খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনা! জাতীয় সড়কে উল্টে গেল পিকআপ ভ্যানে, মৃত ১
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন খড়্গপুর গ্রামীণ থানায়।
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার সকালে চলন্ত পিকআপ ভ্যানের পিছনের একটি টায়ার আচমকা ফেটে যায়। যার জেরেই ঘটে বিপত্তি। জাতীয় সড়কের উপর উল্টে যায় পিকআপ ভ্যানটি। আর এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক জন। আহত কমপক্ষে ১০ জন।

খড়গপুর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হেমা চৌবে জানান, মৃতের নাম শেখ আল্লা রাখা (৪০)। তিনি মেদিনীপুর সদর ব্লকের বনপুরা এলাকার বাসিন্দা। এদিন মেদিনীপুরের বনপুরা এলাকা থেকে ২০ থেকে ২২ জনের একটি দল পিকআপ ভ্যানে করে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিলেন। কলাইকুণ্ডা এলাকার ৬ নম্বর জাতীয় সড়কে পৌঁছতেই আচমকা পিকআপ ভ্যানের পিছনের একটি টায়ার ফেটে যায়। যার জেরে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। জাতীয় সড়কের উপর উল্টে যায় যাত্রীবোঝাই পিকআপ ভ্যানটি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন খড়্গপুর গ্রামীণ থানায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যায়। হাসপাতাল সূত্রে খবর, আপাতত আহতদের অবস্থা স্থীতিশীল। খবর পেয়ে হাসপাতালে পৌঁছোন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন খড়্গপুর গ্রামীণের তৃণমূল বিধায়ক দিনেন রায়। তিনি বলেন, ‘মুরগি হাটে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বলে মিটিং এ যোগ দিতে যাচ্ছি, আহতদের পরিজনদের সাথে যোগাযোগ রয়েছে। স্থানীয় নেতাদের পাঠানো হয়েছে।’ পুলিশ ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত পিকআপ ভ্যান উদ্ধার করেছে। কীভাবে টায়ার ফেটে গেল, গাড়িতে অতিরিক্ত যাত্রী ছিল কিনা, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত জারি রয়েছে।
E-Paper











