Snake in Dhupguri School: ক্লাসরুমে সাড়ে চার ফুটের গোখরো! ভয়ে সিঁটিয়ে পড়ুয়ারা, ধূপগুড়ির স্কুলে হুলুস্থূল
Snake in Dhupguri School: বৃহস্পতিবার দুপুরে ধূপগুড়ির বোরাগাড়ি ১নং বিএফপি প্রাথমিক স্কুলে নিয়মিত ক্লাস চলছিল। সেই সময় হঠাৎই বাইরে থেকে একটি গোখরো সাপ শ্রেণিকক্ষের ভেতরে ঢুকে পড়ে।
Snake in Dhupguri School: প্রতিদিনের মতোই স্কুলে পঠনপাঠন চলছিল। শিক্ষক পড়াচ্ছেন, বেঞ্চে বসে শুনছে ছাত্র-ছাত্রীরা। ঠিক সেই সময় হঠাৎই শ্রেণিকক্ষের ভিতর ঢুকে পড়ল একটি বিষধর গোখরো সাপ। প্রায় সাড়ে চার ফুট লম্বা ওই সাপটিকে ঘিরে ধূপগুড়ির (Dhupguri) একটি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘ দু’ঘণ্টারও বেশি সময় ধরে চরম আতঙ্ক ছড়িয়েছে। সাপ দেখে আতঙ্কে চিৎকার করে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যেতে চায় ছাত্রছাত্রীরা। দ্রুত তাদের অন্য শ্রেণিকক্ষে সরিয়ে নিয়ে যান শিক্ষকরা। পরে পরিবেশপ্রেমীদের তৎপরতায় সাপটিকে নিরাপদে উদ্ধার (Rescue) করা সম্ভব হয়।

ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বোড়াগাড়ি বিএফপি ১ প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ধূপগুড়ির বোরাগাড়ি ১নং বিএফপি প্রাথমিক স্কুলে নিয়মিত ক্লাস চলছিল। সেই সময় হঠাৎই বাইরে থেকে একটি গোখরো সাপ শ্রেণিকক্ষের ভেতরে ঢুকে পড়ে। সাপটিকে দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে খুদে পড়ুয়ারা। ভয়ে চিৎকার করতে করতে তারা দ্রুত শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। ছাত্রছাত্রীদের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে যান এবং তৎক্ষণাৎ পড়ুয়াদের ওই শ্রেণিকক্ষ থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে পাশের ঘরে নিয়ে যান।
এদিকে, শ্রেণিকক্ষের এক কোণে কুণ্ডলী পাকিয়ে বসে থাকে সাপটি (Snake)। শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে শিক্ষকরা ওই শ্রেণিকক্ষের দরজায় তালা বন্ধ করে বাইরে থেকে পাহারা দিতে থাকেন। সাপটি কখনও তৃতীয়, আবার কখনও চতুর্থ শ্রেণির ক্লাসরুমে ঘোরাফেরা করায় স্কুলের পঠনপাঠন সম্পূর্ণ ব্যাহত হয়। একই সঙ্গে সাপকে স্কুল থেকে বের করার জন্য খবর দেওয়া হয় ধূপগুড়ির পরিবেশপ্রেমী সংগঠন ডোয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যদের। খবর পেয়েই স্থানীয় দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পৌঁছন পরিবেশপ্রেমী ভজন সাহা। শেষ পর্যন্ত পরিবেশপ্রেমীরা সাপটিকে উদ্ধার করেন। জানা যায়, উদ্ধার হওয়া গোখরো সাপটি প্রায় সাড়ে চার ফুট লম্বা ছিল। সাপটি উদ্ধারের পরই শিক্ষক, পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফেরে। পরবর্তীতে সাপটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তবে ভরদুপুরে স্কুলের ক্লাসরুমে বিষধর সাপ ঢুকে পড়ার এই ঘটনায় অভিভাবক মহলে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি দক্ষিণবঙ্গে স্কুলের ভিতরে সাপের কামড়ে এক পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছিল। এবার উত্তরবঙ্গের স্কুলে বিষধর গোখরো ঢুকে পড়ার ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।
E-Paper

