Syama Prashad Mookerjee: স্কুল, বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়! বাদ মমতার আন্দোলন

Syama Prashad Mookerjee in School Syllabus: সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম-জয়ন্তী উপলক্ষ্যে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই স্কুলেরই ছাত্র ছিলেন। 

Published on: Jul 6, 2026, 18:01:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Syama Prashad Mookerjee in School Syllabus: বাংলায় বিজেপি ক্ষমতায় আসতেই এক ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান থেকে তিনি স্পষ্ট করে দেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের স্কুল স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গৌরবোজ্জ্বল ইতিহাস। কোন কোন বিষয় সিলেবাসে রাখা হবে সেটাও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (PTI)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (PTI)

কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?

সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম-জয়ন্তী উপলক্ষ্যে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই স্কুলেরই ছাত্র ছিলেন। স্কুলের উন্নয়নের জন্য নিজের বিধায়ক তহবিল থেকে ২৫ লক্ষ টাকা অনুদান ঘোষণা করার পাশাপাশি পাঠ্যসূচি নিয়ে বড় বার্তা দেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিরক্ষার লক্ষ্যে জিরাটে একটি লাইব্রেরি গড়ে তোলারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী জানান, স্কুলটার অবস্থা ভাল নয়। এর আগে কেউ নজর দেয়নি। এলাকার বিধায়ক হিসেবে তাঁকেই ভাবতে হবে। দীর্ঘদিন ধরেই রাজ্যের পাঠ্যবইয়ে পশ্চিমবঙ্গ দিবসের ইতিহাস এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন বিজেপি নেতৃত্ব। এদিন সেই দাবিকেই সিলমোহর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবাংলার পাঠ্যপুস্তকে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, বিশেষ করে পশ্চিমবঙ্গ ভূমিকে ভারত মাতার চরণে আশ্রয় নেওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, সেই ভারত কেশরীর ভূমিকা সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানাতে হবে।'

পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়

শুধুমাত্র রাজনীতি বা দেশভাগের ইতিহাস নয়, শিক্ষাক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকেও সিলেবাসের অন্তর্ভুক্ত করার পক্ষপাতী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কর্মজীবন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রসারের ক্ষেত্রে তাঁর অবদান ও যোগদানের কথা সিলেবাসে যোগ করা হবে। এই কিংবদন্তির অবদান স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পর্যন্ত মুদ্রিত, পঠিত ও চর্চিত হওয়া উচিত বলে মনে করেন তিনি।

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী দেশাত্মবোধক আবহে সাড়ম্বরে পালিত হচ্ছে। এই বিশেষ দিনে নিউটাউনের ইকোপার্ক সংলগ্ন এলাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক বিশাল ১২৫ ফুট উঁচু মূর্তির ‘ভূমিপূজন’ করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এর আগে সকালে ৬ নম্বর মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে, তাঁদেরই বিচারধারার ওপর ভিত্তি করে পরিচালিত হবে।' এদিন সকাল থেকেই ঠাসা কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। প্রথমে তিনি রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান, এরপর দলীয় কার্যালয় ও মিত্র ইনস্টিটিউশনের অনুষ্ঠানে অংশ নেন। সোশ্যাল মিডিয়ায়ও মুখ্যমন্ত্রী লেখেন, 'দেশের ঐক্য, অখণ্ডতা এবং জনসেবার প্রতি তাঁর অটল নিষ্ঠা এবং আত্মবলিদান আমাদের চিরকাল প্রেরণা জোগাবে।' আজ রাজ্যজুড়ে বিজেপির পক্ষ থেকেও এই দিনটি স্মরণে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।