West Bengal Rain Forecast: ভরা বৈশাখে আবহাওয়ার মুড সুইং! বাংলাজুড়ে মেঘ-বৃষ্টির খেলা, ১২ মে থেকে বিরাট বদলে যাবে...
West Bengal Rain Forecast: শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে ঝড়ের দাপট বেশি থাকতে পারে; সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।
West Bengal Rain Forecast: রাজ্যজুড়ে গত কয়েকদিন ধরেই চলছে মেঘলা আকাশ আর সন্ধ্যার বৃষ্টি বিলাস। যেখানে মে মাসে তীব্র দাবদাহ, তাপপ্রবাহ বয় বাংলাজুড়ে, সেখানেই এ বছর মে মাসে প্রতি সপ্তাহেই বৃষ্টি হচ্ছে। ভোটের ফলাফলের দিন থেকে বাংলাজুড়ে বৃষ্টি বেড়েছিল। এখনও তার প্রভাব চলছে। তবে অফিস ফেরত সাধারণ মানুষের জন্য এই আবহাওয়া কিছুটা বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই আবহে আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির প্রভাব আরও বাড়ার পূর্বাভাস দিল।
দক্ষিণ মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এবং পূর্ব বিহারের ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। এর প্রভাবেই মূলত এই বৃষ্টিপাত। মে মাসের তৃতীয় সপ্তাহে বৃষ্টি-বাদলা বাড়ার সম্ভাবনা। বাংলাজুড়েই বৃষ্টি হবে। আগামী ১২ মে-র পর বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। জোরালো নিম্নচাপের জেরে বৃষ্টি বাড়বে বাংলায়। উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গজুড়েই বৃষ্টির প্রকোপ বাড়বে। এদিকে, নির্ধারিত সময়ের সামান্য আগেই বর্ষা আসছে আন্দামানে। তার জেরে বৃষ্টিবাদলা আগে থেকেই শুরু হবে। তবে এল নিনোর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হতে পারে এই বছর।
কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে ঝড়ের দাপট বেশি থাকতে পারে; সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। শনিবার ব্রিগেড ময়দানে নতুন সরকারের শপথ গ্রহণের দিনেও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া-সহ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যদিও বাকি জেলাগুলোতে আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এবং ১৩ মে ফের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।
ভরা বৈশাখেও রাজ্য জুড়ে মনোরম আবহাওয়া। ২০.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। আকাশ আংশিক পরিষ্কারই থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হতে পারে। গত ২৪ ঘণ্টার তাপমাত্রার রেকর্ডে দেখা যাচ্ছে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.০৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.০৯ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ১.০৮ ডিগ্রি নিচে ছিল। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় শহরে ৪৮.০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আপাতত এই মেঘ-বৃষ্টির খেলা থেকে পুরোপুরি নিষ্কৃতি পাওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
এক নজরে উত্তরের আবহাওয়া
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী কয়েকদিন আবহাওয়া অপরিবর্তিত থাকবে। আজ, শুক্রবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ ও ১১ মে উত্তরের ওপরের পাঁচটি জেলায় হালকা বৃষ্টি হলেও ১২ মে মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ফের বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
E-Paper

