'আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মুখ্যমন্ত্রীর', তাসলিমাকে ‘বার বার’ আসার আমন্ত্রণ শুভেন্দুর
‘একবার নয়, আপনি যখনই মনে করবেন, বার বার আসবেন।’ শনিবার রবীন্দ্র সদনের অনুষ্ঠানে এই বার্তাই শুভেন্দু অধিকারী দেন বাংলাদেশি লেখিকা তাসলিমা নাসরিনকে।
কলকাতায় ১৯ বছর পর তাসলিমা নাসরিন। রবীন্দ্র সদনে শনিবার এক কবিতা পাঠের আসরে যোগ দেন বাংলাদেশি এই লেখিকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য়ের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই অনুষ্ঠানেই তাসলিমা নাসরিনকে সংবর্ধনা দিয়ে তাঁকে রাজ্যে ফের আসার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

‘একবার নয়, আপনি যখনই মনে করবেন, বার বার আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারীর।’ শনিবার রবীন্দ্র সদনের অনুষ্ঠানে এই বার্তাই শুভেন্দু অধিকারী দেন বাংলাদেশি লেখিকা তাসলিমা নাসরিনকে। ১৯ বছর আগে তাসলিমার লেখা আত্মজীবনীমূলক রচনা ‘দ্বিখণ্ডিত’ প্রকাশিত হওয়ার পর থেকে এই পশ্চিমবঙ্গের বহু জায়গায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠার ছবি দেখা যায়। বাংলায় তখন বামফ্রন্ট সরকারের আমল। রাজ্যে অশান্তির জেরে সেই সময় নিষিদ্ধ করা হয় ‘দ্বিখণ্ডিত’। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ‘বাধ্য’ হয়ে বাংলা ছাড়তে হয় তসলিমাকে। পরবর্তীতে বামফ্রন্ট সরকারের পতন হলে, তৃণমূল সরকার আসে ক্ষমতায়। তবে ঘাসফুল শিবিরের জমানাতেও বাংলায় এই বাংলাদেশি সাহিত্যিক ফিরতে পারেননি। ফিরলেন ১৯ বছর পর, রাজ্যে শুভেন্দু অধিকারী সরকারের বিজেপির আমলে।
অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, ‘শৃঙ্খলমুক্ত, বাঁধনমুক্ত পশ্চিমবঙ্গ। এখন এখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত। সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সকলের কথা বলার স্বাধীনতা রয়েছে।’ তাসলিমা সম্পর্কে শুভেন্দু এদিন বলেন,‘অত্যন্ত প্রিয় লেখিকা তসলিমা নাসরিন এই বঙ্গভূমিতে এসেছেন। এটার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে, নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক্ স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত।’
এরপরই তাসলিমা বলেন, ‘আমার নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমি সরকার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কৃতজ্ঞ।’ তাসলিমা বলেন, ‘আমি ভারতের নাগরিক নই। তা সত্ত্বেও একজন নির্যাতিত লেখকের নিরাপত্তা ও মতপ্রকাশের অধিকারকে তাঁরা গুরুত্ব দিয়েছেন, এটি আমাকে স্পর্শ করেছে। আমার প্রত্যাশা, এই সরকার শুধু আমার নয়,সব লেখক, শিল্পী, নারী, সংখ্যালঘু ও ভিন্নমতের মানুষের অধিকার রক্ষা করবে।’ সঙ্গে শুভেন্দু সংযোজন করেন, ‘এখানে ধমক চমক, দেখে নেবে, আটকে দেবো—এ সব অতীত হয়ে গিয়েছে। আমি এখানে আমন্ত্রিত নই। তিনি (তসলিমা নাসরিন) আসছেন শুনে আমি তাঁকে স্বাগত জানালাম।’ উল্লেখ্য, বন্দেমাতরমের সার্ধ শতবর্ষে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি তাসলিমার হাতে তুলে দিয়ে আজ শনিবারের অনুষ্ঠানে তাঁকে স্বাগত জানান শুভেন্দু।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


