Barrackpore to Puri-Varanasi: ব্যারাকপুর থেকে পুরী-বেনারস-বৃন্দাবন, এবার ছুটবে সরাসরি বাস! হাসপাতাল যাতায়াতেও বড় উদ্যোগ

রবিবার ব্যারাকপুরের প্রবীণ নাগরিক এবং বিশিষ্ট ব্যক্তিদের একটি প্রতিনিধি দল পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করে একাধিক দাবি জানায়। তাঁদের মধ্যে ছিলেন নাট্যকার চন্দন সেন। প্রতিনিধি দলের মূল দাবি ছিল দু’টি।

Published on: Sep 6, 2026, 20:47:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ব্যারাকপুরবাসীর জন্য পরিবহণ ব্যবস্থায় বড়সড় পরিকল্পনার কথা জানালেন রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং। ব্যারাকপুর থেকে এবার সরাসরি দেশের একাধিক গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে বাস পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পুরী, বেনারস, মথুরা-বৃন্দাবনের পাশাপাশি উত্তরবঙ্গের জন্যও নতুন বাস পরিষেবা চালুর আশ্বাস দিয়েছেন মন্ত্রী। একই সঙ্গে ব্যারাকপুর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতালে সরাসরি যাতায়াতের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

ব্যারাকপুরবাসীর জন্য পরিবহণ ব্যবস্থায় বড়সড় পরিকল্পনার কথা জানালেন রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Arjun Singh)
ব্যারাকপুরবাসীর জন্য পরিবহণ ব্যবস্থায় বড়সড় পরিকল্পনার কথা জানালেন রাজ্যের শ্রম ও পরিবহণমন্ত্রী অর্জুন সিং। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Arjun Singh)

রবিবার ব্যারাকপুরের প্রবীণ নাগরিক এবং বিশিষ্ট ব্যক্তিদের একটি প্রতিনিধি দল পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করে একাধিক দাবি জানায়। তাঁদের মধ্যে ছিলেন নাট্যকার চন্দন সেন। প্রতিনিধি দলের মূল দাবি ছিল দু’টি। প্রথমত, প্রবীণ নাগরিকদের তীর্থযাত্রার ক্ষেত্রে বাসভাড়ায় ৫০ শতাংশ ছাড় দেওয়া। দ্বিতীয়ত, ব্যারাকপুর থেকে সরাসরি বিভিন্ন তীর্থস্থান এবং হাসপাতালের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা।

চন্দন সেন জানান, প্রবীণ নাগরিকদের জন্য তীর্থযাত্রায় ৫০ শতাংশ ছাড় দেওয়ার আবেদন করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত সরাসরি পরিবহণমন্ত্রীর হাতে নয়। বিষয়টি মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর নির্ভর করে। মন্ত্রী তাঁদের আবেদন ক্যাবিনেটে তোলার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

অন্যদিকে, ব্যারাকপুর থেকে সরাসরি তীর্থস্থানগুলিতে বাস চালানোর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন অর্জুন সিং। তাঁর কথায়, ব্যারাকপুরে বাস রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে। ফলে এখান থেকে পুরী, বেনারস-সহ একাধিক তীর্থস্থানের জন্য পরিষেবা চালু করা সম্ভব। উত্তরবঙ্গের সঙ্গেও ব্যারাকপুরের সরাসরি বাস যোগাযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে। উত্তরপ্রদেশের সঙ্গে ইতিমধ্যেই পরিবহণ সংক্রান্ত চুক্তি হয়েছে এবং পুরীর সঙ্গেও প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে ব্যারাকপুর থেকে নতুন সরকারি বাস রুট চালুর পরিকল্পনার কথাও জানিয়েছিলেন পরিবহণমন্ত্রী। ব্যারাকপুর-কল্যাণী এইমস, ব্যারাকপুর-ধর্মতলা এবং কাঁচরাপাড়া-ব্যারাকপুরের মতো নতুন রুট নিয়ে পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি রুটে একাধিক বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর।

এবার হাসপাতালমুখী যাত্রীদের জন্যও বড় পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী। ব্যারাকপুর থেকে সরাসরি এইমসের বাস চালানোর কথা জানিয়েছেন তিনি। তাঁর পরিকল্পনা অনুযায়ী, নৈহাটি থেকেও কল্যাণী এইমস পর্যন্ত বাস পরিষেবা থাকবে। পাশাপাশি ইস্টার্ন বাইপাসের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলির কাছ দিয়ে যেসব বাস চলাচল করে, সেই রুটগুলিকে এমনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে যাতে রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের যাতায়াতে সমস্যা না হয়।

ব্যারাকপুর শিল্পাঞ্চল ও আশপাশের এলাকার বহু মানুষ চিকিৎসার জন্য কল্যাণী এইমসের উপর নির্ভর করেন। ফলে হাসপাতালমুখী সরাসরি বাস পরিষেবা চালু হলে তাঁদের যাতায়াত অনেকটাই সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগী এবং তাঁদের পরিবারের ক্ষেত্রে বারবার বাস বদলের ঝক্কি কমবে।

তবে প্রবীণ নাগরিকদের ৫০ শতাংশ ভাড়ায় ছাড়ের দাবি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অর্জুন সিং জানিয়েছেন, বিষয়টি মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন। ফলে এখনই ছাড় কার্যকর হচ্ছে না।

সব মিলিয়ে ব্যারাকপুরকে কেন্দ্র করে পরিবহণ পরিকাঠামোয় একাধিক নতুন পরিষেবা চালুর পরিকল্পনা সামনে এসেছে। তীর্থযাত্রা, উত্তরবঙ্গগামী যোগাযোগ এবং হাসপাতালমুখী যাতায়াত—তিন ক্ষেত্রেই সরাসরি বাস পরিষেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ব্যারাকপুরে নতুন রুট চালুর কাজ এগোনোয় এই নতুন পরিকল্পনাগুলিও কত দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More