Ballygunge Auto Strike: বালিগঞ্জে চরম উত্তেজনা! বন্ধ অটো পরিষেবা, চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা
Ballygunge Auto Strike: মঙ্গলবার সকালে দুই সংগঠনের মধ্যে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। দু’পক্ষ একে অপরকে লক্ষ্য করে ‘চোর’, ‘চোর’ স্লোগানও দেয় বলে অভিযোগ।
Ballygunge Auto Strike: বালিগঞ্জে বন্ধ অটো পরিষেবা। দুই সংগঠনের মধ্যে বিবাদের জেরে চরম উত্তেজনা ছড়িয়েছে। যার জেরে বালিগঞ্জ-কসবা, বালিগঞ্জ-হাজরা, বালিগঞ্জ-জজ কোর্ট রুটে অটো বন্ধ রয়েছে। এই ঘটনায় চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

অটোচালকদের একাংশের দাবি, এই রুটে অন্তত ৭৩টি অটো চলে। ওই রুটে গত কয়েকমাস ধরে বহিরাগতদের দাপট লক্ষ্য করা যাচ্ছে। বিরোধিতা করলেও লাভ হচ্ছে না কিছুই। অথচ যাত্রী নিয়ে যাচ্ছেন তাঁরা। স্বাভাবিকভাবেই সমস্যা তৈরি হচ্ছে। তাঁদের বক্তব্য, 'আমরা রোজই যাত্রীদের নিয়ে যাই। কিন্তু বেশ কয়েকমাস ধরে বহিরাগত অটো এই রুটে আসছে। বারবার বলা হচ্ছে। তাও ওই বহিরাগত অটোচালকরা কোনও কথা শুনছেন না।' এই রুটে আরও অটো বাড়লে রুটিরুজিতে টান পড়বে বলেই দাবি ওই অটোচালকদের। অন্যদিকে ‘বহিরাগত’ অটোচালকদের দাবি, পারমিট রয়েছে বলে এই রুটে অটো চালানো হচ্ছে। এই আবহে মঙ্গলবার সকালে দুই সংগঠনের মধ্যে গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। দু’পক্ষ একে অপরকে লক্ষ্য করে ‘চোর’, ‘চোর’ স্লোগানও দেয় বলে অভিযোগ।
এদিনের অশান্তির জেরে সকাল থেকেই বন্ধ অটো পরিষেবা। বালিগঞ্জ-আলিপুর জজ কোর্ট, বালিগঞ্জ-রাসবিহারী, বালিগঞ্জ-হাজরা রুটে অটো পরিষেবা বন্ধ রয়েছে। অটো চলাচল বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন যাত্রীরা। এক নিত্যযাত্রী বলেন, 'প্রতিদিন ঠিকঠাক থাকে। আজ কী সমস্যা হল বুঝতে পারছি না। এসে তো একটা জমায়েত দেখছি। এখন তো বন্ধ। অনেকটাই দেরিতে রান করছি। কোনও অটো যাচ্ছে না। বিকল্প কিছু ভাবতে হবে। একটু অপেক্ষা করছি। যদি ছাড়ে বাইচান্স।' যদিও এক অটো চালক বলেন, 'এরা আমাদের জজ কোর্টের যাত্রী। রোজই নিয়ে যাই। কিন্তু, দীর্ঘদিন ধরে একই জিনিস হয়ে যাচ্ছে।' যতক্ষণ না সমস্যা মিটছে ততক্ষণ পরিষেবা বন্ধ থাকবে বলেই দাবি অটোচালকদের। সুতরাং কখন পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।
গত জানুয়ারি মাসে অটো সমস্যা দেখা গিয়েছিলে টালিগঞ্জ ফাঁড়ি এলাকায়। অটো চালকদের সঙ্গে ব্যবসায়ীদের হাতাহাতি হয়। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা টালিগঞ্জ ফাঁড়ি এলাকায় অবরোধ করেছিলেন। এর জেরে টালিগঞ্জ-বেহালা রুটে বন্ধ হয়ে যায় অটো চলাচল। ফলে, দুর্ভোগে পড়েন যাত্রীরা। অটো চালকদের ইউনিয়ন অফিস সারাতে গেলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে। চারু মার্কেট থানায় দু'পক্ষকে মিটমাটের জন্য ডাকা হলেও বৈঠক ব্যর্থ হয়। অভিযোগ ওঠে, দুই ব্যবসায়ীর সঙ্গে অটো চালকদের গন্ডগোল হয়। অটো চালকরা দাবি করেন, তাঁরা ইউনিয়ন অফিস সংস্কারের কাজ করছিলেন। সেটা করতে গেলে দুই ব্যবসায়ী শেড করে দিতে বলেন। যাতে তাঁরা রাজি হননি। তা নিয়েই গন্ডগোলের সূত্রপাত হয়েছিল। যার জেরে বন্ধ হয় অটো চলাচল। দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
E-Paper

