মধুর বসন্তের ছোঁয়া উধাও! ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, সপ্তাহের শুরুতেই ভিজবে বাংলা

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দুই-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ চড়বে।

Published on: Feb 23, 2026, 21:07:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বসন্তের শুরুতেই ক্রমশ চড়ছে পারদ। বেলা বাড়লেই কড়া রদ্দুর। ফেব্রুয়ারিতেই ঘাম ঝরছে। এর মধ্যেই বাংলার আবহাওয়ায় বড় বদলের পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সপ্তাহের শুরুতেই ভিজবে বাংলা (ছবি সৌজন্যে পিটিআই)
সপ্তাহের শুরুতেই ভিজবে বাংলা (ছবি সৌজন্যে পিটিআই)

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- দুই প্রান্তেই বৃষ্টি হবে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গেই অসমের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। যা সমুদ্রে তৈরি নিম্নচাপের জলীয় বাষ্পকে নিজের দিকে আকর্ষণ করচে। ফলে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরেই এই বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকেই কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় বৃষ্টিপাতের সঙ্গেই বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে সোমবার বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার ভিজবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলো। বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী দুই-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ চড়বে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে বৃষ্টি হলেও গরম কমবে না। ভ্যাপসা ভাব বজায় থাকবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বসন্তকালে হঠাৎ এই বৃষ্টির নেপথ্যে রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। ফলে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই উধাও বসন্তের আমেজ, তার জায়গায় বাতাসে গ্রীষ্মের আগমনী। সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সোমবার তাপমাত্রা ১৭ ডিগ্রির নীচে নামেনি।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে অবশ্য এখনও শীতের হালকা উপস্থিতি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে দিনের দিকে আকাশ পরিষ্কার থাকবে। আপাতত তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে রবিবার থেকে প্রায় ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আবহাওয়া দফতরের মতে, ফেব্রুয়ারি শেষ হতেই পাহাড় থেকে সমতল- সর্বত্রই শীতের আমেজ প্রায় বিদায় নেবে। নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গেও পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কয়েকটি এলাকায় সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। যদিও এই জেলাগুলির জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।

হাওয়া অফিস স্পষ্ট করেছে, আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণ- দুই বঙ্গেই তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না। তবে দিনের গরম ধীরে ধীরে বাড়বে।