'তামিলনাড়ুতে কিসের আন্ডারস্ট্যান্ডিং...,' দক্ষিণে ম্যারাথন প্রচারে BJPকে 'ডিটেনশন ক্যাম্প' তোপ মুখ্যমন্ত্রীর

দল থেকে টিকিট না পেয়ে ছাব্বিশের ভোটে কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন ফরাক্কার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। তা নিয়ে তাঁকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Published on: Apr 5, 2026, 13:36:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

'তামিলনাড়ুতে কিসের আন্ডারস্ট্যান্ডিং! সব বাংলার অফিসারদের নির্বাচনের সময় তামিলনাড়ুতে পাঠিয়ে দিচ্ছ।' এভাবেই নাম না করে নির্বাচন কমিশন ও বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রবিবার হাইভোল্টেজ প্রচারের সাক্ষী থাকতে চলেছে রাজ্য রাজনীতি। একদিকে উত্তরবঙ্গ থেকে প্রচারের সুর বাঁধতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ম্যারাথন প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী নিশানায় কে? (PTI)
মুখ্যমন্ত্রী নিশানায় কে? (PTI)

ফরাক্কার বিদায়ী বিধায়ককে হুঁশিয়ারি

রবিবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রথম সভা ছিল সামশেরগঞ্জে। এদিকে, দল থেকে টিকিট না পেয়ে ছাব্বিশের ভোটে কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন ফরাক্কার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম। তা নিয়ে তাঁকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সামশেরগঞ্জের দলীয় প্রার্থী নূর আলমের সমর্থনে জনসভা থেকে তিনি সাফ বললেন, 'ফরাক্কায় আমরা যাঁকে টিকিট দিইনি, শুনছি তিনি নাকি দাঁড়িয়েছেন। তাঁকে আবেদন করব, দলের স্বার্থে নাম তুলে নেবেন। যদি না করেন, তা হলে তাঁকে দল থেকে সাসপেন্ড করা হবে। যাঁরা দলে থেকে দলের বিরোধিতা করেন, তা হলে যে কর্মীরা দিনরাত পরিশ্রম করে, তারা কী সবাই টিকিট পান?' তিনি আরও যোগ করেন, 'যে কাজ করবে, সে টিকিট পাবে। যে মানুষের সঙ্গে থাকবে সে টিকিট পাবে। তবে একটা দুটো ক্ষেত্রে বয়স ফ্যাক্টর হতে পারে। সম্মানের সঙ্গে যাঁরা দল করবে, তাঁদের সসম্মানে সেই জায়গা ফিরিয়ে দেব।'

শনিবার টিকিট না পেয়ে ফরাক্কার বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম জঙ্গিপুর মহকুমা শাসক দফতরে কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মাহাতাব শেখের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে। তাই সেই জায়গায় মনিরুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন। যদিও আগেই তিনি জানিয়েছিলেন, কংগ্রেস প্রার্থীর ভোটার তালিকায় নাম উঠলে তিনি ফরাক্কাবাসীর উন্নয়নের স্বার্থে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করবেন।

নিশানায় অমিত শাহ?

সামশেরগঞ্জের নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। দিল্লি থেকে এখানে ফোন করে প্রশাসনের কিছু অফিসারকে ভয় দেখানো হচ্ছে বলে অমিত শাহকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন তিনি। এমনকী এই বিষয়টি সম্পর্কে তাঁর কাছে সব তথ্য আছে বলেও সভা থেকে জানিয়ে দেন। আর তাই বাংলা জেতার পর দিল্লি থেকে বিজেপিকে তাড়াতে হবে বলে সুর চড়ান তিনি। নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, 'তুমি কাকে কাকে ভয় দেখাচ্ছ, কাকে ফোন করছ, সব জানি। তুমি হচ্ছ সবচেয়ে বড় ভোটকাটারি ভাই। তামিলনাড়ুতে কিসের আন্ডারস্ট্যান্ডিং। সব বাংলার অফিসারদের নির্বাচনের সময় বাংলায় না রেখে তামিলনাড়ুতে পাঠিয়ে দিচ্ছ।'

অন্যদিকে, যিনি এই ফোন করে ভয় দেখাচ্ছেন তাঁর নাম নেননি মুখ্যমন্ত্রী। কারণ ওই নাম নিতে তাঁর লজ্জা করে বলে জানিয়ে দেন। ভোট কাটা এবং ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে অমিত শাহকে নিশানা করে বলেন, 'আগামী দিন তুমি ভাবছ ভোট কেটে দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। জেনে রেখো আমি থাকতে, তৃণমূল থাকতে, জোড়াফুল থাকতে কোনও দিন এটা হতে দেব না। আমি মানে ১০০ ভাগ মানুষ। তাই তোমরা আমার উপর বদলা নিচ্ছ। আমি তো জীবনে শুনিনি কর্পোরেশনও ওদের আন্ডারে হয়ে গিয়েছে, যা ইচ্ছে তাই করছে।' এছাড়া ভোটের সময় কেমন ষড়যন্ত্র করতে পারে বিজেপি সেটাও ভরা জনসভা থেকে জানিয়ে দেন তৃণমূল নেত্রী। ভোটে জিততেই এসব করা হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তাই মানুষকে সতর্ক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাতের বেলা অন্ধকার করে শুধু সিআরপিএফ-কে দিয়ে পাহারা দিয়ে, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভিতরে যাতে মেশিন বদলাতে না পারে, তার জন্য ২৪ ঘণ্টা পাহারার ব্যবস্থা করতে হবে। ২৯৪টি কেন্দ্রে আমি কিন্তু প্রার্থী। ভুলে যান কার কী নাম, কার কী ধর্ম। শুধু মনে রাখুন জোড়াফুল। জোড়াফুলকে ভোট দিলে আমি আপনাদের রক্ষা করতে পারব।'