Calcutta High Court: ‘স্ত্রীর ফোন না–ধরা মানে নির্যাতন নয়!’ স্বামীর বিরুদ্ধে ৪৯৮এ মামলা খারিজ হাইকোর্টের
Calcutta High Court: ঘটনার সূত্রপাত হাওড়া জেলার বাগনান থানা এলাকায়। ২০১৭ সালের মার্চ মাসে ওই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে বাগনান থানায় স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।
Calcutta High Court: স্ত্রীর ফোন ধরেননি স্বামী। এমনকী, ফোনের উত্তর না–দিয়ে স্ত্রীকে পাল্টা ফোন করে বাড়ির খোঁজখবরও নেননি! এই ঘটনাকে দাম্পত্য জীবনে অশান্তির কারণ বলা হলেও কোনওভাবেই বধূ নির্যাতন নয়। ঘটনাকে বধূ নির্যাতনের ৪৯৮এ ধারায় নিষ্ঠুরতাও বলা যাবে না। দাম্পত্য বিবাদ সংক্রান্ত একটি মামলায় এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। এই যুক্তিতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ এবং ৩৪ ধারায় ফৌজদারি মামলা খারিজ করে দিলেন বিচারপতি অজয়কুমার গুপ্ত।
ঘটনার সূত্রপাত হাওড়া জেলার বাগনান থানা এলাকায়। ২০১৭ সালের মার্চ মাসে ওই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে বাগনান থানায় স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। স্ত্রীর অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের কাছ থেকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে তাঁকে। শাশুড়ি ও ননদ তাঁকে দিয়ে বাড়ির কাজ করাতেন, এমনকী, নাবালক সন্তানের রেশন কার্ড তৈরির প্রয়োজনীয় নথি পেতেও বাধা দিতেন বলে অভিযোগ। ওই যুবতীকে একাধিকবার বাড়ির বাইরে ফেলে রাখার অভিযোগও ওঠে। সেই ভিত্তিতেই মামলা হয়েছিল।
অন্যদিকে, স্ত্রীর করা ওই মামলা বাতিল চেয়ে স্বামী কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালতে মামলায় স্বামীর তরফে আইনজীবী সাবির আহমেদের দাবি, যে সময়ে এই সব অভিযোগ তোলা হচ্ছে, সেই সময়ে তাঁর মক্কেল উত্তরাখণ্ডের হরিদ্বারে পিএইচডি করছিলেন। স্ত্রীর সঙ্গে তিনি তখন একই বাড়িতে থাকতেন না। সাবির আহমেদের সওয়াল, তাঁর মক্কেলের বিরুদ্ধে নির্দিষ্ট যে অভিযোগ তোলা হচ্ছে, তা হলো তিনি স্ত্রীর ফোন ধরেননি। সেই রিভিশন পিটিশনের শুনানি ছিল কলকাতা হাইকোর্টে বিচারপতি অজয়কুমার গুপ্তার এজলাসে। সেই শুনানিতেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন বিচারপতি। বিচারপতি জানান, এক্ষেত্রে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ খুবই অস্পষ্ট এবং সাধারণ। অভিযোগকারিণী নির্যাতনের কোনও নির্দিষ্ট তারিখ, সময়, স্থান বা ধরনও উল্লেখ করেননি। উচ্চ আদালত আরও জানিয়েছে, অভিযোগে পণের জন্য কোনও হয়রানির কথা বলা নেই। এমন কোনও আচরণের কথাও নেই, যা স্ত্রীকে ‘আত্মহত্যা’য় প্ররোচিত করতে পারে বা তাঁর জীবন, অঙ্গ বা স্বাস্থ্যের গুরুতর ক্ষতি করতে পারে।
বিচারপতি অজয়কুমার গুপ্তা আরও বলেন, 'এই অপরাধের জন্য অভিযোগকারিণীকে বিবাহিতা মহিলা হতে হবে, যাঁকে তাঁর স্বামী বা স্বামীর আত্মীয়রা নিষ্ঠুরতার শিকার করেছেন এবং সেই নিষ্ঠুরতা ব্যাখ্যার (ক) বা (খ) ধারার মধ্যে পড়তে হবে।' কলকাতা হাইকোর্টের মতে, একটি ফোনের উত্তর না দেওয়া আর ইচ্ছাকৃতভাবে নির্যাতন চালানো- এক বিষয় নয়। এইসবের ভিত্তিতেই স্ত্রীর আনা মামলা খারিজ করেছে। উল্লেখ্য, এই মামলায় স্বামীর মা ও বোনের বিরুদ্ধে অভিযোগ আগেই খারিজ করেছিল কলকাতা হাইকোর্টের অন্য বেঞ্চ।
E-Paper

