CM Suvendu Adhikari: 'দিদি'র পাড়ায় শুভেন্দু অধিকারী! মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম মমতার ভাই বাবুনের

CM Suvendu Adhikari: এদিন গাড়ি থেকে নামা মাত্রই মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন বাবুন। রীতিমতো পদ্মফুলের মালা, জগন্নাথ দেবের ছবি ও নানা উপহার দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীকে বরণ করে নেন তিনি।

Published on: Nov 10, 2026, 22:09:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

CM Suvendu Adhikari: রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকল মহানগর। মঙ্গলবার সন্ধ্যায় খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে উপস্থিত হলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপলক্ষ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ‘কালীঘাট শিবশক্তি সংঘ’-এর কালীপুজো। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক গলির মুখেই আয়োজিত এই পুজোমণ্ডপে শুভেন্দু অধিকারী পৌঁছতেই তাঁকে ঘিরে সাধারণ মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস চোখে পড়ে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (PTI)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (PTI)

এদিন গাড়ি থেকে নামা মাত্রই মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করেন বাবুন। রীতিমতো পদ্মফুলের মালা, জগন্নাথ দেবের ছবি ও নানা উপহার দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীকে বরণ করে নেন তিনি। এরপর নিজেই দেবী কালীকে পদ্মের মালা পরিয়ে আরতি সম্পন্ন করেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবারের আবহাওয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রকাশ্যেই মুখ্যমন্ত্রীর প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে বাবুন বলেন, 'দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি।' প্রাক্তন মুখ্যমন্ত্রীর শাসনকালের সঙ্গে বর্তমানের তুলনা টেনে তাঁর তাৎপর্যপূর্ণ সংযোজন, 'আমার দাদা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন শুভেন্দু দা শেষ ছয় মাসেই তার চেয়ে বেশি কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল ভাইপোর মুখ্যমন্ত্রী।’ রাজনৈতিক অবস্থানের কথা স্পষ্ট করে তিনি আরও বলেন, 'শুভেন্দু অধিকারী জনগণের মুখ্যমন্ত্রী। ভোটের পরেও যা বলেছিলাম এখনো তাই বলব। দাদা আমায় যখন যেখানে রাখবেন তখনই থাকব দলে যোগ দিতে বললেও থাকব।'

মঙ্গলবার প্রায় ঘণ্টাখানেক ভবানীপুরের মণ্ডপে মণ্ডপে ঘোরেন মুখ্যমন্ত্রী। শেষে পটুয়াপাড়ায় গিয়ে মৃৎশিল্পীদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের হাতে কিছু আর্থিক সাহায্যও তুলে দেন। সেখানে দাঁড়িয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেককে ‘তোলাবাজ’ বলেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। কালীঘাট থানার ওসি, ভবানীপুর থানার ওসি, কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ)-এর উদ্দেশে বলেন, ‘আপনারা মৃৎশিল্পীদের পাশে থাকবেন। কোনও মৃৎশিল্পীকে এ ভাবে ব্যারিকেড লাগিয়ে আটকানো না-হয় সেটা দেখবেন।’ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘ভিআইপি কালচার চলবে না।’ যদি মৃৎশিল্পীদের কোনও ক্ষতি হয় তবে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হবেন না বলেও জানান শুভেন্দু অধিকারী।

যদিও কালীঘাট তৃণমূলের তরফে বাবুনের ‘মমতার ভাই’ পরিচয় নিয়ে একটি ব্যাখ্যা দেওয়া হয়। সেখানে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ওই ব্যক্তিকে তাঁর ভাই হিসেবে পরিত্যাজ্য ঘোষণা করেছেন। একসঙ্গে তাঁরা থাকেনও না। দূরত্ব শুধু নয়, তাঁকে পারিবারিক গণ্ডি থেকেও সরিয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কালীঘাট তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ জমা পড়েছিল। এর পর নেত্রী, দিদি, অভিভাবক হিসেবে কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে হয়েছে তাঁর। তাই তিনি সেই ব্যবস্থা নিয়েছেন। তাঁর পারিবারিক গণ্ডি থেকে সরিয়ে দিয়েছেন। ওই ব্যক্তি যদি ভাই বলে বাড়তি গুরুত্ব পাওয়ার চেষ্টা করেন, তা হলে মমতাদির বৃত্ত থেকে তা অস্বীকার করা হচ্ছে।’

প্রসঙ্গত, কালীপুজোর ঠিক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এক অনভিপ্রেত বচসা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, পুলিশ তাঁদের বাড়ির পুজো বানচাল করার চেষ্টা করছে— এই অভিযোগ তুলে ময়দানে নেমে বিক্ষোভ দেখান স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের হয়। সেই প্রবল উত্তেজনার রেশ কাটতে না কাটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় শুভেন্দু অধিকারীর এই অবাধ জনসংযোগ এক নতুন রাজনৈতিক মাত্রা যোগ করল। অন্যদিকে, দিদির সঙ্গে ব্যক্তিগত দূরত্বের বিষয়টিও স্পষ্ট করে দিয়ে বাবুন সাফ জানিয়ে দেন, 'দিদি আমায় ভাইফোঁটায় ডাকে না। আর এখন ডাকলে যাব না।'