Congress Leader on Mamata: রাজ্যসভার টিকিটের লোভ? মণিশঙ্করের মমতাস্তুতিতে বেজায় খাপ্পা বঙ্গ কংগ্রেস
রবিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আইয়ার বলেন, ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া উচিত রাহুল গান্ধীর। যদিও তাঁর এই মন্তব্যের থেকে দূরত্ব বজায় রেখেছে কংগ্রেস।
প্রবীণ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার আবারও প্রশ্ন তুললেন রাহুল গান্ধীকে নিয়ে। বিরোধী জোটের নেতৃত্ব অন্য নেতার হাতে তুলে দেওয়ার জন্য রাহুল গান্ধীকে পরামর্শ দিয়েছেন তিনি। এর জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সুপারিশ করেছেন তিনি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় আইয়ার বলেন, ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া উচিত রাহুল গান্ধীর। যদিও তাঁর এই মন্তব্যের থেকে দূরত্ব বজায় রেখেছে কংগ্রেস।

মণিশঙ্কর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই এই জোটের নেত্রী। তাঁর সঙ্গে আরও দুই-চারজন আছেন, যারা এই পদ পেতে পারেন। তিনি বলেন, 'আমি আশা করি পদে টিকে থাকার চেষ্টা না করে ছোট দলের নেতাদের এই দায়িত্ব সামলাতে দেওয়া উচিত রাহুল গান্ধীর... সে স্ট্যালিন হোক, মমতা দিদি হোক, অখিলেশ হোক, তেজস্বী হোক বা অন্য কেউ।' এদিকে মণিশঙ্করের এই মন্তব্যের পরে পশ্চিমবঙ্গ কংগ্রেসের সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরী বলেন, 'আমরা শুরু থেকেই একটি জিনিস পরিষ্কার করে বলতে চাই যে মণিশঙ্কর আইয়ার দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। বাংলায় ৫টি রাজ্যসভার আসন রয়েছে। এই কারণেই কি মণিশঙ্করের এই সব বক্তব্য? আমরা বিস্মিত। মণিশঙ্করজি, আপনি কি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পর্দার আড়াল থেকে বিজেপির পুতুলের মতো কাজ করছেন। আর এর বিরুদ্ধেই ইন্ডিয়া জোট লড়াই করছে।' উল্লেখ্য, কেন্দ্রীয় স্তরে কংগ্রেস এবং তৃণমূল জোটে থাকলেও রাজ্যস্তরে মমতার বিরোধিতায় সরব বঙ্গ কংগ্রেসের নেতারা। এবারের বিধানসভা নির্বাচনেও তারা একা লড়বেন। এই আবহে মণিশঙ্করের মমতাস্তুতিতে স্বভাবতই অস্বস্তিতে বঙ্গ কংগ্রেস।
এর আগে মণিশঙ্কর আইয়ার বলেছিলেন, তিনি একজন 'গান্ধীবাদী', 'নেহরুবাদী' এবং 'রাজীববাদী' কিন্তু 'রাহুলওয়াদি' নন, কারণ রাহুল গান্ধী তাঁর থেকে অনেক ছোট এবং রাজনৈতিক জীবনে তাঁর থেকে অনেক দূরে। আইয়ার বলেছিলেন যে তিনি নিজেকে 'ইন্দিরাবাদী' বলে অভিহিত করেন না কারণ- জরুরি অবস্থা জারি করে ভারতের গণতন্ত্রকে একনায়কতন্ত্রে পরিণত করার যে পদক্ষেপ ইন্দিরা গান্ধী গ্রহণ করেছিলেন, তার সাথে তিনি 'সম্পূর্ণ দ্বিমত' ছিলেন। এদিকে রাহুল গান্ধী সম্পর্কে তাঁর সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আইয়ার পিটিআইকে বলেছিলেন, 'কেউ কীভাবে আশা করতে পারে যে আমি একজন 'রাহুলিয়ান' (রাহুলবাদী) হব... যেখান তিনি আমার চেয়ে প্রায় ৩০ বছরের ছোট এবং আমি তাঁর সাথে কাজ করার সুযোগ পাইনি।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


