বাংলায় বড় প্ল্যান BJP-র! শক্তি প্রদর্শনে ব্রিগেডে PM মোদী, হাইকমান্ডের কাছে প্রার্থী তালিকা
অবশ্য শুধু কলকাতা নয়, শহরে ভাবনার বাস্তবায়ন ঘটলে উত্তরবঙ্গেও ব্রিগেডের মতোই জনসভা করতে পারে বিজেপি।
বঙ্গে বিধানসভা ভোট আসন্ন। এই আবহে প্রতি মাসেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, প্রচারে ঝাঁঝ বাড়াতে মার্চের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় সভা করবেন প্রধানমন্ত্রী। আর সেই সভা যে কোনও জায়গায় নয়, বিধানসভা নির্বাচনের আগে মার্চের দ্বিতীয় সপ্তাহে ব্রিগেডে জনসভা করার সম্ভবনা রয়েছে তাঁর।

নির্বাচনকে মাথায় রেখে মার্চের ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এই জনসভা যে আদৌ কবে হবে, তা এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি গেরুয়া শিবির। কারণ, ব্রিগেড সমাবেশকে সফল করতে দক্ষিণবঙ্গের দলের একাধিক সাংগঠনিক জোন থেকে রথযাত্রা শুরু করবে বিজেপি। সেই সমস্ত রথ ব্রিগেডে একত্রিত হবে। দোলযাত্রার পরই বাংলায় রথযাত্রা কর্মসূচি শুরু করে দেবে বিজেপি নেতৃত্ব। পরীক্ষার মরশুম শেষ হলে মার্চের প্রথম সপ্তাহ থেকেই জনসভা শুরু হয়ে যাবে। নরেন্দ্র মোদী-অমিত শাহদের একাধিক জনসভা রয়েছে বাংলায়। তবে কলকাতা জোনে ব্রিগেডেই জনসভা করতে চাইছে বিজেপি। ব্রিগেডের সভায় জমায়েতে দক্ষিণবঙ্গের একাধিক জেলাকে নিয়ে আসা হবে।
অবশ্য শুধু কলকাতা নয়, শহরে ভাবনার বাস্তবায়ন ঘটলে উত্তরবঙ্গেও ব্রিগেডের মতোই জনসভা করতে পারে বিজেপি। শিলিগুড়িতেও প্রধানমন্ত্রী মোদীকে দিয়ে এটা বড় জনসভা করানোর পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। এদিকে, চলতি মাসের মধ্যেই বিধানসভা ভিত্তিক প্রার্থী তালিকা জেলাগুলি থেকে নিয়ে দিল্লির কাছে পাঠিয়ে দিতে চায় রাজ্য বিজেপি। জেলা থেকে প্রতিটি আসনের জন্য তিনটি করে নাম দিয়ে মোট ২৯৪টি আসনের জন্য প্রার্থী তালিকা জমা পড়বে হাইকমান্ডের কাছে। কিছু ক্ষেত্রে একাধিক নামও থাকতে পারে। রাজ্য বিজেপির তরফে তা কাটাছেঁড়া করে বিধানসভা পিছু তিনটি করে নাম দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে। সেখান থেকেই বাছাই হয়ে আসবে চূড়ান্ত তালিকা। মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সেই তালিকা কয়েক দফায় প্রকাশ করাও শুরু করে দিতে পারে বিজেপি।
এছাড়াও, কেন্দ্রীয় বিজেপির তরফে বিভিন্ন এজেন্সি যারা সমীক্ষা করে আরও কিছু নাম পাঠাবে। কিংবা তাদের সমীক্ষার সঙ্গে জেলা পার্টির তরফে আসা নামগুলিও মিলিয়ে দেখা হবে। সব দেখে শুনে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই কয়েক দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে দিল্লি। শনিবার বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সল্টলেক বিজেপি দফতরে। সেখানে কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব, সহ-পর্যবেক্ষক বিপ্লব দেব ছাড়াও কেন্দ্রীয় নেতারা এবং শমীক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। শুভেন্দু অবশ্য কিছুক্ষণের জন্য বৈঠকে থেকে অন্য কর্মসূচিতে বেরিয়ে যান। এই বৈঠক থেকেই রথযাত্রা, ব্রিগেড সমাবেশ ও প্রার্থী তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
E-Paper

