Anubrata's Ex Bodyguard Arrested: সাহগেলের ফ্ল্যাটে মিলল জমির দলিল, সোনা ও নগদ, ধৃত অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
সাহগেল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে রাজ্য পুলিশের তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার গভীর রাত থেকে শুরু হওয়া এই তল্লাশি শনিবার গভীর রাত পর্যন্ত চলে। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Anubrata Mondal's Ex Bodyguard Sahgal Arrested: অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাহগেল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে রাজ্য পুলিশের তল্লাশি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার গভীর রাত থেকে শুরু হওয়া এই তল্লাশি শনিবার গভীর রাত পর্যন্ত চলে। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়া নথির মধ্যে জমি ও সম্পত্তি সংক্রান্ত একাধিক দলিল রয়েছে। শুধু বীরভূম নয়, রাজ্যের অন্য কয়েকটি জেলাতেও সাহগেলের নামে বিপুল পরিমাণ জমির হদিস মিলেছে বলে দাবি পুলিশের। বিভিন্ন বিলাসবহুল এলাকায় জমি ও সম্পত্তি কেনার তথ্যও নথিপত্রে পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে।
তল্লাশির সময় সোনার গয়না এবং নগদ টাকাও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। তবে ঠিক কত পরিমাণ সোনা এবং নগদ উদ্ধার হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধার হওয়া সব নথি এবং সামগ্রী পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা।
বোলপুরের রবীন্দ্রবীথি বাইপাস সংলগ্ন এলাকায় সাহগেল হোসেনের একটি ফ্ল্যাট রয়েছে। শনিবার বিকেলের পর তিনি নিজেই সেখানে উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতেই রাজ্য পুলিশের আধিকারিকেরা তল্লাশি চালান বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে আরও দাবি করা হয়েছে, উদ্ধার হওয়া কয়েকটি নথিতে জমি ও সম্পত্তির মালিকানা নিয়ে প্রাথমিক ভাবে কিছু অসঙ্গতি নজরে এসেছে। সেই কারণে সাহগেলকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে খবর। তাঁর বিপুল সম্পত্তির উৎস কী, বিভিন্ন জেলায় এত জমি কীভাবে কেনা হল এবং ওই সম্পত্তির সঙ্গে অন্য কোনও ব্যক্তি যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীরা আরও একটি বিষয় গুরুত্ব দিয়ে দেখছেন। সাহগেল হোসেনের সঙ্গে টুলু মণ্ডলের কোনও আর্থিক বা সম্পত্তিগত যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। সাম্প্রতিক সময়ে টুলু মণ্ডলের বিপুল সম্পত্তি এবং ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
এই তদন্তে ইতিমধ্যেই টুলুর ম্যানেজার এবং ঘনিষ্ঠ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর ম্যানেজারের কাছ থেকে একটি ডায়েরিও উদ্ধার হয়েছিল। সেই ডায়েরিতে কয়েকজন সরকারি আধিকারিক এবং প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে বলে সূত্রের দাবি। ওই তথ্যের ভিত্তিতেই সাহগেলের ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এর মধ্যেই শনিবার টুলু মণ্ডলের শ্যালক মিঠু শেখের বাড়িতেও তল্লাশি চালানো হয়। বোলপুর বাইপাস সংলগ্ন খাসপাড়ায় তাঁর বাড়ি ঘিরে অভিযান চালান পুলিশ আধিকারিকেরা। প্রায় ১০ কাঠা জমির উপর তৈরি ওই বাড়িটি বেশ বিলাসবহুল বলে জানা গিয়েছে।
তবে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হলেও মিঠু শেখের বাড়ি থেকে উল্লেখযোগ্য কিছু উদ্ধার হয়নি বলেই খবর। অন্যদিকে, সাহগেলের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নথি এবং সম্পত্তির তথ্য এখন তদন্তকারীদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সাহগেলের বিপুল সম্পত্তির উৎস কী, তার সঙ্গে টুলু মণ্ডল বা অন্য কারও যোগ রয়েছে কি না এবং উদ্ধার হওয়া নথির অসঙ্গতির আসল কারণ কী, তা জানতে তদন্ত চলছে। আগামী দিনে এই তল্লাশি থেকে আরও কী তথ্য সামনে আসে, এখন সেদিকেই নজর রয়েছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


