Amit Shah: 'রবীন্দ্রসঙ্গীত' কিনা ‘রবিশঙ্কর’? ফের শাহের উচ্চারণ-বিভ্রাট, কটাক্ষ তৃণমূলের

Amit Shah: বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই ‘উচ্চারণ-বিভ্রাট’ অবশ্য নতুন নয়। সাম্প্রতিক অতীতে বারবার এমন ঘটনা ঘটেছে যা নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে।

Published on: Apr 14, 2026, 17:11:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Amit Shah: বাংলার মাটি ও সংস্কৃতিকে চেনার লড়াইয়ে নেমে ফের হোঁচট খেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রানি রাসমণিকে ‘রানি রাসমতী’ বলার রেশ কাটতে না কাটতেই এবার ময়ূরেশ্বরের মাটিতে দাঁড়িয়ে ‘রবীন্দ্রসঙ্গীত’ উচ্চারণ করতে গিয়ে ‘রবিশঙ্কর’ বলে বসলেন তিনি। বীরভূমের সোমবারের সভায় অমিত শাহের এই উচ্চারণ নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির পাল্টা দাবি, অমিত শাহ বাঙালি নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি হয়েও ভুল বাংলা বলেন।

ফের অমিত শাহের উচ্চারণ-বিভ্রাট (PTI)
ফের অমিত শাহের উচ্চারণ-বিভ্রাট (PTI)

ঠিক কী ঘটেছিল?

রবীন্দ্রসঙ্গীতকে গোটা ভারতে সুপ্রসিদ্ধ করার জন্য সোমবার বীরভূমের ময়ূরেশ্বরের সভা থেকে গায়িকা সাহানা বাজপেয়ীকে ধন্যবাদ জানান অমিত শাহ। সেই সময়ই 'রবীন্দ্রসঙ্গীত' বলতে গিয়ে হোঁচট খেয়ে 'রবিশঙ্কর' বলে বসেন তিনি। এই নিয়ে ফের বিতর্কের ঝড় উঠেছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করতে গিয়েও সমস্যায় পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

তৃণমূলের তীক্ষ্ণ আক্রমণ

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সরাসরি আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি, নদিয়ার করিমপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, 'বাংলা দখলের স্বপ্ন দেখছেন। বাংলায় একটা শব্দ উচ্চারণ করতে পারেন না।' অন্যদিকে নিজেদের এক্স হ্যান্ডলে এই উচ্চারণ-বিভ্রাটের ভিডিও পোস্ট করে তৃণমূল লিখেছে, 'বাংলার সংস্কৃতি আপনাদের প্রচারের অঙ্গ নয়। বাংলা এই অপমানকে কখনও ক্ষমা করবে না।' তবে, প্রথমে ভুল করলেও পরে শুধরে নেন অমিত শাহ। ময়ূরেশ্বরের পরে দুবরাজপুরের সভায় তেমন কোনও ভুল হয়নি তাঁর। এদিকে, শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর বলেন, 'ওঁদের কাছ থেকে এটাই প্রত্যাশার। ওঁরা বাংলা সংস্কৃতি জানেন না।' সিউড়ির সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন, 'রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল শান্তিনিকেতনে। এটুকু যাঁরা জানেন না, তাঁদের সোনার বাংলা বলার অধিকার নেই!'

কী বলছে বিজেপি?

রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হতেই বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় অবশ্য বলছেন যে, 'শাহ বাঙালি নন। তাঁর ভুল হতেই পারে। কিন্তু খোদ বাঙালি মুখ্যমন্ত্রীই তো বাংলা বলতে গিয়ে অহরহ ভুল বলেন। সে বেলা!'

​‘ভুল’ উচ্চারণের তালিকা দীর্ঘ হচ্ছে

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এই ‘উচ্চারণ-বিভ্রাট’ অবশ্য নতুন নয়। সাম্প্রতিক অতীতে বারবার এমন ঘটনা ঘটেছে যা নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। একাধিকবার বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় এসে ভুল উচ্চারণ করে বিতর্কে জড়িয়েছেন। দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের আলিপুরদুয়ারের নাম না জানা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। এছাড়াও শুক্রবার বিজেপির সংকল্প পত্র প্রকাশের কর্মসূচিকে রানি রাসমণিকে ‘রানি রাসমতী’ বলে ফেলেন অমিত শাহ। এবার রবীন্দ্রসঙ্গীত বলতে গিয়ে হোঁচট শাহ। শাসকদল তৃণমূলের অভিযোগ, বাংলার সংস্কৃতি সম্পর্কে কিছুই জানে না বিজেপি। শুধু ভোট চাইতে বাংলায় এসে এসব বলে মানুষের মন পেতে চাইছেন নেতারা। বিজেপিকে ফের একবার 'বাঙালি বিরোধী' এবং 'বহিরাগত' বলে তোপ দেগেছে তৃণমূল।