যৌন হেনস্থার প্রতিবাদ করায় চলন্ত বাস থেকে ধাক্কা তরুণীকে, পড়ে চোখে গুরুতর চোট

তরুণীকে অনুপযুক্তভাবে স্পর্শ করার অভিযোগ। তার প্রতিবাদ করায় যুবক তাঁকে জোরে ধাক্কা মারে। তার জেরে তরুণী চলন্ত বাস থেকে রাস্তায় পড়ে যান। 

Published on: Jun 01, 2025 1:35 PM IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শহরের রাস্তায় চলন্ত বাসে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। আর তার প্রতিবাদ করায় তরুণীকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উত্তর কলকাতার সিঁথি মোড়ে। বাস থেকে পড়ে যাওয়ার ফলে চোখের পাশে গুরুতর আঘাত পেয়েছেন বছর ২২- এর ওই তরুণী। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

যৌন হেনস্থার প্রতিবাদ করায় চলন্ত বাস থেকে ধাক্কা তরুণীকে, পড়ে চোখে গুরুতর চোট (HT_PRINT)
যৌন হেনস্থার প্রতিবাদ করায় চলন্ত বাস থেকে ধাক্কা তরুণীকে, পড়ে চোখে গুরুতর চোট (HT_PRINT)

আরও পড়ুন: চলন্ত ট্রেনে মহিলা চিকিৎসকের শ্লীলতাহানি! কাঠগড়ায় সিধো কানহো বিরসার অধ্যাপক

কাশীপুর থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত তরুণের নাম মহম্মদ সইফ ওরফে সইফুদ্দিন (২১)। সে নারকেলডাঙার বাসিন্দা। তাকে অভিযোগ পাওয়া মাত্রই গ্রেফতার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এর মধ্যে রয়েছে, মহিলার শ্লীলতাহানি, অশালীন অঙ্গভঙ্গি বা আচরণের ধারার আওতায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি শুক্রবার বিকেল সাড়ে তিনটে থেকে ৪ টের মধ্যে ঘটেছে। সিঁথির বাসিন্দা ওই তরুণী শিয়ালদা থেকে একটি বেসরকারি বাসে করে ফিরছিলেন। রাজাবাজারে বাসে ওঠে অভিযুক্ত। অভিযোগ, এরপর থেকেই সে তরুণীকে অনুপযুক্তভাবে স্পর্শ করতে থাকে। প্রতিবাদ জানালে অভিযুক্ত তাঁকে জোরে ধাক্কা মারে। তার ফলে তরুণী চলন্ত বাস থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। তরুণী বলেন, ‘আমি যখন ওই তরুণের আচরণের প্রতিবাদ জানায় তখন সে আমাকে জোরে ধাক্কা দেয়। আমি তার ফলে চলন্ত বাস থেকে পড়ে যাই।’

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পড়ে যাওয়ার সময় বাসের একটি ধাতব অংশে ধাক্কা লাগে ওই তরুণীর। তারফলে চোখের কাছে চোট লাগে তাঁর। স্থানীয় বাসিন্দা ও অন্যান্য যাত্রীরা ঘটনায় দ্রুত অভিযুক্তকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া। এদিকে, আহত তরুণীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কাশীপুর থানার এক পুলিশ অফিসার জানান, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে তরুণীর গোপন জবানবন্দি রেকর্ডের আবেদন জানানো হবে। পুলিশ জানায়, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং বাসের কন্ডাক্টর-সহ প্রত্যক্ষদর্শীদের থেকে বিবৃতি সংগ্রহ করা হচ্ছে। তদন্ত এখনও চলেছে।