Kolkata Winter Forecast till 28th Jan: শীতের শেষে শুরু! ৩৭ দিনের 'রেকর্ড' ভাঙার পরে ‘গরম’ বাড়ল কলকাতায়, চাকা ঘুরবে আর?

কলকাতার তাপমাত্রা ধীরে-ধীরে বৃদ্ধি পাচ্ছে। বুধবারের থেকে 'গরম' বেড়ে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা হল ২৬.৮ ডিগ্রি।

Published on: Jan 22, 2026, 08:57:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টানা ৩৭ দিন পরে কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যে স্বাভাবিকের থেকে বেশি ছিল বুধবার, বৃহস্পতিবারও সেই ধারা বজায় থাকল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বুধবারের থেকে 'গরম' বেড়ে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ১৫.৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি (বুধবারের থেকে পারদ চড়েছে ০.৩ ডিগ্রি)। আর সর্বোচ্চ তাপমাত্রা হল ২৬.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ২৬ ডিগ্রির আশপাশেই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রির আশপাশে।

কলকাতার তাপমাত্রা ধীরে-ধীরে বৃদ্ধি পাচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
কলকাতার তাপমাত্রা ধীরে-ধীরে বৃদ্ধি পাচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

জোরালো সিস্টেম ছাড়া শীতের আশা শেষ, বাড়বে তাপমাত্রা

আর সেই পরিস্থিতি দেখে আবহবিদরা বলতে শুরু করেছেন যে ২০২৫-২৬ মরশুমে একাধিক রেকর্ড গড়ার পরে শীতের 'শেষের' শুরু হল। এখন থেকে দিন এবং রাতের তাপমাত্রা ধীরে-ধীরে বৃৃদ্ধি পাবে। মোটামুটি প্রতিবারই এই সময় থেকে পারদ চড়তে থাকে। কোনও জোরালো 'সিস্টেম' তৈরি না হলে শীতের অনুভূতি ক্রমশ কমতে থাকবে। রাত ও দিনের তাপমাত্রার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। আর ধীরে-ধীরে সেই বিচ্ছিরি এবং ভ্যাপসা গরমের দিন চলে আসবে বলে জানিয়েছেন আবহবিদরা।

কলকাতার শীতকালের রেকর্ড ও তাপমাত্রার গ্রাফ

১) ১০.২ ডিগ্রি সেলসিয়াস: ১৩ বছরে শীতলতম জানুয়ারি।

২) ১৮ ডিগ্রি সেলসিয়াস: এক দশকে জানুয়ারিতে সবথেকে কম সর্বোচ্চ তাপমাত্রা।

৩) এবার শীতের সর্বনিম্ন তাপমাত্রা: ১০.২ ডিগ্রি সেলসিয়াস (৬ জানুয়ারি)।

৪) এবার শীতে সবথেকে কম সর্বোচ্চ তাপমাত্রা: ১৮ ডিগ্রি সেলসিয়াস (৬ জানুয়ারি)।

৫) জানুয়ারিতে সবথেকে বেশি সর্বনিম্ন তাপমাত্রা: ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস (২২ জানুয়ারি)।

৬) জানুয়ারিতে সবথেকে বেশি সর্বোচ্চ তাপমাত্রা: ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস (২১ জানুয়ারি)।

৭) জানুয়ারিতে স্বাভাবিকের নীচে সর্বনিম্ন তাপমাত্রা: ১৮ দিন।

৮) জানুয়ারিতে স্বাভাবিকের নীচে সর্বোচ্চ তাপমাত্রা: ১৯ দিন।

আগামী এক সপ্তাহ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী সাতদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) তেমন কোনও পরিবর্তন হবে না। শুক্রবার সকালের দিকে কলকাতায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More