PM Modi: 'আমাদের কাছে বড় অনুপ্রেরণা...,' প্রশাসক নরেদ্র মোদীর রজত জয়ন্তীতে 'সেবা জ্যোতি যাত্রা'র সূচনা মুখ্যমন্ত্রীর
Narendra Modi's 25 Years: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনের ২৫ বছর পূর্তিকে সামনে রেখে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে একাধিক কর্মসূচি চলছে। পশ্চিমবঙ্গেও এই উপলক্ষে কর্মসূচির আয়োজন করা হয়েছে।
Narendra Modi's 25 Years: ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র দামোদর মোদী (Narendra Modi) যে যাত্রা শুরু করেছিলেন ২০২৬ সালে এসে তার রজত জয়ন্তী বর্ষ (২৫ বছর) পূর্ণ হল। সফল প্রশাসকের ভূমিকায় নরেন্দ্র মোদী প্রশংসায় পঞ্চমুখ ভারতের রাজনৈতিক মহল থেকে বিশ্বের রাষ্ট্রনেতারা। আর সেই মাইল ফলক উদযাপনে দেশজুড়ে শুরু হয়েছে 'সেবা জ্যোতি যাত্রা' কর্মসূচি। বুধবার সকালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রদীপ জ্বালিয়ে তার সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক জীবনের ২৫ বছর পূর্তিকে সামনে রেখে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে একাধিক কর্মসূচি চলছে। পশ্চিমবঙ্গেও এই উপলক্ষে কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের ধরন ও জনসেবার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘উনি (নরেন্দ্র মোদী) নিজেকে প্রধানমন্ত্রী বলেন না। বলেন প্রধান সেবক। শুধু বলেন না, সেভাবেই নিজের কাজ করেন। আমাদের কাছে এক বড় অনুপ্রেরণা মোদীজি।' এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। উপস্থিত মানুষ তা শোনেন ও দেখেন। অনুষ্ঠানে রাজ্যের প্রায় সব মন্ত্রী এবং রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
সেবা সংকল্প অভিযানে পশ্চিমবঙ্গের ভূমিকায় গর্বিত মুখ্যমন্ত্রী বলেন, একযোগে রাজ্যের সব জেলাতে 'সেবা জ্যোতি যাত্রা' কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচির মধ্যে দিয়ে সকলকে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের সংকল্প গ্রহণ করার কথাও বলেন তিনি। সকলকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে নিজের কর্তব্য পালনে শপথ নিতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশেষ পছন্দের পাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বহুবার তাঁর প্রশংসা ও তাঁর প্রতি ভরসার কথা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। ছাব্বিশে বঙ্গে নতুন বিজেপি সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী নিজে এসে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন। আর তাই প্রশাসক নরেন্দ্র মোদীর ২৫ বছর দেশজুড়ে সকলে উদযাপন করলেও শুভেন্দু অধিকারীর তরফে বাড়তি আয়োজন থাকবে, সেটাই স্বাভাবিক। বুধবার নেতাজি ইন্ডোরে ‘সেবা জ্যোতি যাত্রা’ অনুষ্ঠান থেকে প্রশাসক নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বোঝালেন, মানুষের সেবাকর্মে তিনিই অনুপ্রেরণার মূল উৎস। তাঁকে সামনে রেখে রাজ্যবাসীর জন্য নিঃস্বার্থভাবে কাজ করার শক্তি পেয়েছেন মুখ্যমন্ত্রী। এও জানান, আজ সন্ধ্যায় গুজরাটে, প্রধানমন্ত্রীর জন্মস্থানে উপস্থিত থাকবেন তিনি।
২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর টানা ১২ বছরেরও বেশি সময় রাজ্যের প্রশাসনের নেতৃত্ব দেন নরেন্দ্র মোদী। ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন তিনি। ওই নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দেশের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। ২০১৯ এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর ফের সরকার গঠন করে টানা তিন দফায় প্রধানমন্ত্রী রয়েছেন তিনি। তাঁর রাজনৈতিক জীবনের এই ২৫ বছরের পর্বকে সামনে রেখে বিজেপি ‘সেবা সংকল্প অভিযান’-সহ একাধিক কর্মসূচি নিয়েছে। বিভিন্ন রাজ্যে রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান, জনসংযোগ কর্মসূচি, মিছিল, বাইক ও সাইকেল র্যালি এবং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
E-Paper

