Abhaya Diwas: রাজ্যে আজ ‘অভয়া দিবস’, আরজি কর কাণ্ডের তদন্তে নয়া ধাপ, বিকেলে পানিহাটি যাবেন শুভেন্দু
রবিবার রাজ্যজুড়ে পালিত হবে ‘অভয়া দিবস’। নতুন রাজ্য সরকারের নির্দেশে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে দিনটি পালন করা হবে। পাশাপাশি, অভয়া কাণ্ডের তদন্তেও নতুন করে গতি আনার কথা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।
Abhaya Diwas: দু’বছর আগে ৯ অগস্ট। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। সেই ঘটনার স্মরণে আজ, রবিবার রাজ্যজুড়ে পালিত হবে ‘অভয়া দিবস’। নতুন রাজ্য সরকারের নির্দেশে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে দিনটি পালন করা হবে। পাশাপাশি, অভয়া কাণ্ডের তদন্তেও নতুন করে গতি আনার কথা জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।

সরকারি নির্দেশ অনুযায়ী, আজ সকাল ১১টায় রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভয়ার আকস্মিক মৃত্যুকে স্মরণ করে দু’মিনিট নীরবতা পালন করা হবে। হবে প্রদীপ প্রজ্জ্বলনও। বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কথাও জানানো হয়েছে। অভয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বার্তা দেওয়াই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য বলে জানা গিয়েছে।
অভয়ার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথও নিজের বিধানসভা কেন্দ্রে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিকেলে সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। ফলে ‘অভয়া দিবস’-এর কর্মসূচি ঘিরে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলেও বাড়তি নজর রয়েছে।
অন্যদিকে, আর জি কর কাণ্ডের তদন্তে এবার নতুন করে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী, ঘটনার দিন রাতে যাঁরা তরুণী চিকিৎসকের সঙ্গে ডিনার করেছিলেন, যাঁরা তাঁর সঙ্গে ডিউটিতে ছিলেন এবং ঘটনার পর আর জি কর হাসপাতালে এসেছিলেন, তাঁদের প্রত্যেককে তলব করা হতে পারে। সেই রাতে হাসপাতালের সিসিটিভি ফুটেজে যাঁদের দেখা গিয়েছিল, তাঁদেরও তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর কথায়, তদন্ত থেকে যে তথ্য ও নির্যাস উঠে আসবে, তা রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে। তাঁর দাবি, পালাবদলের পর যে তদন্ত কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল, নতুন সরকার সেটিকে ফের সক্রিয় করেছে। বিচারবিভাগীয় তদন্ত যে প্রক্রিয়ায় চলছে, সেটিও চলবে। তার পাশাপাশি রাজ্য সরকারের তরফে পৃথক তদন্ত শুরু করা হচ্ছে।
নতুন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে আর জি কর মেডিক্যাল কলেজের তৎকালীন প্রশাসনিক এবং বিভাগীয় ব্যবস্থার খতিয়ে দেখা। ওই সময় হাসপাতালে কর্মরত অধ্যাপকদের সঙ্গেও তদন্তকারীরা কথা বলবেন। হাসপাতালের কোথায় কোথায় প্রশাসনিক বা বিভাগীয় ফাঁক ছিল, সেই ফাঁক কেন তৈরি হয়েছিল এবং কীভাবে তা দীর্ঘদিন ধরে চলেছিল, তা খুঁজে দেখার চেষ্টা হবে।
অভয়ার মৃত্যুর পর হাসপাতালের পরিকাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থার একাধিক ত্রুটি নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকী, হাসপাতালের বিভিন্ন অনিয়ম এবং স্বাস্থ্য ব্যবস্থার অন্ধকার দিক সম্পর্কে তরুণী চিকিৎসক কিছু তথ্য জানতে পেরেছিলেন বলেও অভিযোগ উঠেছিল। তাঁকে মুখ বন্ধ করার জন্যই সরিয়ে দেওয়া হয়েছিল কি না, সেই অভিযোগও তদন্তের আওতায় আসতে পারে।
অভয়ার মৃত্যুর পর হাসপাতালের ত্রুটি-বিচ্যুতি আড়াল করার চেষ্টা হয়েছিল কি না, হলে তার নেপথ্যে কারা ছিলেন, সেই প্রশ্নেরও উত্তর খুঁজবে নতুন তদন্ত। ফলে দু’বছর পর ‘অভয়া দিবস’-এ একদিকে যখন রাজ্যজুড়ে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন হবে, অন্যদিকে নতুন তদন্তের মাধ্যমে সেই রাতের ঘটনাকে ঘিরে আরও তথ্য সামনে আনার চেষ্টা শুরু করছে রাজ্য সরকার। এখন দেখার, এই নতুন তদন্তে এতদিনের অমীমাংসিত প্রশ্নগুলির কতটা উত্তর মেলে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


