ভোটের মুখেই বড় ধামাকা! সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়াল নবান্ন, রিপোর্ট তলব কমিশনের

২০১৩ সালে রাজ্য পুলিশকে সহায়তার জন্য তৈরি হয় একটি স্বেচ্ছাসেবক বাহিনী, পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ার বাহিনী।

Published on: Mar 20, 2026, 19:47:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। সেই নির্ঘণ্ট প্রকাশের কয়েক ঘণ্টা আগে ডিএ আর পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা নিয়ে বড় ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার ভোট ঘোষণার পর সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। চলতি অর্থবর্ষে বাড়তে চলেছে সিভিকদের অ্যাড-হক বোনাস। যদিও, বোনাস বৃদ্ধির ঘোষণা আগেই করেছিল নবান্ন। এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে তা কার্যকর করা হচ্ছে। আর নবান্ন এই বিজ্ঞপ্তি জারি করতেই রিপোর্ট তলব করল নির্বাচন কমিশনের।

সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়াল নবান্ন
সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়াল নবান্ন

বিজ্ঞপ্তিতে কি জানিয়েছে নবান্ন?

পশ্চিমবঙ্গ সরকার ২০২৫–২৬ অর্থবর্ষে সিভিক ভলান্টিয়ারদের জন্য বার্ষিক অ্যাড-হক বোনাস ৭ হাজার ৪০০ টাকা ঘোষণা করেছে। নবান্ন থেকে জারি করা একটি নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা এবার বছরে ৭ হাজার ৪০০ টাকা করে বোনাস পাবেন। গত অর্থবর্ষে এই বোনাসের পরিমাণ ছিল ৬ হাজার ৮০০ টাকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অর্থ দফতরের (অডিট শাখা) সুপারিশ অনুযায়ী এই বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারির মেমো অনুসারে সংশোধিত হার কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি নির্দেশে জানানো হয়েছে, রাজ্যপাল এই বোনাস প্রদানের অনুমোদন দিয়েছেন। নির্দিষ্ট খাতে এর ব্যয় বহন করা হবে।

প্রশাসনিক মহলের মতে, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিভিক ভলান্টিয়াররা। সেই কথা মাথায় রেখেই তাঁদের জন্য এই বোনাস বাড়ানো হয়েছে। সব মিলিয়ে, নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য এই বোনাস বৃদ্ধি কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে। বলে রাখা ভালো, ২০১৩ সালে রাজ্য পুলিশকে সহায়তার জন্য তৈরি হয় একটি স্বেচ্ছাসেবক বাহিনী, পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ার বাহিনী। এরা মূলত ট্রাফিক নিয়ন্ত্রণ, পাড়ায় টহলদারি এবং জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে থাকেন। যোগ্যতা হিসেবে অষ্টম বা দশম শ্রেণি পাস ও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হয়। বর্তমানে তাঁরা একটি দৈনিক পারিশ্রমিক পান এবং বোনাস সুবিধা ভোগ করেন। আগে তাদের বোনাসের পরিমাণ ছিল ৫৩০০ টাকা। ২০২৪-এ তা বেড়ে হয়েছিল ৬০০০ টাকা, তারপরে বেড়ে হয় ৬৮০০। এই মাত্রাতেই এবারের অ্যাড-হক বোনাস বাড়াল নবান্ন।

প্রসঙ্গত, ভোট ঘোষণার আগে পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা ৫০০ টাকা করে বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২,০০০ টাকা করে সাম্মানিক ভাতা পাবেন। শুধু তাই নয়, ওই ঘোষণার আধ ঘণ্টার মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানান মুখ্যমন্ত্রী। সাধারণত ভোটের নির্ঘন্ট ঘোষণা হলে এই ধরনের ভাতা বাড়ানোর ঘোষণা করতে পারে না সরকার। তাই আগেভাগেই ভাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয়। এদিকে, রাজ্য বাজেটে ঘোষিত যুবসাথী প্রকল্পের টাকা প্রথমে এপ্রিল মাস থেকে দেওয়া শুরু হবে বলেও মার্চ থেকেই তা দেওয়া শুরু করেছে তৃণমূল সরকার। অনলাইন ও অফলাইন মিলিয়ে এই প্রকল্পের জন্য মোট ৭৪ লক্ষ আবেদন জমা পড়েছিল। নবান্নের আধিকারিকরা সেই পাহাড়প্রমাণ আবেদন যাচাই করতে গিয়ে দেখেন, আবেদনকারীদের মধ্যে কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছেন। জোড়া প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া সম্ভব নয় বলে সেই আবেদনগুলি বাতিল করা হয়। ছাঁটকাট শেষে দেখা যায়, ৫৪ লক্ষ যুবক-যুবতী এই ভাতার জন্য যোগ্য।