Chor Slogan at Mamata: মমতাকে 'চোর চোর' স্লোগান, প্রধান বিচারপতিকে গিয়ে বলা হল - 'দেখুন কী অবস্থা...'
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে ফেলে 'চোর চোর' স্লোগান ওঠে। পরিস্থিতি এমনই হয় যে মমতাকে সেখান থেকে বের করে নিয়ে যেতে পারেনি পুলিশ। এই আবহে প্রধান বিচারপতির কাছে গিয়ে তৃণমূলের তরফ থেকে বলা হয়, 'দেখুন বাইরে কী অবস্থা, এভাবে বের হওয়া অসম্ভব'।
Chor Slogan at Mamata: আজ ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করতে কলকাতা হাই কোর্টে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানি শেষে তিনি যখন বের হচ্ছেন, তখন হুলস্থুল কাণ্ড বাঁধে আদালত চত্বরে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে ফেলে 'চোর চোর' স্লোগান ওঠে। পরিস্থিতি এমনই হয় যে মমতাকে সেখান থেকে বের করে নিয়ে যেতে পারেনি পুলিশ। এই আবহে প্রধান বিচারপতির কাছে গিয়ে তৃণমূলের তরফ থেকে বলা হয়, 'দেখুন বাইরে কী অবস্থা, এভাবে বের হওয়া অসম্ভব'। এরপরই প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে শান্ত হওয়ার বার্তা দেন। তারপরও হাই কোর্ট চত্বরে বজায় ছিল উত্তেজনা। কোনও রকমে মমতাকে ঘিরে ধরে গাড়িতে ওঠান তৃণমূলের আইনজীবী সেলের সদস্যরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সকাল আইনজীবীদের প্রচলিত কালো কোট ও সাদা ব্যান্ড পরে কলকাতা হাই কোর্টে পৌঁছতে দেখা গিয়েছিল মমতাকে। আজ মামলার শুনানি চলাকালীন তৃণমূল নেত্রীর অভিযোগ, রাজ্য জুড়ে নবদম্পতি থেকে বৃদ্ধদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। মমতার অভিযোগ, এক ১৮ বছর বয়সি সদ্য বিবাহিত তরুণীকে নাকি বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এদিকে মমতার আরও অভিযোগ, তাঁকে বাড়ি থেকে বেরিয়ে থানায় যেতে দেওয়া হচ্ছে না, তাই তিনি অনলাইনে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
মমতার কথায়, সংখ্যালঘু থেকে তপশিলি জাতির ওপর হামলা করা হচ্ছে। মামলাকারী আইনজীবীদের আরও দাবি, রাজ্যে বুলডোজার চলছে। মমতা বলেন, 'এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়। বাংলাকে বাঁচাতে হবে।' আদালতে সওয়াল করা হয় তিলজলা কাণ্ডে বুলডোজার চালানো নিয়ে। এমনকী ভোটের পরে হগ মার্কেটে বুলডোজার চালানোর ঘটনা নিয়েও প্রশ্ন তোলা হয়। এই আবহে আদালতের কাছে আবেদন করা হয়, বেআইনি ভবন ভাঙতে হলেও বুলডোজার চালানোর আগে যাতে আদালতের অনুমতি নিতে হয়।
উল্লেখ্য, এই মামলায় সওয়ালকারী অন্য আইনজীবী হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ভোট-পরবর্তী অশান্তিতে তৃণমূলের একাধিক পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে হাই কোর্টে মামলা দায়ের করেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা সাংসদ কল্যাণের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আদালতে সেই মামলার সওয়াল করতেই আইনজীবীর পোশাকে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। হাই কোর্টে প্রবেশের সময় তাঁকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। আদালত চত্বরে উপস্থিত বহু আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যেও কৌতুহল তৈরি হয়। এর আগে সুপ্রিম কোর্টেও এসআইআর মামলায় নিজের বক্তব্য পেশ করতে আদালতে পৌঁছে গিয়েছিলেন মমতা।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


