Adhir on Maldah Judge Gherao: 'যে ভিড় সামাচ্ছিল, তাঁকে ধরে বাহাদুরি', কালিয়াচক কাণ্ডে মোফাক্কেরুলের পাশে অধীর
কালিয়াচকে বিচারকদের আটকে রাখার ঘটনায় ধৃত এআইএমআইএম নেতা মোফাক্কেরুলের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এই মোফাক্কেরুলকেই একটি গাড়ির ছাদে উঠে উস্কানিমূলক ভাষণ দিতে শোনা গিয়েছিল। সেই সব ভাষণের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।
কালিয়াচকে বিচারকদের আটকে রাখার ঘটনায় ধৃত এআইএমআইএম নেতা মোফাক্কেরুলের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মোফাক্কেরুলকে গ্রেফতার করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উলটে কটাক্ষ করেন কংগ্রেস নেতা। অধীর বললেন, 'যে লোক আন্দোলনে লোকজন সামাল দিচ্ছিলেন, তাঁকেই সিআইডি দিয়ে গ্রেফতার করালেন মুখ্যমন্ত্রী। সব ধাপ্পাবাজি। যে লোকটা ভিড় সামাচ্ছিল, সিআইডি দিয়ে তাঁকে ধরে নিয়ে গিয়ে বাহাদুরি করা হল। আসল অপরাধীরা কোথায়? যিনি মানুষকে শান্ত করছিলেন, তাঁকে গ্রেফতার করা হল, মানুষ সবটা বুঝতে পারছে।'

এদিকে অধীর মুখে এই কথা বললেও মোফাক্কেরুলের উস্কানিমূলক বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। একটি গাড়ির ছাদে উঠে তাকে বলতে শোনা গিয়েছিল, 'এই ডিএম, এই এসপি, আইবি, সিআইডি কে আছিস রে ভাই…' এই আবহে ঘটনার দু'দিন পরে কালিয়াচকে বিডিও অফিসে ৭ বিচারককে ঘেরাও করে রাখার ঘটনায় এআইএমআইএম নেতা তথা আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল বাগডোগরা বিমানবন্দর থেকে। মোফাক্কেরুলের গ্রেফতারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আমাদের সিআইডি ধরেছে'। আর এবার মোফাক্কেরুলের পাশে দাঁড়িয়ে মমতাকে দুষলেন অধীর।
রিপোর্ট অনুযায়ী, ১ এপ্রিল বিকেল ৪টে থেকে কালিয়াচক ২ ব্লক অফিস ঘেরাও করে বহু মানুষ। সেই সময় বিডিও অফিসে ছিলেন ৭ জন বিচারক। গভীর রাত পর্যন্ত এই সব বিচারকদের বিডিও অফিসেই আটকে রাখে বিক্ষোভকারীরা। সেই ঘটনার নেপথ্যে অন্যতম 'মাথা' এই মোফাক্কেরুল ছিল বলে অভিযোগ। প্রায় ৮ ঘণ্টা ধরে কালিয়াচক ২ ব্লক অফিসে ঘেরাও ছিলেন ৭ বিচারক। প্রায় মধ্যরাতে সেই বিচারকদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এদিকে এই ঘটনার পরও বিচারকদের ওপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। কালিয়াচক ২ ব্লক অফিস থেকে যখন বিচারকদের পুলিশ উদ্ধার করে নিয়ে যায়, সেই কনভয়ে হামলা চালায় বিক্ষোভকারীরা। পুলিশ কনভয়ের গাড়ির কাচ ভেঙেছে সেই হামলায়। সেই ঘটনার প্রাথমিক তদন্তে ঘটনার মূলচক্রী হিসাবে মোফাক্কেরুলের নাম উঠে আসে। নাম জড়ায় আইএসএফ প্রার্থীরও।
মোফাক্কেরুল এক সময়ে রায়গঞ্জ জেলা আদালতের আইনজীবী ছিল। পরে কলকাতা হাইকোর্টেও প্র্যাক্টিস শুরু করে। বর্তমানে কলকাতায় থাকলেও তার আদি বাড়ি ইটাহারের পোরসা হাটখোলায়। ২০২১ সালে বিধানসভা ভোটে আসাদউদ্দিন ওয়াইসির দলের প্রার্থী হয়েছিল মোফাক্কেরুল। ইটাহারের এমআইএম প্রার্থী হিসাবে মাত্র ৮৩১টি ভোট পেয়েছিল সে, যা কি না নোটার থেকেও অনেক কম ছিল।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper











