জল্পনার অবসান! ষষ্ঠ তালিকায় তুরুপের তাস BJPর, কলকাতা বন্দরে সম্মুখ সমরে ফিরহাদ-জেলমুক্ত রাকেশ

রাকেশ সিং জামিন পাওয়ার পরেই জল্পনা ছিল, তাঁকেই এবার কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী করতে পারে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই জল্পনায় সিলমোহর পড়ল।

Published on: Apr 08, 2026 12:43 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সব জল্পনার অবসান। বাংলা বিধানসভা নির্বাচনের মুখে ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এই তালিকায় একজনের নামই ঘোষণা করল গেরুয়া শিবির। আর তাতে কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে রাকেশ সিং-কে। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান তিনি। জল্পনা ছিল, তাঁকেই এবার কলকাতা বন্দরে তৃণমূল কংগ্রেসের ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী করতে পারে বঙ্গ বিজেপি নেতৃত্ব। অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল। এদিকে, প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছেন রাকেশ সিং। বুধবার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডে শুরু করেছেন গৃহসংযোগ কর্মসূচি।

কলকাতা বন্দরে সম্মুখ সমরে ফিরহাদ-জেলমুক্ত রাকেশ (সৌজন্যে টুইটার)
কলকাতা বন্দরে সম্মুখ সমরে ফিরহাদ-জেলমুক্ত রাকেশ (সৌজন্যে টুইটার)

একটি মাত্র কেন্দ্রেই প্রার্থী দেওয়া বাকি ছিল বিজেপির। শেষ দফার নির্বাচনের জন্য আগামী ৯ এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগের দিন প্রার্থী দিল গেরুয়া শিবির। মৌলালিতে কংগ্রেস দফতরে ভাঙচুর এবং রাহুল গান্ধী পোস্টারে কালি লেপে দেওয়ার ঘটনায় রাকেশ সিংয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। বিহারে রাহুল গান্ধীর মিছিল থেকে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করা হয়। তার প্রতিবাদে এই কলকাতায় কংগ্রেস দফতরে এই হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। যদিও ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন রাকেশ সিং। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সূত্রেই গত বছর সেপ্টেম্বর মাসে ট্যাংরা এলাকা থেকে রাকেশ সিংকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় তাঁর অনুগামী একাধিক নেতাকেও। এমনকী বিজেপি নেতার ছেলে শিবম সিংকেও গ্রেফতার করে পুলিশ। যদিও পরে জামিন পান শিবম। কিন্তু জামিন হয়নি রাকেশের।

কিন্তু ভোটের আগে অর্থাৎ গত ৬ এপ্রিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ বিজেপি নেতার জামিন মঞ্জুর করে। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তিনি জামিন পান ৷ এছাড়া স্থানীয় দু'জনকে সাক্ষী হিসাবে স্বাক্ষর করতে হবে ৷ সোমবার একাধিক শর্ত সাপেক্ষে জামিনের এই নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ'র একক বেঞ্চ ৷ গতকাল অর্থাৎ মঙ্গলবার তাঁর জেলমুক্তি ঘটে। এরপরেই কলকাতা বন্দর, যা কিনা ফিরহাদ হাকিমের গড় হিসাবে পরিচিত সেখানেই বিজেপির প্রার্থী হিসাবে রাকেশ সিংয়ের নাম ঘোষণা করল বিজেপি। আদালত সোমবারই জানিয়েছিল, জামিনের আবেদনকারী রাকেশ সিং ২০২৬-এর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ৷ তবে রাকেশ সিংকে কলকাতা বন্দর বিধানসভা এলাকার মধ্যেই থাকতে হবে ৷ তিনি শুধু মনোনয়ন জমা দেওয়ার জন্য বা রিটার্নিং অফিসারের সঙ্গে সাক্ষাতের কারণে এলাকা ছেড়ে বেরতে পারবেন ৷ এছাড়া ভোটগণনার দিন ৪ মে নিজের বিধানসভা এলাকা থেকে বেরতে পারবেন রাকেশ সিং ৷ প্রচারের সময় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে চলতে হবে তাঁকে ৷ বিচারপতি কৌশিক চন্দ'র একক বেঞ্চ আরও জানিয়েছে, যদি রাকেশ সিং ভোটে লড়ার টিকিট না-পান তাহলে পুলিশ এই জামিন বাতিলের আর্জি জানাতে পারবে ৷ এই মামলার পরবর্তী শুনানি ৬ মে ৷ রাকেশ জামিন পাওয়ার পরেই জল্পনা ছিল, তাঁকেই এবার কলকাতা বন্দরে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী করতে পারে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সেই জল্পনায় সিলমোহর পড়ল। বলে রাখা প্রয়োজন, গত বিধানসভা নির্বাচনেও কলকাতা বন্দর এলাকা থেকে রাকেশ সিংয়ের প্রার্থী হওয়ার জল্পনা ছিল। কিন্তু সে বার পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় প্রার্থী হওয়া হয়নি তাঁর।