Bangladeshis Arrested: বৃহন্নলার ছদ্মবেশে ভাড়া বাড়িতে ৪ বাংলাদেশি! পুরুলিয়া থেকে ধরা পড়ল অনুপ্রবেশকারীরা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চারজনের নাম মহম্মদ জাহিদ ইমন, মহম্মদ তৌহিদ মণ্ডল, শান্ত হোসেন এবং সুমন শেখ। দীর্ঘদিন ধরে পুরুলিয়া জেলার একটি ভাড়া বাড়িতে তৃতীয় লিঙ্গের মানুষের ছদ্মবেশে থাকছিলেন তাঁরা বলে অভিযোগ। তাঁদের পোশাক এবং চলাফেরা দেখে সন্দেহ হয় স্থানীয় এক বৃহন্নলার।
বৃহন্নলার ছদ্মবেশে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন চার বাংলাদেশি নাগরিক। সন্দেহ হওয়ায় তাঁদের পরিচয় সামনে আসে। এর পরেই পুলিশ তাঁদের উদ্ধার করে ডিটেনশন কেন্দ্রে পাঠায়। এ বার তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করল পুরুলিয়া জেলা পুলিশ। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষ করে শুক্রবার কড়া নিরাপত্তায় চারজনকে নদিয়ার হরিণঘাটায় বিএসএফের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে আন্তর্জাতিক সীমান্তের নিয়ম মেনে তাঁদের বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চারজনের নাম মহম্মদ জাহিদ ইমন, মহম্মদ তৌহিদ মণ্ডল, শান্ত হোসেন এবং সুমন শেখ। দীর্ঘদিন ধরে পুরুলিয়া জেলার একটি ভাড়া বাড়িতে তৃতীয় লিঙ্গের মানুষের ছদ্মবেশে থাকছিলেন তাঁরা বলে অভিযোগ। তাঁদের পোশাক এবং চলাফেরা দেখে সন্দেহ হয় স্থানীয় এক বৃহন্নলার। বিষয়টি তিনি রঘুনাথপুর থানার পুলিশকে জানান। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে পুলিশ।
এর পর রঘুনাথপুর শহর থেকে প্রথমে এক জনকে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকি তিন জনের সন্ধান পান তদন্তকারীরা। পরে চারজনকেই নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তাঁদের পরিচয় এবং ভারতে থাকার বৈধ নথিপত্র খতিয়ে দেখা হয়। তার পর তাঁদের রঘুনাথপুরের ডিটেনশন কেন্দ্রে রাখা হয়েছিল। এ বার তাঁদের নিজেদের দেশে ফেরানোর জন্য চূড়ান্ত পদক্ষেপ শুরু হয়েছে।
পুলিশ সূত্রের খবর, কাউকে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ফেরত পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট আইনি বিধি এবং প্রশাসনিক নিয়ম মানতে হয়। সেই প্রক্রিয়া মেনেই চারজনকে বিএসএফের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার পুলিশি পাহারায় তাঁদের নদিয়ার হরিণঘাটায় বিএসএফের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তী পদক্ষেপ করা হবে।
এই ঘটনা নিয়ে কড়া বার্তা দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর বক্তব্য, কোনও অনুপ্রবেশকারীকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী পদক্ষেপ করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারও একই পথে চলছে বলে দাবি করেন তিনি।
সাংসদের আরও বক্তব্য, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ অনেকটাই শেষ হয়েছে। যে অংশে কাজ বাকি রয়েছে, তা-ও সম্পূর্ণ করা হবে। পাশাপাশি, খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায়, বেআইনি ভাবে ভারতে প্রবেশকারীদের বিরুদ্ধে আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে।
চার বাংলাদেশি নাগরিককে ফেরানোর প্রক্রিয়া ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে এলাকায়। পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর। তবে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে তাঁদের ফেরানোর আগে প্রয়োজনীয় যাচাই এবং প্রশাসনিক নিয়ম সম্পূর্ণ মেনে চলাই এখন প্রধান বিষয়।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


