Calcutta High Court: 'কোন কাঠামো উচ্ছেদ করা হবে?' মধ্যমগ্রাম স্টেশনে হকার উচ্ছেদে বড় নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: এদিন মামলার শুনানিতে রেলের তরফে আইনজীবী ডি এস জি ধীরজ ত্রিবেদী বলেন, 'কারা এই মামলা করেছে, চ্য়ালেঞ্জ করছি। ইউনিয়ন কী মামলা করতে পারে? হকার উচ্ছেদ করতে কোন নোটিশ লাগে না।' 

Published on: Jul 2, 2026, 20:38:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Calcutta High Court: 'কোন কাঠামো সেটা বলুন নাহলে নোটিশ খারিজ করব।' মধ্যমগ্রাম রেল স্টেশনে হকার উচ্ছেদে এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। শুধুমাত্র মামলাকারীর জন্যই স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। আজ, বৃহস্পতিবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে সেই মামলা উঠলে বিচারপতির পর্যবেক্ষণ, আপাতত ওই স্টেশনের সবার জন্যই স্থগিতাদেশ প্রযোজ্য হবে। পরবর্তী শুনানির আগে পর্যন্ত লাগু থাকবে এই নির্দেশ।

মধ্যমগ্রাম স্টেশনে হকার উচ্ছেদে বড় নির্দেশ হাইকোর্টের (HT_PRINT)
মধ্যমগ্রাম স্টেশনে হকার উচ্ছেদে বড় নির্দেশ হাইকোর্টের (HT_PRINT)

রাজ্যে পালাবদলের পর রেল ও অন্যান্য সরকারি জমি ব্যবহার করে ব্যবসা চালানোর অভিযোগ তুলে শহর তথা রাজ্যের একাধিক জায়গায় হকার উচ্ছেদ করা হয়েছে। বেআইনিভাবে ব্যবসা করার অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছে হকারদের। বালিগঞ্জ, বামনগাছি, বারুইপুর, ডানকুনির মতো একাধিক জায়গার হকার উচ্ছেদ নিয়ে আগেই মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। মধ্যমগ্রামে স্টেশনে হকার উচ্ছেদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ১৩ জন। মামলাকারীদের উচ্ছেদ অন্তবর্তী স্থগিতাদেশ জারি করে সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রেল।

এদিন মামলার শুনানিতে রেলের তরফে আইনজীবী ডি এস জি ধীরজ ত্রিবেদী বলেন, 'কারা এই মামলা করেছে, চ্য়ালেঞ্জ করছি। ইউনিয়ন কী মামলা করতে পারে? হকার উচ্ছেদ করতে কোন নোটিশ লাগে না।' বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর পর্যবেক্ষণ, 'কিন্তু আপনারা নোটিশ দিয়েছেন। কোন কাঠামো সেটা বলুন নাহলে নোটিশ খারিজ করব।' বিচারপতি জানতে চান, 'কাদের লাইসেন্স আছে? কাদের নেই? কারা কাঁচা কাঠামো, কারা পাকাপাকি কাঠামো ইত্যাদি ভাগ গুলি কী আলাদা করেছেন?' রেলের আইনজীবী বলেন, 'যে ১৩ জন আদালতে এসেছে তাদের ছাড়। এখন বলছে সবার জন্য অর্ডার দেওয়া হোক। যত হকার আছে সবাইকে দেওয়া হোক ৷ সেটা অসম্ভব।' বিচারপতির পর্যবেক্ষণ, 'আপনারা কাকে তাহলে নোটিশের মধ্যে আনছেন? যদি বলেন আলাদা আলাদা করে প্রত্যেককে দেবেন না, তাহলে হকাররাও একইভাবে একসঙ্গে ওই স্থগিতাদেশ পাবেন বলতেই পারেন।' হকারদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'হকার্স একটা ক্লাস। এদের সম্পত্তিতে অধিকার থাকে না, শুধু ব্যবসার করার ক্ষমতা থাকে।' এর আগে হকার সংক্রান্ত অপর একটি মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, রেলকে উচ্ছেদের আগে বিকল্প জায়গা বেছে দিতে হবে।