CM Suvendu Adhikari: ‘হজ ভবন থাকলে গুরু নানক ভবন কেন হবে না?’ ডানকুনির গুরুদ্বারা থেকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে যদি হজ ভবন থাকতে পারে তাহলে গুরু নানক ভবন কেন হবে না। সেবাব্রতকে পরম ধর্ম মনে করে যেভাবে শিখ সম্প্রদায় বিভিন্ন সময়ে কাজ করে থাকেন তারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

Updated on: Nov 24, 2026, 15:00:20 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

CM Suvendu Adhikari: গুরু নানক জয়ন্তী, রাস পূর্ণিমা, দেব দীপাবলি। একদিনে তিন তিনটি ধর্মীয় অনুষ্ঠান। এমন পবিত্র দিনে ডানকুনির গুরুদ্বারায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মঙ্গলবার সকালে শিখ ধর্মের প্রতিষ্ঠাতার ৫৫৭ তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে গুরু নানকের বেদিতে সাষ্টাঙ্গে প্রণাম জানান শুভেন্দু অধিকারী। মন দিয়ে শিখ সম্প্রদায়ের মানুষদের সঙ্গে প্রার্থনা সঙ্গীত শোনেন। উত্তরীয় এবং শিখদের ঐতিহ্যবাহী তলোয়ার দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান গুরুদ্বার কমিটির সদস্যরা। এরপর শিখ সম্প্রদায়ের মানুষজনের আবেদন মেনে ওই গুরুদ্বারা চত্বরে সরকারের তরফে একাধিক কাজের আশ্বাস দেন। রাজ্যে হজ ভবন থাকলে কেন গুরু নানক ভবনে হবে না? এনিয়েও সওয়াল করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Saikat Paul)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ( Saikat Paul)

এদিন নানক জয়ন্তীর সকালে বালির গুরু গোবিন্দ সিংজির গুরুদ্বারে গিয়ে শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন করে আত্মীয়তার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘যখন আমি মন্ত্রী, মুখ্যমন্ত্রী কিছুই ছিলাম না, তখন থেকে এঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক। ওঁরা আমাকে কাছে টেনে নিয়েছেন। আমার ক্ষমতা, পদ কিছুই দেখেননি এঁরা। সেই থেকে আমার সঙ্গে ওঁদের নিবিড় সম্পর্ক। আগেও গুরু নানকের জন্মজয়ন্তী, প্রকাশ পরবে আমি এখানে এসেছিলাম। ৩৫০ বর্ষপূর্তিতে আমি ওঁদের জন্য বাসের ব্যবস্থা করে দিয়েছিলাম। আজও এসেছি। এই গুরুদ্বার চত্বরে একটি কমিউনিটি সেন্টারের কথা ওঁরা আমাকে গত বছর বলেছিলেন। তখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম না। কিন্তু ব্যক্তিগতভাবে কাজটা করে দেওয়ার কথা বলেছিলাম। আজ কথা দিয়েছি, সরকারের হয়ে সাহায্য করব।'

এখানেই শেষ নয়, শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে যদি হজ ভবন থাকতে পারে তাহলে গুরু নানক ভবন কেন হবে না। সেবাব্রতকে পরম ধর্ম মনে করে যেভাবে শিখ সম্প্রদায় বিভিন্ন সময়ে কাজ করে থাকেন তারও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলায় যে সকল ভক্ত ও দর্শনার্থীরা যাবেন তাঁদের সাহায্যার্থে সেবা শিবিরে শিখদের অংশগ্রহণের কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রায় সমস্ত ধর্মীয় উৎসবে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। বিরসা-মুন্ডার জন্মজয়ন্তীতে হুল দিবস হোক বা গোবর্ধন পুজো; দুর্গা পুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো সবেতেই অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার শিখদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব গুরু নানক জয়ন্তীতেও তার ব্যতিক্রম ঘটল না। সকাল সকাল বালির পুরনো গুরুদ্বারে গিয়ে অনুষ্ঠানে শামিল হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নতুন করে আত্মীয়তার বার্তা দিলেন। শিখদের দাবিদাওয়া মেনে দিলেন কাজ করার আশ্বাসও। শিখ সম্প্রদায়ের উন্নয়নে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে শুভেন্দু অধিকারী বলেন, আগের সরকার একটি সম্প্রদায়কে সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দিত। কিন্তু তাঁর সরকার সকলকে সমান মর্যাদা দেয়। শিখ ও জৈন-সহ সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে সরকার কাজ করবে বলেও জানান তিনি। একই সঙ্গে বারবার মনে করিয়ে দিয়েছেন, তাঁরা সঙ্গে শিখ সম্প্রদায়ের পুরনো সম্পর্কের কথা।