কেমন আছেন বামফ্রন্ট চেয়ারম্যান?
বিমান বসুর শরীরে পেসমেকার বসানো হয়েছে। সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। বিমান বসুর একটি ছোট্ট অপারেশন হয়েছে। বিমান বাবুর পেসমেকার বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি সুস্থ হয়ে উঠছেন। উদ্বেগের কোনও কারণ নেই। দু-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে। বিমান বসুর সঙ্গে সাক্ষাৎ করতে চিকিৎসকরা বারণ করেছেন বলেও জানিয়েছেন মহম্মদ সেলিম।
দলের একটি কাজে শুক্রবারই কলকাতা থেকে বিমানে দিল্লি রওনা দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা বর্ষীয়ান সিপিএম নেতা। বিমানে থাকা অবস্থায় তিনি সামান্য অসুস্থ বোধ করেন। দিল্লি বিমানবন্দরে অবতরণের পর সোজা পার্টি অফিস, একে গোপালন ভবনে গিয়ে চিকিৎসককে দেখান। চিকিৎসক পরীক্ষা করে জানান, তাঁর শরীরে অক্সিজেনের অভাব ঘটেছে। অবিলম্বে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপরই পার্টি অফিসের দলীয় সদস্যরা বিমান বসুকে নিয়ে যান দিল্লির এইমসে। সেখানেও পরীক্ষা করে চিকিৎসকরা জানান, অক্সিজেন দিতে হবে। তৎক্ষণাৎ অশীতিপর সিপিএম নেতাকে ভর্তি করিয়ে অক্সিজেন সিলিন্ডার চালানো হয়। বলে রাখা প্রয়োজন, বয়স ৮৭ বছর হলেও বিমানবাবু অত্যন্ত ‘ফিট।’ পরিমিত আহার আর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন তাঁর সুস্থতারল চাবিকাঠি। তাই আগে রুটিন চেকআপে কোথাও কোনও অস্বাভাবিকত্ব পাননি চিকিৎসক। তাঁকে পরামর্শ দেওয়া হয়েছিল, আবার দিল্লি গেলে যেন একবার পরীক্ষা করিয়ে নেন। শুক্রবার তাই বিমানবাবু অসুস্থ হওয়ায় তাঁকে এইমসেই ভর্তি করানো হয়। পার্টির অন্দরের খবর, রুটিন চেকআপ করতে বিমান বসু এইমসে যেতেনই। কিন্তু তাঁর আগেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়।
অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন মীরা ভট্টাচার্য। বাড়িতে চিকিৎসা চললেও অবস্থার সেভাবে উন্নতি না হওয়ায় শুক্রবার বেলা ১২টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে ভর্তির সিদ্ধান্ত নেন। হাসপাতাল সূত্রে খবর, সিটি স্ক্যানে দেখা গিয়েছে, পেটের ডান দিকে কোনও সমস্যা নেই। তবে বাঁ দিকে একটি পুরু আস্তরণ রয়েছে। সেটি কী কারণে তা জানতে শনিবার কোলনোস্কোপি করা হবে। তবে এখন স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী। পেটের ব্যথাও এখন অনেকটাই কম। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন ৭৬ বছরের মীরা ভট্টাচার্য। এমনিতেই মীরাদেবীর হৃদযন্ত্রে সমস্যা রয়েছে এবং তাঁর শরীরে পেসমেকার বসানো আছে। এদিকে, মায়ের অসুস্থতার খবর পেয়ে তাঁর একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য ইতিমধ্যে খোঁজখবর নিয়েছেন। এর আগে ২০২৩ সালে পেস মেকারের ব্যাটারি পরিবর্তনের জন্য মীরা ভট্টাচার্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেস সমস্ত সরকারি নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিল বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পর এবার সেই সিদ্ধান্তের ইতিহাস বদলে রাজনৈতিক সৌজন্যের নজির গড়ে নতুন সরকার। বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের নিরাপত্তা পুনর্বহালের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। ফলে ৫৯এ, পাম অ্যাভিনিউয়ের পরিচিত ছোট্ট ফ্ল্যাটটিতে ফের মোতায়েন করা হয় সরকারি নিরাপত্তারক্ষী।
E-Paper

