Dilip Ghosh on Fuel Price: 'অভাব নেই, কিন্তু ক্রাইসিস তো আছেই', তেলের দাম বৃদ্ধিতে 'আগে কষ্ট করার' পরামর্শ দিলীপ ঘোষের

Dilip Ghosh on Petrol Price Hike: তেলের দাম নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষের স্পষ্ট জবাব, গোটা বিশ্বের থেকে তো ভারত আলাদা থাকতে পারে না। তিনি জানান, এতদিন তেলের দাম না বাড়ানোর জেরে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির হাজার হাজার কোটি টাকা লোকসান হচ্ছে।

Published on: May 15, 2026 9:39 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Dilip Ghosh on Petrol Price Hike: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে তেলের দাম বেড়েছে ভারতে। ইরান যুদ্ধের পরিস্থিতিতে পেট্রল ও ডিজেলের দাম লিটারপ্রতি প্রায় ৩ টাকা বেড়েছে। এই নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষের স্পষ্ট জবাব, গোটা বিশ্বের থেকে তো ভারত আলাদা থাকতে পারে না। তিনি জানান, এতদিন তেলের দাম না বাড়ানোর জেরে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির হাজার হাজার কোটি টাকা লোকসান হচ্ছে।

তেলের মূল্যবৃদ্ধি নিয়ে দিলীপ ঘোষের স্পষ্ট জবাব, গোটা বিশ্বের থেকে তো ভারত আলাদা থাকতে পারে না। (PTI)
তেলের মূল্যবৃদ্ধি নিয়ে দিলীপ ঘোষের স্পষ্ট জবাব, গোটা বিশ্বের থেকে তো ভারত আলাদা থাকতে পারে না। (PTI)

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ উল্লেখ করেছেন যে যখনই বিশ্ববাজারে যুদ্ধ বা অস্থিরতা হয়, তেলের দাম বাড়ে। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী মোদি এই জ্বালানি সংকটের বোঝা সাধারণ মানুষের ওপর সরাসরি পড়তে দেননি। তবে বিশ্ব পরিস্থিতির ওপর নজর রেখে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। দিলীপ ঘোষ বলেন, 'যুদ্ধ চলছে। যে কারণে তেলের দাম বাড়ছে, তা আমাদের হাতে নেই। আমাদের ভবিষ্যতের কথা ভেবে প্রস্তুতি নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগেই।'

রাজ্যের মন্ত্রী আরও বলেন, 'অনেকদিন পরে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। ৪০টা দেশ থেকে আমরা তেল আনি। অভাব নেই, কিন্তু ক্রাইসিস তো আছেই। কিছু না কিছু সমস্যা কোথাও না কোথাও আছেই। সে জন্য সাবধান হওয়া উচিত। আগে কষ্ট করলে পরে কষ্ট কম হবে। বিশ্বজুড়ে যে সংকট চলছে, তার থেকে আমরা আলাদা থাকতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তথ্য আছে, তাই তিনি সবাইকে সতর্ক করেছেন। সবার তাই সতর্ক হওয়া উচিত।'

উল্লেখ্য, আজ কলকাতায় এক লাফে ৩.২৯ টাকা বেড়েছে পেট্রোলের দাম। শহরে ডিজেলের দাম বেড়েছে ৩.১১ টাকা। এই আবহে আজ থেকে কলকাতায় পেট্রোল বিকোচ্ছে ১০৮.৭৪ টাকা প্রতি লিটার দরে। ডিজেল বিকোচ্ছে ৯৫.১৩ টাকা প্রতি লিটার দরে। এদিকে দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭৭ টাকা থেকে বেড়ে হল ৯৭.৭৭ টাকা। ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা থেকে ৯০.৬৭ টাকা হল। এছাড়া মুম্বইতে পেট্রোলের দাম ৩.১৪ টাকা বেড়ে ১০৬.৬৮ টাকা হয়েছে, ডিজেল ৩.১১ টাকা বেড়ে ৯৩.১৪ টাকা হয়েছে। চেন্নাইতে পেট্রোলের দাম ২.৮৩ টাকা বেড়ে ১০৩.৬৭ টাকা হয়েছে, ডিজেল ২.৮৬ বেড়ে ৯৫.২৫ টাকা হয়েছে। এদিকে দেশে সিএনজির দামও বেড়েছে ২ টাকা করে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More