Baranagar-Barrackpore Metro Update: ব্যারাকপুর পেরিয়ে এবার কল্যাণী AIIMS! মেট্রো সম্প্রসারণের বড় ইঙ্গিত পরিবহণমন্ত্রীর
ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ নিয়ে আশার কথা শুনিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে আরও বড় সম্ভাবনার কথা সামনে আনলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। তাঁর বক্তব্য, ভবিষ্যতে ব্যারাকপুর থেকে মেট্রো পরিষেবা আরও বাড়িয়ে কল্যাণী AIIMS পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে।
Baranagar-Barrackpore Metro Update: রাজ্যে পালাবদলের পর কলকাতা ও সংলগ্ন এলাকায় মেট্রো প্রকল্পের কাজ নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। চিংড়িহাটা মেট্রো প্রকল্পের যে কাজ দীর্ঘদিন ধরে থমকে ছিল, তা ফের শুরু হয়েছে বলে খবর। পাশাপাশি ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ নিয়েও আশার কথা শুনিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে আরও বড় সম্ভাবনার কথা সামনে আনলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। তাঁর বক্তব্য, ভবিষ্যতে ব্যারাকপুর থেকে মেট্রো পরিষেবা আরও সম্প্রসারিত করে কল্যাণী AIIMS পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে।

অর্জুন সিং জানিয়েছেন, মেট্রো সম্প্রসারণের ভাবনা শুধু বরাহনগর থেকে ব্যারাকপুরের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান না তাঁরা। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে মেট্রো রেলকে কল্যাণীর AIIMS হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর দাবি, এই রুটে মেট্রো চালু হলে উত্তর ২৪ পরগনা ছাড়াও হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলার মানুষের উপকার হবে।
পরিবহণমন্ত্রীর কথায়, ব্যারাকপুর থেকে কল্যাণী AIIMS পর্যন্ত মেট্রো চালানোর দাবি দীর্ঘদিনের। ভবিষ্যতে সেই দাবি বাস্তবায়িত হতে পারে বলে আশাবাদী তিনি। কল্যাণী রোডের উপর দিয়ে মেট্রো নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলেও দাবি করেছেন অর্জুন। তাঁর বক্তব্য অনুযায়ী, এই সংক্রান্ত প্রস্তাব আগেই দেওয়া হয়েছে।
অর্জুন সিং বলেন, “অনেকেরই একটা দাবি রয়েছে। ব্যারাকপুর থেকে কল্যাণী এইমস হাসপাতাল অবধি মেট্রো যাতে চলে। আমার আশা ভবিষ্যতে হবে।” তাঁর আরও দাবি, কল্যাণী রোডের উপর দিয়ে মেট্রো নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় জায়গাও রয়েছে।
এই প্রস্তাব সামনে আসতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। তাঁদের বক্তব্য, কল্যাণী AIIMS পর্যন্ত মেট্রো পৌঁছে গেলে চিকিৎসার প্রয়োজনে যাতায়াত অনেক সহজ হবে। বর্তমানে সড়কপথে যে সময় লাগে, মেট্রো চালু হলে তার তুলনায় অনেক কম সময়ে হাসপাতালে পৌঁছনো সম্ভব হতে পারে। বিশেষ করে দূরবর্তী জেলা থেকে আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য এই পরিষেবা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এক স্থানীয় বাসিন্দার কথায়, মেট্রো চালু হলে তাঁদের যাতায়াতে ব্যাপক সুবিধা হবে। অন্য এক বাসিন্দাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, এলাকায় মেট্রো পরিষেবা পৌঁছলে সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা অনেকটাই মিটবে।
এদিকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ নিয়েও রাজ্য সরকারের তরফে ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, খুব দ্রুত ব্যারাকপুরে মেট্রো ছুটবে। এই প্রকল্পের ক্ষেত্রে কলকাতা পুরনিগমের ছাড়পত্র নিয়েও জটিলতা ছিল। সম্প্রতি পিঙ্ক লাইন মেট্রো প্রকল্পে কলকাতা পুরনিগমের তরফে নো অবজেকশন সার্টিফিকেট বা NOC দেওয়ার খবর সামনে এসেছে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কলকাতা পুরনিগমকে ধন্যবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে ব্যারাকপুর মেট্রো প্রকল্পের কাজ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন গতি এসেছে বলে মনে করা হচ্ছে। এই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হলে উত্তর ২৪ পরগনা থেকে নদিয়া এবং সংলগ্ন একাধিক জেলার সঙ্গে কলকাতা ও কল্যাণীর যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


