I-PAC Raid Case Latest Update: ‘মুখ্যমন্ত্রী নিজেই নিজেকে খুন করলেন’, আইপ্যাকে মমতার ‘অভিযান’ নিয়ে দাবি শমীকের

আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির ঘটনায় আজ যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ বিজেপির সভাপতি দাবি করেছেন, 'মুখ্যমন্ত্রী নিজেই নিজেকে খুন করলেন।'

Published on: Jan 9, 2026, 10:40:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আইপ্যাক-কাণ্ডে ইডির তল্লাশির মধ্যে ‘অভিযান’ চালিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজেকে ‘খুন’ করলেন। এমনই মন্তব্য করলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘এইট-বি থেকে শ্যামবাজার, টালা থেকে টালিগঞ্জ- মুখ্যমন্ত্রী যে কোনও মিছিল করতে পারেন। মিছিলে নামার তাঁর অধিকার আছে। কিন্তু কাল গোটা রাজ্য এবং গোটা দেশ দেখেছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় নেমে যেতে পারেন। মুখ্যমন্ত্রী নিজেই নিজেকে খুন করলেন। সংবিধানের শপথ নেওয়া কোনও মুখ্যমন্ত্রীর থেকে কোনও সমাজ, কোনও সংবিধান, কোনও দেশ এই আচরণ প্রত্যাশা করে না। তৃণমূল কংগ্রেস যে দুর্নীতির সমার্থক, (তৃণমূল কংগ্রেস যে) দুর্নীতিতে সম্পৃক্ত, সেটা গতকাল মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন।’

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন শমীক ভট্টাচার্য। (ছবি সৌজন্যে, তৃণমূল কংগ্রেস ও ফেসবুক Samik Bhattacharya)
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন শমীক ভট্টাচার্য। (ছবি সৌজন্যে, তৃণমূল কংগ্রেস ও ফেসবুক Samik Bhattacharya)

আজ যাদবপুর থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন মমতা

আর শমীক সেই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রীর মিছিলের প্রেক্ষিতে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পরাদর্শদাতা সংস্থা এবং ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির ঘটনায় আজ যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী। যিনি ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগ মমতার

বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধারের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার আইটি অফিসে ইডির হানা দুর্ভাগ্যজনক। আমার দলের সব হার্ডডিস্ক, প্রার্থীতালিকা, দলের কৌশল, দলের পরিকল্পনা নিতে ইডি এসেছে। এটা কি ইডির দায়িত্ব? এটা কি অমিত শাহের দায়িত্ব? সবথেকে কদর্য (কেন্দ্রীয়) স্বরাষ্ট্রমন্ত্রী, দুষ্টু স্বরাষ্ট্রমন্ত্রী। যিনি দেশকে রক্ষা করতে পারেন না। উনি আমার দলের সব নথি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? আমি যদি বিজেপি পার্টি অফিসে অভিযান চালাই, সেটার ফল কী হবে?’

মমতা আর কী কী বললেন?

পরে সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিসে যান মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, বৃহস্পতিবার সকাল ছ'টা থেকে এই অপারেশনটা শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যখন অফিসে প্রায় কেউ ছিল না। ফাঁকা অফিসে অভিযান চালিয়েছে ইডি। ফরেন্সিক টিম এনে ল্যাপটপ থেকে ডেটা ট্রান্সফার করেছে। এটা অপরাধ। তা নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। ইডি সব টেবিল ফাঁকা করে দিয়েছে। নির্বাচন সংক্রান্ত নথি ‘লুঠ’ করেছে। হার্ডডিস্ক, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) সংক্রান্ত নথি নিয়ে নেওয়া হয়েছে। নতুন নথি বানাতে নির্বাচন পেরিয়ে যাবে বলে উষ্মাপ্রকাশ করেন তৃণমূলের সুপ্রিমো।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More