Abhishek Banerjee: ত্রিপুরা মামলায় অভিষেককে সশরীরে হাজিরার সমন, মমতার বাড়িতে পৌঁছল আদালতের নোটিস

ত্রিপুরার খোয়াই আদালতের জারি করা সমন পৌঁছে দিতে বুধবার বিকেলে কালীঘাটের ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছন আদালতের নিযুক্ত বেলিফ। এই ঠিকানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম সরকারি দফতর।

Published on: Jun 11, 2026, 08:03:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Abhishek Banerjee Tripura Court Summon: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও বাড়ল। ২০২১ সালের ত্রিপুরা-সংক্রান্ত একটি মামলায় তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে খোয়াই আদালত। আদালতের সমন আলিপুর আদালতের মাধ্যমে তাঁর কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসভবনে পৌঁছে দেওয়া হয়। তবে অভিষেক বর্তমানে দিল্লিতে থাকায় নোটিসটি গ্রহণ করেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

২০২১ সালের ত্রিপুরা-সংক্রান্ত একটি মামলায় অভিষেককে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে খোয়াই আদালত। (HT_PRINT)
২০২১ সালের ত্রিপুরা-সংক্রান্ত একটি মামলায় অভিষেককে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে খোয়াই আদালত। (HT_PRINT)

ত্রিপুরার খোয়াই আদালতের জারি করা সমন পৌঁছে দিতে বুধবার বিকেলে কালীঘাটের ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পৌঁছন আদালতের নিযুক্ত বেলিফ। এই ঠিকানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম সরকারি দফতর। সূত্রের খবর, সমনটি স্পিড পোস্টে পাঠানো হয়নি। খোয়াই আদালতের নির্দেশে আলিপুর আদালত এক জন বেলিফ নিয়োগ করে নোটিসটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। নিয়ম অনুযায়ী, স্থানীয় থানাকে সঙ্গে নিয়েই এই ধরনের সমন পৌঁছে দিতে হয়। সেই কারণে বেলিফ প্রথমে কালীঘাট থানায় যান এবং পরে পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছন।

আদালতের নির্দেশ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সমন তুলে দিতে হবে। তা সম্ভব না হলে নির্দিষ্ট ঠিকানার দেওয়ালে নোটিস সাঁটিয়ে তার প্রমাণ হিসেবে ছবি তুলতে হবে। সেই সময় বাড়ি সংলগ্ন দলীয় দফতরে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ কয়েকজন নেতা। সূত্রের দাবি, পরিস্থিতির কথা জানতে পেরে কুণাল ঘোষ বাইরে এসে বেলিফের সঙ্গে কথা বলেন এবং নোটিসটি গ্রহণের ব্যবস্থা করার অনুরোধ জানান, যাতে দেওয়ালে সমন সাঁটানোর প্রয়োজন না হয়।

এরপর বেলিফকে মোবাইলে কারও সঙ্গে কথা বলতে দেখা যায়। পরে তিনি বাড়ির সামনের অংশে প্রবেশ করেন এবং সূত্রের দাবি, ভিতরে উপস্থিত এক কর্মীর মাধ্যমে নোটিস গ্রহণ করিয়ে সমন জমা দিয়ে যান। ফলে দেওয়ালে নোটিস সাঁটানোর প্রয়োজন হয়নি। উল্লেখ্য, ২০২১ সালে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে হাজিরার সমন পাঠানো হয়েছে। এ বিষয়ে কুণাল ঘোষের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, 'এটি সম্পূর্ণ আইনি বিষয়। এ বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।'

এই মামলার সূত্রপাত ২০২১ সালের অগস্টে। ত্রিপুরায় দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে তৃণমূলের কয়েকজন যুবনেতার উপর হামলার অভিযোগ ওঠে। ঘটনায় আহত হন সুদীপ রাহা ও জয়া দত্ত। এরপর কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হলে খোয়াই থানায় অবস্থান বিক্ষোভে সামিল হন অভিষেক ও কুণাল ঘোষ। সেই ঘটনাকেই কেন্দ্র করে ত্রিপুরা পুলিশ মামলা দায়ের করেছিল। সেই মামলাতেই এবার আদালতের সমন জারি হয়েছে।

অন্যদিকে, সই জালিয়াতি মামলায়ও চাপের মুখে রয়েছেন অভিষেক। সূত্রের দাবি, তিনি পরপর তিনবার সিআইডির সমন এড়িয়েছেন। তৃতীয় সমনের সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি দিল্লি যান, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নেন। তাঁর এই অনুপস্থিতিকে ঘিরে তদন্তকারীরা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকেও তথ্য সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে। ফলে ত্রিপুরা মামলার আদালত-সমন এবং সই জালিয়াতি তদন্ত- দুই দিক থেকেই রাজনৈতিক ও আইনি চাপের মুখে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More