Garga Chatterjee Arrested: EVM নিয়ে গুজব ছড়ানোর মাশুল! কলকাতা পুলিশের জালে 'বাংলা পক্ষ'-র গর্গ চট্টোপাধ্যায়
Garga Chatterjee Arrested: পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বেশ কিছু মন্তব্য করেছিলেন গর্গ চট্টোপাধ্যায়। তাঁর সেই সব মন্তব্যকে ঘিরেই আপত্তি জানায় নির্বাচন কমিশন।
Garga Chatterjee Arrested: বিধানসভা নির্বাচনের উত্তাপের মাঝেই বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। মূলত ইভিএম নিয়ে গুজব ছড়ানো এবং প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগে গ্রেফতার করা হল ‘বাংলা পক্ষ’-র প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে। সূত্রের খবর, নির্বাচন কমিশনের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশের সাইবার সেল এই পদক্ষেপ নিয়েছে। বুধবার গর্গ চট্টোপাধ্যায়কে আদালতে হাজির করানো হতে পারে।

নেপথ্যে নির্বাচন কমিশনের অভিযোগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বেশ কিছু মন্তব্য করেছিলেন গর্গ। তাঁর সেই সব মন্তব্যকে ঘিরেই আপত্তি জানায় নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ ছিল, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং নির্বাচন প্রক্রিয়ার ওপর অনাস্থা তৈরি করতেই সুপরিকল্পিতভাবে গুজব ছড়িয়েছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন তদন্তকারীরা তাঁকে গ্রেফতার করেন।
কী অভিযোগ গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে?
গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের মূলে রয়েছে তাঁর সাম্প্রতিক কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট এবং মন্তব্য। ইভিএম বিকল নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের তিনি দাবি করেছিলেন, 'রাতে দেখেশুনে সিল করে রাখার পরও, ভোটগণনার সময় ইভিএম খারাপ হচ্ছে কেন?' পাশাপাশি কমিশনকে তোপ দেগে তাঁর অভিযোগ ছিল, 'বেলার দিকে নির্বাচন কমিশনের কিছু গোপন পরিকল্পনা রয়েছে।' ভিভিপ্যাট নিয়ে দাওয়াই দেন তিনি। ভোটারদের প্রতি তাঁর পরামর্শ ছিল, ভোট দিয়ে বেরোনোর আগে যেন তাঁরা ভালো করে ভিভিপ্যাট যাচাই করে নেন। এই ধরনের বক্তব্য ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং নির্বাচনী প্রক্রিয়ার ওপর মানুষের আস্থা নষ্ট করতে পারে বলে মনে করছে কমিশন। কমিশনের সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
আদালতে পেশ
তদন্তকারীদের দাবি, নির্বাচন চলাকালীন এই ধরণের মন্তব্য সরাসরি আদর্শ আচরণবিধি এবং সাইবার আইন লঙ্ঘন করে। গর্গ চট্টোপাধ্যায়কে মঙ্গলবার রাতটুকু লালবাজারের লক-আপেই কাটাতে হবে। পুলিশ জানিয়েছে, আগামীকাল অর্থাৎ বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে। নিজেদের হেফাজতে নিয়ে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারে পুলিশ।
কে এই গর্গ চট্টোপাধ্যায়?
বাঙালির কাছে গর্গ চট্টোপাধ্যায়ের পরিচিতি 'বাংলা পক্ষ'কে ঘিরে। ২০১৭ সালের ২৫ ডিসেম্বর পথচলা শুরু করা এই সংগঠনটি হিন্দি বলয়ের সাংস্কৃতিক আধিপত্যের বিরোধিতা এবং বাঙালিদের অধিকার রক্ষার দাবি তুলে জনপ্রিয় হয়ে ওঠে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালেও সরকারি চাকরিতে বাঙালিদের অগ্রাধিকার এবং সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা আবশ্যিক করার দাবিতে সোচ্চার ছিলেন তিনি। গ্রেফতারির আগে থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের পথ বেছে নিয়েছিল 'বাংলা পক্ষ।' সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, পহেলা বৈশাখের শোভাযাত্রার অনুমতি দেয়নি কমিশন। গর্গ ও তাঁর অনুগামীদের দাবি ছিল, এটি বাঙালির সংস্কৃতি ও গৌরবের ওপর আঘাত। অন্যদিকে কমিশনের যুক্তি ছিল, আদর্শ আচরণবিধি কার্যকর থাকায় কোনও প্রকার রাজনৈতিক বা সামাজিক মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়।
E-Paper

