CPIM: সন্তান হারানোর শোক থেকে ভোটের ময়দানে, সেই তামান্নার মায়ের বিরুদ্ধে ক্ষোভ বাম কর্মীদেরই, ভাঙচুর পার্টি অফিসে

বামকর্মীদের বক্তব্য, দলে কোনও অবদান না থাকা সত্ত্বেও কীভাবে সাবিনাকে টিকিট দিল দল। যদিও দলের শীর্ষ নেতৃত্ব তামান্নার মৃত্যুর আবেগকে কাজে লাগাতে সাবিনাকে প্রার্থী করেছেন বলে মত অনেক বিশ্লেষকদের। এদিকে মেয়ের মৃত্যুর সুবিচারের জন্য লড়াই চালাতে চান সাবিনা। এই আবহে ভোটের ময়দানে নামতেও তিনি রাজি।

Published on: Mar 17, 2026, 14:07:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সন্তান হারানোর শোক থেকে ভোটের ময়দানে তামান্নার মা সাবিনা ইয়াসিমন। সাবিনাকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে সিপিএম। এদিকে এই নিয়েই দলে ক্ষোভ। ক্ষোভের জেরে কালীগঞ্জে দলীয় কার্যালয়ে তাণ্ডব চালালেন কর্মীরা। বিক্ষুব্ধ বামকর্মীদের বক্তব্য, দলে কোনও অবদান না থাকা সত্ত্বেও কীভাবে সাবিনাকে টিকিট দিল দল। যদিও দলের শীর্ষ নেতৃত্ব তামান্নার মৃত্যুর আবেগকে কাজে লাগাতে সাবিনাকে প্রার্থী করেছেন বলে মত অনেক বিশ্লেষকদের। এদিকে মেয়ের মৃত্যুর সুবিচারের জন্য লড়াই চালাতে চান সাবিনা। এই আবহে ভোটের ময়দানে নামতেও তিনি রাজি।

কালীগঞ্জে দলীয় কার্যালয়ে তাণ্ডব চালালেন কর্মীরা
কালীগঞ্জে দলীয় কার্যালয়ে তাণ্ডব চালালেন কর্মীরা

এই আবহে মঙ্গলবার সকালে পলাশির এরিয়া দলীয় কার্যালয়ে ভাঙচুর চলে। এই তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে দলেরই একাংশের বিরুদ্ধে। ক্ষুব্ধ কর্মীরা কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল উল্টে দেন, ভাঙচুর করা হয় কিছু আসবাবপত্রের। কর্মীদের দাবি, অবিলম্বে প্রার্থী পরিবর্তন করতে হবে। ইয়াসমিনের বিরুদ্ধে তাদের অভিযোগ, সাধারণ সদস্য হিসেবেও সক্রিয় নন তিনি। কোনওদিন দলকে নেতৃত্ব দেননি এলাকায়।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ জুন নদিয়া কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয়োৎসব থেকে ছোড়া বোমায় মারা যায় নাবালিকা তামান্না খাতুন। অভিযোগ ছিল, টার্গেট করে সিপিএম সমর্থকদের বাড়ির দিকেই ছোড়া হয় বোমা। এর জেরে প্রাণ হারাতে হয় ৯ বছরের ছোট্ট নিষ্পাপ তামান্নাকে। সেই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তামান্নার মা। আর তার জেরেই আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলেন তিনি। আর এবার তিনি ভোট ময়দানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে নামছেন।

প্রসঙ্গত, উপনির্বাচনে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ জয়ী হন। আর তাই বিজয় উদযাপনের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেই সময়ই ঘটে যায় এক ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হয় ছোট্ট তামান্না খাতুনের। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়। আদালতে চলছে এই সংক্রান্ত মামলা। তবে পরিবারের দাবি, মোট ২৪ জন অভিযুক্ত, কিন্তু অনেকেই এখনও ধরা পড়েনি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More