Abdul Karim Khan arrested: তৃণমূল কার্যালয় থেকেই পুলিশের জালে অনুব্রত-ঘনিষ্ঠ কেরিম খান, কোন মামলায় গ্রেফতার?

Abdul Karim Khan arrested: দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন আব্দুল কেরিম খান। বীরভূম জেলা জুড়ে রাজনৈতিক সন্ত্রাস ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনায় তাঁর বিরুদ্ধে মোট ৩২টি মামলা রয়েছে বলেও দাবি পুলিশের।

Published on: Nov 15, 2026, 16:10:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Abdul Karim Khan arrested: অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। তাঁর নামে মামলা বহু রয়েছে। এবার পার্টি অফিসের বাইরে পা দিতেই পুলিশের জালে নানুনের নেতা। বীরভূমের নানুরে ২১-এর ভোট পরবর্তী হিংসা মামলায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার অনুব্রত মণ্ডল ঘনিষ্ট নানুরের দাপুটে তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের প্রাক্তন পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ আব্দুল কেরিম খান। রবিবার তাঁকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আব্দুল কেরিম খান (সৌজন্যে এক্স )
আব্দুল কেরিম খান (সৌজন্যে এক্স )

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন আব্দুল কেরিম খান। বীরভূম জেলা জুড়ে রাজনৈতিক সন্ত্রাস ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনায় তাঁর বিরুদ্ধে মোট ৩২টি মামলা রয়েছে বলেও দাবি পুলিশের।শনিবার সন্ধেয় বীরভূমের জেলা তৃণমূলের বোলপুর কংগ্রেসের পার্টি অফিস থেকে কেরিমকে আটক করে নানুর থানার পুলিশ। পরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতেই তাঁকে গ্রেফতার করে নানুর থানার পুলিশ। গোরু পাচার মামলায় এই কেরিম এক সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে ছিলেন। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় তাঁকে। যদিও সে সময়ে কেরিম দাবি করেছিলেন, তাঁর কাছে কাগজপত্র চাওয়া হয়েছিল। কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি।

কেরিমের বিরুদ্ধে নানুরে একচ্ছত্র অধিকার চালানোর অভিযোগও উঠেছে বহুবার। চাপ দিয়ে জমি দখল করে নেওয়ার মতো অভিযোগও ওঠে। যদিও এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে কেরিম দাবি করেছিলেন, স্বেচ্ছায় বাড়ি রেজিস্ট্রি করিয়েছেন অভিযোগকারীরা। সমস্ত কাগজপত্রও আছে। তবে যে মামলায় কেরিমকে গ্রেফতার করা হয়েছে, তা হলো ভোট পরবর্তী হিংসা মামলা। এদিকে, সম্প্রতি শান্তিনিকেতন থানার এক পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত রতন শেখের পৈতৃক বাড়িও সাঁতরা গ্রামে। একই গ্রামের বাসিন্দা হওয়ায় কেরিম খানের গ্রেফতারি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও ওই গুলি চালনার ঘটনার সঙ্গে কেরিমের গ্রেফতারির কোনও যোগ রয়েছে কি না, তা স্পষ্ট করেনি বীরভূম জেলা পুলিশ। তবে কেরিম খানের গ্রেফতারি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি অনুব্রত মণ্ডল। অন্যদিকে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বিরুদ্ধে থাকা একাধিক মামলার যোগসূত্র খুঁজে বের করতে চাইছেন তদন্তকারীরা।