IIT Kharagpur Student Death: চরম অস্বস্তিতে IIT খড়গপুর! ১০ দিনের ব্যবধানে দুই ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, তুমুল চাঞ্চল্য
IIT Kharagpur Student Death: জানা যায়, মঙ্গলবার সকাল থেকে হলের দরজা না খোলায় সোহমের বন্ধুদের মধ্যে শোরগোল শুরু হয়ে যায়। তাঁরাই খবর দেন নিরাপত্তা রক্ষীদের। শেষ পর্যন্ত খবর চলে যায় পুলিশের কাছে।
IIT Kharagpur Student Death: আবারও খবরে শিরোনামে খড়গপুর আইআইটি কলেজ। মাত্র দশ দিনের ব্যবধানে ফের খড়গপুর আইআইটির পড়ুয়ার অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনার পর যথারীতি এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়। তবে কী কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

খড়গপুর আইআইটিতে আবার মৃত্যু
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সোহম হালদার। বছর বাইশের ওই পড়ুয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এর এম টেকের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতের শালবাগান এলাকায়। তিনি থাকতেন খড়গপুর আইআইটির মদনমোহন মালব্য হলে। জানা যায়, মঙ্গলবার সকাল থেকে হলের দরজা না খোলায় সোহমের বন্ধুদের মধ্যে শোরগোল শুরু হয়ে যায়। তাঁরাই খবর দেন নিরাপত্তা রক্ষীদের। শেষ পর্যন্ত খবর চলে যায় পুলিশের কাছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দরজা খুলে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে। এরপরেই তড়িঘড়ি বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করে দেন। ঘটনা ঘিরে থমথমে পরিবেশ খড়গপুর আইআইটিতে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলেই মনে করছেন পুলিশ। তবে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
মাত্র দশ দিনের ব্যবধান
১৮ এপ্রিল খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের পড়ুয়া জয়বীর সিং দোডিয়ার দেহ উদ্ধার হয়েছিল অটলবিহারী বাজপেয়ী হলের নিচ থেকে। তাঁর বয়স মাত্র ২১ বছর। গুজরাটের আমেদাবাদের ওই পড়ুয়া ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা যায়। ওই ছাত্র থাকছিল নেহেরু হলে। মাত্র দশ দিনের ব্যবধানে ফের এক পড়ুয়ার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। এ নিয়ে গত ১৬ মাসে আইআইটি খড়গপুরের ৯ জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল। ২০২৫ সালের শুরু থেকেই খড়গপুরে একের পর এক ছাত্রের মৃত্যুর খবরে শোরগোল পড়ে যায় শিক্ষা মহলে। পরিসংখ্যান বলছে, গতবছর (২০২৫) জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আইআইটি খড়গপুরের সাত ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। এর মধ্যে ৫ জনেরই দেহ উদ্ধার হয়েছিল। প্রতিটি ক্ষেত্রেই আত্মহত্যার তত্ত্বে শিলমোহর দেয় পুলিশ।
চলতি মাসে দশ দিনের মধ্যে ফের দুই পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে উঠে গেল নানা প্রশ্ন। পাশাপাশি, খড়গপুর আইআইটি কলেজ ক্যাম্পাসে বারবার এমন কেন ঘটনা ঘটছে ও পড়ুয়াদের নিরাপত্তা,মানসিক অবস্থা নিয়েও একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে মেধাবী পড়ুয়ারা কেন এরকম চরম পথ বেছে নিচ্ছে সেই প্রশ্নের উত্তর এখনও অধরাই রয়েছে। তবে গতবছর জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পরই পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে সেতু অ্যাপ, মাদার ক্যাম্পাস, নিয়মিত পরিদর্শনের উদ্যোগ নিয়েছিলেন ডিরেক্টর সুমন চক্রবর্তী। তারপরও এই ধরনের ঘটনায় হতাশ কর্তৃপক্ষ।
আত্মহত্যা সতর্কতা হেল্পলাইন: TISS iCall ০২২-২৫৫২১১১১।
E-Paper

