Abhishek Banerjee MLA Sign Forgery Case: বাড়ছে চাপ? অভিষেকের গতিবিধি জানতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সিআইডির

তদন্ত সূত্রে জানা গিয়েছে, সই জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তিনবার নোটিস পাঠানো হয়েছিল। প্রথমবার তিনি অসুস্থতার কারণ দেখান। দ্বিতীয়বার ব্যস্ততার কথা জানিয়ে সময় চান।

Published on: Jun 10, 2026, 12:34:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সই জালিয়াতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তদন্ত আরও জোরদার করেছে সিআইডি। তদন্তকারী সংস্থার তলবে পরপর তিনবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর এবার তাঁর গতিবিধি সম্পর্কে তথ্য জানতে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সূত্রের খবর।

সই জালিয়াতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তদন্ত আরও জোরদার করেছে সিআইডি। (PTI)
সই জালিয়াতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তদন্ত আরও জোরদার করেছে সিআইডি। (PTI)

তদন্ত সূত্রে জানা গিয়েছে, সই জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিষেককে তিনবার নোটিস পাঠানো হয়েছিল। প্রথমবার তিনি অসুস্থতার কারণ দেখান। দ্বিতীয়বার ব্যস্ততার কথা জানিয়ে সময় চান। তৃতীয়বার দিল্লিতে থাকার পাশাপাশি বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে বলে সিআইডিকে জানান। ফলে এখনও পর্যন্ত তদন্তকারীদের মুখোমুখি হননি তিনি।

এই পরিস্থিতিতে মঙ্গলবার তদন্তের স্বার্থে তৃণমূলের একটি দলীয় কার্যালয়েও যান সিআইডি আধিকারিকরা। বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাব সংক্রান্ত নথি এবং রেজোলিউশনের কপি খতিয়ে দেখার জন্য সেখানে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে।

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে তদন্তের ক্ষেত্রে আইনি সুরক্ষা চেয়েছেন। সেই মামলার শুনানি বুধবার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তদন্তের পরবর্তী গতি এবং অভিষেকের আইনি অবস্থান অনেকটাই আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

তদন্তের সূত্রপাত হয় বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের জন্য জমা দেওয়া একটি প্রস্তাবপত্রকে কেন্দ্র করে। অভিযোগ, সংশ্লিষ্ট নথিতে কয়েকজন বিধায়কের স্বাক্ষর নিয়ে অসঙ্গতি ধরা পড়ে। বিধানসভার সচিবের নজরে বিষয়টি আসার পর অভিযোগ দায়ের হয় এবং তদন্তভার পায় সিআইডি। এরপর একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তবে উল্লেখ্য, তদন্ত চলমান এবং এখনও পর্যন্ত আদালতে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিও বর্তমানে তদন্তাধীন। তদন্তের অগ্রগতি এবং আদালতের পর্যবেক্ষণের পরই মামলার পরবর্তী দিক স্পষ্ট হবে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More