Falta Jahangir Khan: 'পুষ্পা' জাহাঙ্গিরের বাড়ি ভাঙায় হাইকোর্টের স্থগিতাদেশ, রাজ্যকে ভিডিও জমা দেওয়ার নির্দেশ
Falta Jahangir Khan: গত বুধবার ভাইফোঁটার দিন সকালে জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। প্রথমে বাড়ির ভিতরের আসবাব-সহ থেকে বিভিন্ন জিনিস আগে সরানো হয়। তার পরে শুরু হয় ভাঙার কাজ।
Falta Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ। জেলাশাসকের নির্দেশে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ শুরু করেছিল প্রশাসন। শুক্রবার সেই কাজে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি শুভ্রা ঘোষ জানান, আগামী সোমবার এই মামলাটি শোনা হবে। তাই আপাতত সোমবার পর্যন্ত বাড়ি ভাঙার কাজ করা যাবে না।

গত বুধবার ভাইফোঁটার দিন সকালে জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। প্রথমে বাড়ির ভিতরের আসবাব-সহ থেকে বিভিন্ন জিনিস আগে সরানো হয়। তার পরে শুরু হয় ভাঙার কাজ। কিন্তু জাহাঙ্গিরের অভিযোগ, তাঁকে কিংবা তাঁর পরিবারের কাউকে নোটিস না দিয়েই বাড়ি ভাঙতে শুরু করে প্রশাসন। বাড়ি ভাঙার বিরোধিতায় উচ্চ আদালতে মামলা দায়ের করেছিলেন জাহাঙ্গির খান। এদিন শুনানিতে জাহাঙ্গিরের আইনজীবীর কাছে বাড়ির অনুমোদিত নকশা দেখতে চান বিচারপতি শুভ্রা ঘোষ। তাঁর স্পষ্ট বক্তব্য, বিল্ডিং প্ল্যান দেখালেই সমস্যার সমাধান হতে পারে। জবাবে জাহাঙ্গিরের আইনজীবী জানান, মক্কেল ও তাঁর স্ত্রী দু’জনেই জেলে রয়েছেন। তাঁদের ছেলে ওই বাড়িতে থাকেন না। তাঁর অভিযোগ, জাহাঙ্গির জেলে রয়েছেন জেনেও জেলা পরিষদের তরফে তাঁর কাছে নোটিস পৌঁছনোর কোনও ব্যবস্থা করা হয়নি।
এর পরেই বাড়ির মালিকানা এবং অনুমোদিত নকশা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। বাড়িটি যে তাঁর মক্কেলেরই তার প্রামাণ্য নথি দেখতে চান তিনি। মামলায় নকশা চুরি যাওয়ার কথা উল্লেখ করা হলেও আগে কেন সেই অভিযোগ করা হয়নি, থানায় কেন অভিযোগ দায়ের হয়নি, সেই প্রশ্নও তোলেন বিচারপতি। অন্য দিকে, প্রশাসনের নোটিস দেওয়ার পদ্ধতি নিয়েও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে ব্যাখ্যা চান তিনি। এদিন রাজ্যকে বিচারপতির প্রশ্ন, 'মামলাকারী জাহাঙ্গির বর্তমানে জেলে রয়েছেন। তা হলে প্রশাসন কীভাবে চিহ্নিত করল যে বাড়িটি জাহাঙ্গিরের? বাড়ি ভাঙার আগে কোনও নোটিস দেওয়া হয়েছিল?' রাজ্যের তরফে জানানো হয়, স্থানীয় দু’জন চিহ্নিত করেছিলেন। প্রথমে পোস্টের মাধ্যমে নোটিস পাঠানো হয়েছিল। পরে তা বাড়ির দেওয়ালে আঁটকে দেওয়া হয়। তবে জাহাঙ্গিরের আইনজীবী কিশোর দত্তের দাবি, তাঁর মক্কেল এই বাড়িটির উল্লেখ করলেও তিনি থাকতেন অন্য বাড়িতে। বাড়ি ভাঙার আগে স্থানীয় বাসিন্দাদের একাংশকে সাক্ষী হিসেবে উপস্থিত রাখা নিয়ম। অথচ সেই নিয়মও মানা হয়নি বলে অভিযোগ।
এর পরেই বাড়ি ভাঙার আগে প্রশাসনের তরফে যে নোটিস জারি করা হয়েছিল, আদালতে তার ভিডিও রেকর্ডিং পেশ করার নির্দেশ দেন বিচারপতি। সোমবার দুপুরে মামলার পরবর্তী শুনানি হবে। তখনই সেই ভিডিও রেকর্ডিং জমা দিতে হবে। তার আগে পর্যন্ত বাড়ি ভাঙার উপরে স্থগিতাদেশ জারি করেন বিচারপতি শুভ্রা ঘোষ।
পূর্বতন তৃণমূল সরকারের আমলে ফলতা-ডায়মন্ড হারবার এলাকায় শেষ কথা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গি খান। গত বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একাধিক অসঙ্গতি সামনে আসায় ফলতা বিধানসভার ভোট বাতিল করে নির্বাচন কমিশন। নতুন করে ভোটের দিন ঘোষণা করা হয়। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে নির্বাচনের আগে ময়দান ছাড়েন জাহাঙ্গির। জেপি নাড্ডার কনভয়ে হামলা, ভোট পরবর্তী হিংসার মামলা-সহ একাধিক অভিযোগে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয় জাহাঙ্গিরকে। অভিযোগ, সরকারি জমি দখল করে ওই বাড়ি তৈরি করেছিলেন ধৃত ওই নেতা। এরপরেই প্রশাসনের তরফে নোটিস দিয়ে জাহাঙ্গিরকে স্পষ্ট জানানো হয়েছিল, সাতদিনের মধ্যে ওই বাড়ি ভেঙে ফেলতে হবে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তা ভাঙা হয়নি বলে অভিযোগ। এরপরেই শুরু হয় বুলডোজার অ্যাকশন। তারই বিরোধিতায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গি খান।
E-Paper

