CM Suvendu Adhikari: ‘ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে!' বারুইপুর-কাণ্ডে চরম হুঁশিয়ারি দিয়ে 'ষড়যন্ত্র' তোপ মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari: রবিবার নামখানা লাইনে যেভাবে রেললাইন উপড়ে ফেলে তাণ্ডব চালানো হয়েছে, তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

Published on: Jul 6, 2026, 15:31:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

CM Suvendu Adhikari: দোষীদের সর্বোচ্চ শাস্তি ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ দেওয়া হবে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা মৃত্যুর ঘটনায় চরম শাস্তির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।এই জঘন্যতম অপরাধের সুবিচার সুনিশ্চিত করার পাশাপাশি, ঘটনার পর এলাকায় যে গণপিটুনি, রেল অবরোধ এবং পুলিশ-সিআরপিএফ-এর ওপর হামলার ঘটনা ঘটেছে, তার নেপথ্যে গভীর রাজনৈতিক ও সাম্প্রদায়িক ষড়যন্ত্র দেখছেন তিনি। বারুইপুরের সঙ্গে শামশেরগঞ্জ, বেলডাঙার ঘটনার মিল রয়েছে বলে উল্লেখ্য করেছেন মুখ্যমন্ত্রী।

বারুইপুর-কাণ্ডে চরম হুঁশিয়ারি দিয়ে 'ষড়যন্ত্র' তোপ মুখ্যমন্ত্রীর (PTI)
বারুইপুর-কাণ্ডে চরম হুঁশিয়ারি দিয়ে 'ষড়যন্ত্র' তোপ মুখ্যমন্ত্রীর (PTI)

সোমবার মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। স্পষ্ট করে জানিয়ে দেন, অপরাধীদের যেমন মৃত্যুদণ্ড দেওয়া হবে, তেমনই পরিস্থিতি উত্তপ্তকারী ‘ভোটহারা অতৃপ্ত আত্মাদের’ এমন শিক্ষা দেওয়া হবে যা তারা ভাবতেও পারছে না। মুখ্যমন্ত্রী জানান, ঘটনার পরই তিনি নির্যাতিতা কিশোরীর বাবার সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং শোকগ্রস্ত পরিবারটি প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রেখেছে। শুভেন্দু অধিকারী বলেন, 'আমি কালকেই ওর বাবার সঙ্গে কথা বলেছি। ওর বাবা এই জঘন্যতম ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন। আমি তদন্তের মাঝপথে বিস্তারিত কিছু বলব না, তবে এটুকু নিশ্চিত করছি-পরিবার যেভাবে জাস্টিস চেয়েছে এবং সরকারের কাছ থেকে যে সহযোগিতা চেয়েছে, তার প্রত্যেকটি তাঁরা পাবেন। ওঁরা আমার ওপর আস্থা রেখেছেন।'

শুধু তাই নয়, তদন্তের অগ্রগতি নিয়েও এদিন তথ্য দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'মোট চারটি মামলা হয়েছে। একটি জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও তিনটি মামলা হয়েছে।' তিনি আরও জানান, ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। পুরো বিষয়টি আইজি-র নেতৃত্বে পুলিশ এবং এসটিএফ যৌথভাবে খতিয়ে দেখছে। পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট করে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। তার মধ্যে ২ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। বাকি ২ পলাতক আসামির সঙ্গে ফোনে অনবরত যোগাযোগ রাখছিল এমন ৩ জনকে পুলিশ আটক করেছে। তাদের কল রেকর্ড ও কথোপকথনের সূত্র ধরেই এগোচ্ছে তদন্ত। তবে এরমধ্যে যে মব লিঞ্চিং বা গণপিটুনি দেওয়া হয়েছে, এর পিছনে সুনির্দিষ্ট 'কমিউনাল অ্যাঙ্গেল' বা সাম্প্রদায়িক ছক ছিল বলেও বিস্ফোরক দাবি করেন শুভেন্দু অধিকারী। তবে এখনই তদন্তের স্বার্থে কাউকে ক্লিয়ারেন্স যে তিনি দিতে চান না, তাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, রবিবার নামখানা লাইনে যেভাবে রেললাইন উপড়ে ফেলে তাণ্ডব চালানো হয়েছে, তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এই হিংসাত্মক রূপকে তিনি অতীতের কিছু ঘটনার সঙ্গে তুলনা করে বলেন, 'রেললাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, তা দেখে আমাদের ২০১৯ সালের সিএএ বিরোধী আন্দোলন কিংবা কিছুদিন আগের ওয়াকফ সংশোধনী বিল বিরোধী হিংসাত্মক আন্দোলনের ইতিহাস মনে পড়ছে। হামলায় সিআরপিএফের দু'জন জওয়ান আহত হয়েছেন, পুলিশের গাড়িতে জ্বালিয়ে দেওয়া হয়েছে।' এই সরকারি সম্পত্তি ধ্বংস ও বাহিনীর ওপর হামলার ঘটনাকে কোনওভাবেই লঘু করে দেখছে না নবান্ন। পুরো ঘটনাই যে রাডারে রয়েছে তাও এদিন বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। মূল ঘটনার বিচারপ্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস, দোষীদের সর্বোচ্চ শাস্তি তথা ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ (মৃত্যুদণ্ড) দেওয়া হবে। কিন্তু একই সঙ্গে, এই ঘটনাকে কেন্দ্র করে যারা নতুন করে অশান্তি পাকানোর চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে ‘অল-আউট’ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সব শেষে মুখ্যমন্ত্রী বলেন, 'বাকি তিনটে হিংসাত্মক বিষয়ে যারা যুক্ত, যারা আসলে অতৃপ্ত আত্মা, ভোটে হেরে গিয়ে যারা এতদিন ঘরে ঢুকে গিয়েছিল এবং এখনও ঢুকেই আছে-সেই তিন প্রধান শক্তি মিলে এই কাণ্ডগুলো ঘটিয়েছে। এদেরও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো যে বুঝতে পারবে।'