Sabyasachi Dutta Arrested: গ্রেফতার বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত, রাজারহাটের বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ
রাজারহাটের বাড়ি থেকে সব্যসাচীকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট ঘটনার তদন্তে তাঁর নাম উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করে পুলিশ।
রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই শাসকদলের একাধিক নেতা-জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি, ভোট-পরবর্তী হিংসা-সহ নানা অভিযোগে তদন্ত ও গ্রেফতারের ঘটনা সামনে এসেছে। সেই তালিকায় এবার যুক্ত হল আরও এক পরিচিত নাম। তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিধাননগর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজারহাটের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট ঘটনার তদন্তে তাঁর নাম উঠে আসছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করে পুলিশ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সব্যসাচী দত্ত বা তাঁর আইনজীবীর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই গ্রেফতারি এমন এক সময়ে ঘটল, যখন তৃণমূলের অন্দরে মতবিরোধ ও ক্ষোভ প্রকাশ্যে চলে আসছে। দলের একাংশ কালীঘাটের নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন, আবার অন্যদিকে সাংগঠনিক স্তরেও ভাঙন দেখা দিয়েছে। এই আবহে সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। কখনও দুর্নীতির অভিযোগে, কখনও তোলাবাজি বা হিংসার মামলায় তদন্তকারীদের জালে ধরা পড়েছেন শাসকদলের নেতারা। বিরোধীদের দাবি, এটি দীর্ঘদিনের অনিয়মের ফল। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নেতাদের নিশানা করা হচ্ছে।
এই আবহেই সব্যসাচী দত্তের গ্রেফতারি রাজ্যের রাজনৈতিক তরজাকে আরও উসকে দিল। এর আগে গত ৪ জুন বিধাননগরের পুরনিগমের কৃষ্ণা চক্রবর্তী পদত্যাগ করেছিলেন। তার আগে আবার বিধাননগর পুরনিগমের একাধিক কাউন্সিলর বিভিন্ন কারণে গ্রেফতার হয়েছেন। এর আগে তোলাবাজির অভিযোগে বিধাননগরের ৬ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে。 তিনি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত। এদিকে তোলাবাজির অভিযোগে বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বরো চেয়ারম্যান রঞ্জন পোদ্দারকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে করুণাময়ী বাস স্ট্যান্ডে বাস চালকদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ ছিল। এদিকে জোর করে ভয় দেখিয়ে জমি দখল ও জমির মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডলকে গ্রেফতার করা হয়। ভোটারদের ভয় দেখানো এবং উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগরের ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গ্রেফতার করা হয়।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


