Abhishek Banerjee Eye Check Up: বিদেশে চিকিৎসায় অভিষেককে অনুমতি নয়, এসএসকেএমেই চিকিৎসার পরামর্শ হাই কোর্টের

সোমবার ‘ডিজে’ মন্তব্য সংক্রান্ত মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতের কাছে তাঁর আইনি সুরক্ষার মেয়াদ বাড়ানোর আবেদন জানান। আদালত সেই আবেদন মঞ্জুর করলেও বিদেশে চিকিৎসার অনুমতি দিতে রাজি হয়নি।

Published on: Jul 20, 2026, 14:22:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Abhishek Banerjee Eye Check Up: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ফের আইনি ধাক্কা। চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন আপাতত খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, আপাতত তিনি বিদেশে যেতে পারবেন না। তবে তাঁর বিরুদ্ধে থাকা আইনি রক্ষাকবচের মেয়াদ আগামী ৬ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ফের আইনি ধাক্কা। (HT_PRINT)
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ফের আইনি ধাক্কা। (HT_PRINT)

সোমবার ‘ডিজে’ মন্তব্য সংক্রান্ত মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতের কাছে তাঁর আইনি সুরক্ষার মেয়াদ বাড়ানোর আবেদন জানান। আদালত সেই আবেদন মঞ্জুর করলেও বিদেশে চিকিৎসার অনুমতি দিতে রাজি হয়নি। বিচারপতি জানান, চিকিৎসার প্রয়োজন থাকলেও প্রথমে রাজ্যের মধ্যেই চিকিৎসা করাতে হবে। বিশেষ করে এসএসকেএম হাসপাতালের মতো সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী ২৯ জুলাই চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার পরিকল্পনা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই আবেদন আদালতে জানানো হলে বিচারপতি প্রশ্ন তোলেন, বিদেশে গিয়েই কেন চিকিৎসা করাতে হবে? কলকাতাতেও উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশও দেওয়া যেতে পারে বলে আদালত জানায়।

শুনানির সময় অভিষেকের আইনজীবীরা আদালতকে জানান, দীর্ঘদিন ধরেই বিদেশে তাঁর চোখের চিকিৎসা চলছে এবং নির্দিষ্ট সময় অন্তর সেখানে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। কিন্তু আদালত জানিয়ে দেয়, আবেদনকারীর চিকিৎসা যাতে ব্যাহত না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হচ্ছে। প্রথমে এসএসকেএম হাসপাতালে প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা করিয়ে রিপোর্ট আদালতে জমা দিতে হবে। সেই রিপোর্ট খতিয়ে দেখেই ভবিষ্যতে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালে ডানকুনির কাছে একটি পথ দুর্ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁ চোখে গুরুতর চোট লাগে। এরপর দীর্ঘদিন সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা চলে। পরবর্তীতে আমেরিকাতেও একাধিকবার চিকিৎসা করান তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত ফলো-আপের জন্য বিদেশে যেতে হয় বলে তাঁর দাবি।

তবে আদালতের এই নির্দেশের ফলে আপাতত সেই পরিকল্পনায় ভাটা পড়ল। অন্তত আগামী কয়েক মাস বিদেশে যেতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রথমে রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়ে তার রিপোর্ট জমা দিতে হবে। তারপরই আদালত প্রয়োজন হলে বিদেশে যাওয়ার বিষয়ে নতুন করে বিবেচনা করবে।

উল্লেখ্য, এই মামলার সূত্রপাত হয়েছিল বিধানসভা নির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। বিজেপির উদ্দেশে তিনি ‘ডিজে বাজানোর’ হুঁশিয়ারি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই মন্তব্য ঘিরেই দায়ের হওয়া মামলায় তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। সোমবারের শুনানিতে একদিকে যেমন তাঁর আইনি রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে, অন্যদিকে বিদেশে চিকিৎসার আবেদন খারিজ হওয়ায় রাজনৈতিক মহলেও এই রায় নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More