এখনও বহু আসন ফাঁকা, পূরণের জন্য সরাসরি ভর্তির আবেদন নিচ্ছে কলেজগুলি

অগস্টের ১ তারিখ থেকে নির্ধারিত ক্লাস শুরুর দিনও পিছিয়ে ৭ অগস্ট করা হয়। তবে মামলার জটিলতায় আরও বিলম্ব ঘটে। উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, এ বছরের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের সংখ্যা চার লক্ষের সামান্য বেশি। 

Published on: Oct 15, 2025, 18:14:05 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

রাজ্যের কলেজগুলিতে স্নাতকস্তরের ভর্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনে বাকি আসন পূরণের দায়িত্ব এবার সরাসরি কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দিল উচ্চশিক্ষা দফতর। কেন্দ্রীয় অভিন্ন পোর্টালের মাধ্যমে প্রথম দুই দফার ভর্তির পর যে আসনগুলি খালি রয়েছে, সেগুলিতে ভর্তি হবে ডিসেন্ট্রালাইজড প্রক্রিয়ায়। অর্থাৎ, কলেজ নিজস্ব উদ্যোগে আবেদন গ্রহণ ও ভর্তি সম্পন্ন করতে পারবে। ১২ অক্টোবর থেকেই এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইতিমধ্যেই আশুতোষ কলেজ-সহ শহরের একাধিক কলেজ নিজেদের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এখনও বহু আসন ফাঁকা, পূরণের জন্য সরাসরি ভর্তির আবেদন নিচ্ছে কলেজগুলি
এখনও বহু আসন ফাঁকা, পূরণের জন্য সরাসরি ভর্তির আবেদন নিচ্ছে কলেজগুলি

আরও পড়ুন: কসবা ল' কলেজে ধর্ষণকাণ্ডে জামিন একজনের, গুরুতর অভিযোগ করেছিল পুলিশ

আশুতোষ কলেজের মোট ৩,৩৩০টি স্নাতক আসনের মধ্যে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হয়েছে প্রায় ১,৪০০ জন। কলেজের অধ্যক্ষ মানস কবি জানিয়েছেন, প্রথাগত সাধারণ ডিগ্রি কোর্সে আগ্রহ ক্রমশ কমছে কয়েক বছর ধরে। এখন ছাত্রছাত্রীরা পেশাদার কোর্সের দিকে বেশি ঝুঁকছে, সে কারণেই অনেক আসন খালি থাকছে। শুধু আশুতোষ নয়, অন্যান্য বহু কলেজেও একই ছবি। পোর্টালে অপেক্ষাকৃত কম সাড়া মিলেছে নির্দিষ্ট বিভাগগুলিতে। এই বছর প্রথমবারের মতো রাজ্যজুড়ে অভিন্ন পোর্টাল চালু হয়েছিল জুন মাসে। প্রথম দফায় ১৮ জুন থেকে শুরু হয় নাম নথিভুক্তি। এরপর দুই ধাপের কাউন্সেলিং মিলিয়ে মোট ৪ লক্ষ ২১ হাজারেরও বেশি আবেদন জমা পড়ে। যদিও গত বছরের তুলনায় কিছুটা কম।

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতার কারণে ভর্তি ও ক্লাস শুরুর দিন পেছাতে হয়েছে বহুবার। অগস্টের ১ তারিখ থেকে নির্ধারিত ক্লাস শুরুর দিনও পিছিয়ে ৭ অগস্ট করা হয়। তবে মামলার জটিলতায় আরও বিলম্ব ঘটে। উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, এ বছরের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের সংখ্যা চার লক্ষের সামান্য বেশি। এর উল্লেখযোগ্য অংশ ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল বা পলিটেকনিকের মতো পেশাদার পাঠ্যক্রমে ঝুঁকছেন। তাই সবার গন্তব্য সাধারণ ডিগ্রি কোর্স নয়। উপরন্তু উত্তরবঙ্গের বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সেখানকার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে ভর্তির সময়সীমা বাড়ানোর কথাও বিবেচনায় রয়েছে। এই অবস্থায়, কলেজগুলির নিজস্ব উদ্যোগে ভর্তি চালু হওয়ায় এখন নজর সেদিকে।