২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।
Matua Leader's Wife Raped: চাকদহে মতুয়া নেতার মাথায় বন্দুক ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, নির্যাতনের শিকার ২ মেয়ে
অভিযোগ, পরিবারের সদস্যদের উপর অত্যাচার চালানোর পর বাড়ির আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গয়না লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বাড়ির আসবাবপত্রের পাশাপাশি মোটরবাইক এবং একটি চারচাকা ম্যাটাডোরও ভাঙচুর করা হয়।
নদিয়ার চাকদহে এক মতুয়া নেতার বাড়িতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল ৬-৭ জন দুষ্কৃতীর বিরুদ্ধে। বাড়িতে ভাঙচুর, লুটপাটের পাশাপাশি ওই নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে। বাদ যায়নি দম্পতির দুই নাবালিকা কন্যাও। তাদের উপরেও যৌন নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। স্বামীর মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর সামনেই স্ত্রীকে নির্যাতন করা হয় বলে অভিযোগপত্রে জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা। বুধবার গভীর রাতের এই ঘটনায় বৃহস্পতিবার চাকদহ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত ১২টা ৪০ মিনিট নাগাদ ৬-৭ জন দুষ্কৃতী ওই মতুয়া নেতার বাড়িতে চড়াও হয়। অভিযোগ, হামলাকারীদের প্রত্যেকের মুখ ঢাকা ছিল। প্রথমে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে তারা। এরপর পরিবারের সদস্যদের মারধর শুরু করে। গৃহকর্তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে ভয় দেখানো হয়। সেই সময় তাঁর স্ত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরিবারের আট ও ছয় বছরের দুই শিশুকন্যাকেও যৌন নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ উঠেছে।
বাড়িতে লুটপাট, ভাঙচুর, ছিঁড়ে ফেলা হল ব্যানার
অভিযোগ, পরিবারের সদস্যদের উপর অত্যাচার চালানোর পর বাড়ির আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গয়না লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। বাড়ির আসবাবপত্রের পাশাপাশি মোটরবাইক এবং একটি চারচাকা ম্যাটাডোরও ভাঙচুর করা হয়। বাড়ির সামনে লাগানো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারও ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই ব্যানারে সংগঠনের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ছবি ছিল।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা চলে যাওয়ার আগে পরিবারকে হুমকি দিয়ে যায়। পুলিশের কাছে গেলে পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলা হবে বলে ভয় দেখানো হয়। প্রথমে আতঙ্কে থানায় যাওয়ার সাহস পাননি পরিবারের সদস্যরা। পরে সাহস সঞ্চয় করে পুলিশের দ্বারস্থ হন তাঁরা।
নির্যাতিতার স্বামী জানিয়েছেন, তিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সঙ্গে যুক্ত। তাঁর দাবি, ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে রাস উৎসবে যোগ দেওয়ার পর থেকেই কয়েক জনের কাছ থেকে হুমকি পাচ্ছিলেন তিনি। মতুয়া পরিচয়ের কারণেই তাঁদের পরিবারের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তি। যদিও হামলার পিছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন নির্যাতিতা
ঘটনার পর রাজ্যের নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন নির্যাতিতা। তাঁর বক্তব্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার মহিলাদের নিরাপত্তার কথা বলছেন। ধর্ষণের ঘটনায় কাউকে রেয়াত করা হবে না বলে কড়া বার্তাও দিচ্ছেন। এমনকি অপরাধীদের বিরুদ্ধে এনকাউন্টারের মতো পদক্ষেপের ঘটনাও ঘটেছে। তার পরেও কীভাবে এমন ঘটনা ঘটল, সেই প্রশ্ন তুলেছেন তিনি। দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা।
বৃহস্পতিবার চাকদহ থানায় লিখিত অভিযোগ জমা পড়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। রানাঘাট পুলিশ জেলার সুপার আশিস মৌর্য জানিয়েছেন, তাঁরা অভিযোগ পেয়েছেন এবং ঘটনার তদন্ত চলছে। তবে ২৭ নভেম্বর সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করার খবর পাওয়া যায়নি।
একটি পরিবারের উপর এমন হামলার অভিযোগে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে চাকদহে। বিশেষ করে দুই শিশুকন্যার উপর নির্যাতনের অভিযোগ ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। হামলাকারীদের পরিচয় কী, ব্যক্তিগত শত্রুতা নাকি সংগঠনগত বিরোধের জেরে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি উঠেছে। তবে অভিযোগের সত্যতা এবং হামলার প্রকৃত উদ্দেশ্য তদন্তের পরেই স্পষ্ট হবে।
E-Paper
