রংয়ের উৎসবে ঝরবে ঘাম! দোলের আগেই বঙ্গ আবহাওয়ার ভোলবদল, জানুন এক ক্লিকে
দক্ষিণবঙ্গে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে বেলায় পরিষ্কার থাকবে আকাশ।
দোলের আগেই রাজ্যের আবহাওয়ায় বড়সড়ো বদল। শীতের আমেজ কাটিয়ে বঙ্গে বাড়ছে তাপমাত্রা।পয়লা মার্চেই পাখা যেন বন্ধ করে রাখাই দায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে, যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি বেশি। ফলে রংয়ের উৎসবের আগেই ঘর্মাক্ত পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে তিলোত্তমাবাসীকে। ঘামে ভিজতে পারেন দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গেও দোলের পর থেকেই ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে কোমোরিন এলাকাতেও। উত্তর-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন গুজরাট উপকূলে আরও একটি ঘূর্ণাবর্ত। মধ্য অসমেও রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। আগামী বুধবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। দক্ষিণবঙ্গে সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে বেলায় পরিষ্কার থাকবে আকাশ। দেখা পাওয়া যাবে রোদের। বৃষ্টির সম্ভাবনা নেই। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। আগামী দু'দিন বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৬-৭ দিন প্রায় একইরকম থাকবে। কলকাতায় ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে রাতের পারদ।
কলকাতাতেও বেড়েছে তাপমাত্রা। কলকাতায় গত চারদিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সোমবার সকালে শহরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। শীতের অনুভূতি উধাও। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪২ থেকে ৯২ শতাংশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
এক নজরে উত্তরের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে দার্জিলিংয়ে গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা তুষারপাত হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধবার থেকে শুষ্ক আবহাওয়া। তবে উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী দু-তিন দিন তাপমাত্রার পরিবর্তন নেই। তারপর থেকে তাপমাত্রা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। শুধু বাংলা নয়, ভিনরাজ্যেও ক্রমশ বাড়ছে তাপমাত্রা।
E-Paper











